হাতে ভালোবাসার ছোঁয়া
ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসব। বিশেষ দিনটিতে এ কথাটি যতবারই বলা হোক না কেন, কমই মনে হয়। ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দেওয়ার ইচ্ছাটা সবার মনেই আসে। আর কিছু না হোক, ফুল তো দিতেই হবে। মনের কথা প্রকাশ করার এ যেন এক অন্যতম উপায়। ফুলের রঙের মাঝ দিয়েই মনের রং যেন ধরা পড়ে প্রিয় মানুষের চোখে। এবারের ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুলটি দিতে পারেন একটু ভিন্ন স্টাইলে। এক গোছা ফুল দিয়েই সাধারণত ভালোবাসার কথাটি জানানো হয়। এবারও ফুল দিলেন, কিন্তু একটু অন্যভাবে। ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন ব্রেসলেট। একেবারে নিয়ে হাতেই পরিয়ে দিলেন। জানিয়ে দিলেন ভালোবাসার কথাটি। এক গোছা ফুল হাতে নিয়ে সারা দিন ঘুরে বেড়ানোও তো ঝামেলা। তার বদলে হাতে একটা সরু ব্রেসলেট মন্দ নয়। শুধু ভালোবাসার মানুষ কেন, বন্ধুরাও সবাই মিলে একই ধরনের ব্রেসলেট পরে ঘুরতে পারেন সারা দিন।বাজারে এখন অনেক ধরনের ফুল দেখা যায়। আকারে একটু ছোট এবং হাতের ওপর বসে থাকবে ভালো করে, এমন ফুল নেওয়াই ভালো। চন্দ্রমল্লিকা, জারবারা, পমপম, ক্যালেনডুলা এ ক্ষেত্রে চমৎকার মানাবে। স্নিগ্ধতা আনবে অর্কিড দিয়ে তৈরি করা ব্রেসলেট। গোলাপও ব্যবহার করতে পারেন। তবে তা একটু ছোট আকারের হলে দেখতে ভালো লাগবে।বিশেষ দিনের সাজে এই ব্রেসলেটটি আনতে পারে অনন্য ছোঁয়া। তবে পরতে হবে একটু স্মার্টভাবে। দু-তিনটি ফুল দিয়ে বানালেই সুন্দর লাগবে। শুধু একটি গয়নাই পরুন। হাতে পরলে অন্য কোথাও আর দরকার নেই। ফুলের সঙ্গে চাইলে পুঁতিও যোগ করতে পারেন।