হাতেই বানাই কানের দুল

ফাল্গুনের সাজে কানের দুল থাকবেই। এই গয়না নিজেই বানিয়ে নিতে পারেন। দুলে থাকুক বসন্তের মিষ্টি বাতাসের রঙিন ছোঁয়া। বানিয়েছেন হ্যাপি খান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেভাবে বানাবেন

১. ছোট আকারের চুড়ির মাপে গোল করে কার্ডবোর্ড কেটে নিতে হবে। ছোট বোতলের মুখের আকারে আরও একটি কার্ডবোর্ড গোল করে কেটে নিন।

২. পছন্দমতো যেকোনো গামছা বা সুতির ছাপা কাপড় বড় গোলাকার কার্ডবোর্ডের আকারে কেটে নিন। আঠা দিয়ে কার্ডবোর্ডে লাগিয়ে দিন।

৩. ছোট কার্ডবোর্ডের ওপর একরঙা কাপড় আঠা দিয়ে লাগিয়ে নিন। তারপর গোলাকার কার্ডবোর্ডটির মাঝখানে ছোটটি আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে।

৪. ছোট অংশের চারপাশে পাটের দড়ি আঠার সাহায্যে লাগিয়ে দিন। ছোট অংশটির ওপর একটি তলার চুমকি আঠার সাহায্যে লাগিয়ে দিন।

৫. ছিদ্র করা তিনটি ছোট কড়ি বড় অংশের নিচের দিকে সুই-সুতা দিয়ে লাগিয়ে দিন।

৬. আংটাটি সেলাই করে লাগিয়ে দিন দুলের সঙ্গে। তারপর একটি সুতার বল আংটার ওপর দিয়ে ঢুকিয়ে দিন। সুই-সুতার সাহায্যে গোল অংশের সঙ্গে আটকে দিন।

৭. শেষ ধাপে পেছনের অংশে গোল কার্ডবোর্ডটির মাপে কাপড় কেটে আঠার সাহায্যে লাগিয়ে দিন।

৮. ব্যাস তৈরি হয়ে গেল হাতে তৈরি দুল।