
জামদানি পছন্দ নয়, এমন নারী খুঁজে পাওয়া যাবে কি না, সন্দেহ! যেকোনো উৎসব-পার্বণের সঙ্গে সহজে মানিয়ে যায় ঐতিহ্যের জামদানি শাড়ি। এর আবেদনও চিরন্তন। তবে জামদানি কিনতে গিয়ে অনেকেই মান নিয়ে সন্দিহান থাকেন। যঁারা নিশ্চিন্তে নারায়ণগঞ্জের জামদানি কিনতে চান, তাঁদের জন্য নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে সাত দিনব্যাপী জামদানি শাড়ির প্রদর্শনী ও বিক্রি উৎসব।
চট্টগ্রামে জামদানি শাড়ির প্রসার ঘটাতে মেলাটির আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। গত সোমবার বিকেলে শুরু হওয়া মেলা চলবে ১২ জুন পর্যন্ত। নারায়ণগঞ্জের ২০টি জামদানি তৈরির কারখানা এই মেলায় অংশ নিয়েছে।
নারায়ণগঞ্জ বিসিক জামদানিশিল্প নগরে অবস্থিত রিপন জামদানি হাউস। তিন পুরুষ ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত তারা। জামদানি শাড়ির পসরা নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে পা রেখেছে প্রতিষ্ঠানটি। এর স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের জামদানিতে কোনো ভেজাল নেই। নিশ্চিন্তে ক্রেতারা কিনতে পারেন।’
মেলার আয়োজক প্রতিষ্ঠান বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মেজবাহুর রহমান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের মতো ভালো মানের জামদানি পৃথিবীর আর কোথাও তৈরি সম্ভব না। জামদানিশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার নারায়ণগঞ্জে জামদানিশিল্প নগর গড়ে তুলেছে। এখানকার জামদানিশিল্পীদের বিসিকের নকশাকেন্দ্র থেকে নকশা সরবরাহ করা হয়। ফলে বিসিকের জামদানির নকশা অন্যদের চেয়ে অনন্য। যে কেউ নিশ্চিন্তে মেলায় এসে শাড়ি কিনতে পারেন।
মেলায় অংশগ্রহণকারীরা জানান, মেলায় সর্বনিম্ন ১ হাজার ৫০০ থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের জামদানি শাড়ি আনা হয়েছে। জামদানি শাড়ির দাম নির্ভর করে সুতার মান ও কাজের ওপর। প্রতিটি শাড়িই তাঁতে তৈরি করতে হয়। একটি জামদানি তৈরি করতে দুজন তাঁতির কমপক্ষে সাত দিন সময় লাগে।
শাহিনা জামদানি উইভিং ফ্যাক্টরি এবারের মেলায় সবচেয়ে দামি জামদানি শাড়ি নিয়ে এসেছে। হালকা গোলাপি রঙের জমিনের ওপর সোনালি সুতায় তৈরি এ শাড়ির দাম ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার মো. সজীব দাবি করেন, এই ধরনের বেশ কয়েকটি শাড়ি ঢাকায় বিক্রি হয়েছে। এই শাড়িটি তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে। খুব মিহি ও দামি সুতায় তৈরি করায় স্বাভাবিকভাবেই শাড়িটির খরচ বেশি পড়েছে। মেলায় শাড়ি কিনতে আসেন অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিক নীলা বোস। তিনি বলেন, ‘জামদানি শাড়ি খুব পছন্দ করি। মেলায় সুন্দর সব শাড়ি দেখতে পাচ্ছি। কেনার ইচ্ছে আছে।’