হাতেকলমে কৃষিশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা প্রজাতির আম, লটকন, কাঁঠাল, লেবু, কতবেল ও পেয়ারার পরিচিতি তুলে ধরা হয়েছে একটি স্টলে। আরেকটি স্টলে দেখা গেল মৌ চাষের নানা উপকরণ। ধান চাষ থেকে শুরু করে গবাদি পশুপালন নিয়েও হয়েছে আলাদা আলাদা স্টল। দর্শকদেরও উৎসাহের কমতি ছিল না। কৃষি-সংক্রান্ত নানা তথ্য জানতে তাঁরা ভিড় জমিয়েছেন স্টলগুলোতে। 
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি ও ফলদ বৃক্ষের মেলা শেষ হয় ১১ জুলাই।
মেলায় ২৭টি স্টলে বিভিন্ন কৃষিপণ্যের চাষপদ্ধতি ও ফলের প্রদর্শনী করা হয়। উপজেলার বিভিন্ন পাড়া উন্নয়ন কমিটি ও কৃষি বিভাগ এতে অংশ নেয়।
৮ জুলাই মেলা উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। মেলায় আগত দর্শনার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারাও বিতরণ করা হয়।
মেলায় মৌ চাষের স্টল দিয়েছিল কুমিল্লা টিলাপাড়া উন্নয়ন কমিটি। এই স্টলে কাঠের মৌচাক ও মৌ চাষের উপকরণ প্রদর্শন করা হয়। কেবল মৌ চাষ! হাঁস, মুরগি ও গবাদিপশু পালন-সংক্রন্ত তথ্য নিয়েও কয়েকটি স্টল দেখা গেছে। তবে ব্যতিক্রমী স্টল দিয়েছিল বৈদ্যপাড়া গ্রাম উন্নয়ন কমিটি। বিভিন্ন ফসল ও ফলের গাছের রোগবালাই-সংক্রান্ত তথ্য নিয়ে মেলায় হাজির হয়েছে তারা।
আক্রান্ত গাছের নমুনা দেখিয়ে রোগের লক্ষণও চিনিয়েছে। রোগ দমনের নানা পরামর্শও দিয়েছে দর্শকদের।
মেলায় আসা উপজেলার রাজেন্দ্র কারবারিপাড়ার সীমা ত্রিপুরা জানান, ‘অনেক স্টল ঘুরেছি। কিন্তু বৈদ্যপাড়া মনে হচ্ছে অন্য রকম। আমরা নারীরা বসতবাড়ির আঙিনাসহ বিভিন্ন স্থানে শাকসবজির গাছ লাগাই। সেগুলোতে সব সময় রোগবালাই আক্রমণ করে। এত দিন রোগের নাম ও প্রতিকার সম্পর্কে জানতাম না। এখানে এসে ভালো ধারণা পেয়েছি।’
বৈদ্যপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রাহুল চাকমা বলেন, ‘আমরা চেষ্টা করেছি রোগবালাইয়ের পরিচিতি ও প্রতিকার মানুষের সামনে তুলে ধরতে। মানুষকে বোঝাতে পেরে আমরাও খুব আনন্দিত।’