নেতা-কর্মীদের সঙ্গে মহাব্যস্ততায় কাটে রাজনীতিবিদদের ঈদ। তাঁদেরও রয়েছে ছোটবেলার ঈদের মজার স্মৃতি। কেমন ছিল সেই দিনগুলো। জানাচ্ছেন একরামুল হক ও সুজন ঘোষ
বাবার হাত ধরে মিরসরাইয়ের যে ময়দানে ঈদের নামাজ পড়তে যেতাম, এখন নিজের ছেলে ও নাতিদের নিয়ে সেই ময়দানে যাই। ঈদ উৎসবে এই জায়গায় কোনো পরিবর্তন হয়নি। আর সবকিছু পাল্টে গেছে। ছোটবেলায় ঈদের আনন্দ শুরু হতো নতুন পোশাক কেনা দিয়ে। শহর থেকে বাড়িতে গিয়ে দু-তিন দিন কাটাতাম। তখন ঢেঁকি দিয়ে চালের গুঁড়া করা হতো। চালের গুঁড়া দিয়ে হাতের তৈরি সেমাই ও চুটকি পিঠার স্বাদ ছিল দারুণ। নারকেলের চিড়াও তৈরি করে রাখা হতো। আত্মীয়স্বজনদের বাড়িতে গেলে খেতে দেওয়া হতো ডাবের পানি ও ফলমূল। এ ছাড়া নানা পদের পিঠা-পায়েসও থাকত। খুব আনন্দের দিন ছিল। এখন গ্রামে সেই সেমাই, চুটকি পিঠা, ডাবের পানি ও ফলমূল পাওয়া যায় না। এর পরিবর্তে কোমল পানীয় ও বিস্কুট খেতে দেওয়া হয়। আমি কিন্তু এসব খাবারে অভ্যস্ত নই। পুরোনো দিনের খাবার খোঁজার চেষ্টা করি।
এখন ঈদের আগের দিন থেকে পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটাই। তাঁদের খোঁজখবর নিই। রাজনীতিবিদ হওয়ার পর পরিবারের পরিধি অনেক বড় হয়েছে। তাঁদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।