হাতের কাছেই ছবির জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুপর্ণ ঘোষের আকস্মিক মৃত্যুর খবর শুনে প্রথমেই মনে প্রশ্ন জাগল, ওঁর কোন ছবিটা দেখিনি এখনো? সে সঙ্গে মনে পড়ল ঋতুপর্ণের আবহমান দেখে আমাদের যূথবদ্ধ বিস্ময়ের কথা। কোনো চলচ্চিত্র দেখার পর বন্ধুরা সে ছবির নানা দিক নিয়ে তর্ক করি, কিন্তু আবহমান নিয়ে তর্কের চেয়ে মুগ্ধতা ছিল বেশি। দ্য লাস্ট লিয়র আর চিত্রাঙ্গদা ছবি দুটো এখনো দেখা হয়নি, সেটাও ঋতুপর্ণ পরিচালিত ছবির মুখস্থ তালিকা থেকে বের করা গেল অনায়াসে। অতএব, মুহূর্তের ভাবনায় গন্তব্য পরিবর্তন। ঢাকার আসাদগেট থেকে সংসদ ভবনের পথে বাঁ দিকে বাঁক না নিয়ে কিছুটা সোজা পথ ধরে গেলেই রাপা প্লাজা। তারই নিচতলায় ডিভিডির দোকানটিতে খোঁজ লাগাতেই না-দেখা ছবি দুটো মিলে গেল। এখন সময় করে দেখার অপেক্ষা। কত সহজ হয়ে গেছে সবকিছু! সেই আশির দশকে ভালো বিদেশি ছবি দেখার জন্য ঢাকা শহরে বেড়ে ওঠা তরুণদের জন্য বিভিন্ন ফিল্ম সোসাইটিই ছিল ভরসা। মার্কিন বাইসেন্টিনিয়ান হল, রুশ সংস্কৃতি কেন্দ্র, গ্যেটে ইনস্টিটিউট, আলিয়ঁস ফ্রঁসেজ ও ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ঘুরেফিরে যাওয়া আর ভালো ছবির আস্বাদ নেওয়া! আইজেনস্টাইনের ব্যাটেলশিপ পটেমকিন দেখার একমাত্র সুযোগ ছিল রুশ সংস্কৃতি কেন্দ্রে। তেমনি বাড়ির পাশের সত্যজিৎ রায়ের চারুলতা দেখার জন্যও ভারতীয় সংস্কৃতি কেন্দ্রের বিকল্প ছিল না। আর এখন! ল্যাপটপ খুলে যেকোনো পরিচালক বা শিল্পীর নাম লিখে অনুসন্ধান করলেই হলো। একগাদা তথ্য চলে আসবে হাতের মুঠোয়। এবার পছন্দের চলচ্চিত্রগুলো টুকে বসুন্ধরা সিটি, রাইফেলস স্কয়ার অথবা আইডিবি ভবনে চলে গেলেই হবে। গোল একটি চাকতি হাতে পেলেই মুশকিল আসান। ডিভিডি ড্রাইভে সেটাকে ঢুকিয়ে দিলেই তিন ঘণ্টার বিনোদন হাতের মুঠোয়।চলচ্চিত্র দেখা যাঁদের অভ্যাস, তাঁদের এখন পোয়াবারো। বড় দোকানে একটা বার্গার খেতে খরচ হয় অন্তত ২০০ টাকা। অথচ এর সঙ্গে আর দশ টাকা যোগ করলেই তিন-তিনটি ভালো ছবির ডিভিডি কিনতে পাওয়া যায়। যাঁরা প্রতি মাসেই দুটি-চারটি করে ডিভিডি কিনছেন, একটা সময় তাঁদের সংগ্রহটাও হয়ে ওঠে দেখার মতো। ডিভিডিগুলোর দিকে চোখ বোলাতে গিয়ে হয়তো তিনি ভাবতে পারেন, আরে! এখন তো চাইলেই এত ডিভিডির ভিড়ে যে ছবিটি দেখতে চাইছি, সেটা খুঁজে পাওয়া যাবে না! তাহলে বিষয়ভিত্তিক ছবিগুলো এখন আলাদা আলাদা সাজিয়ে রাখা দরকার। কতভাবেই তো এ কাজটা করা যায়। হতে পারে পুরোনো ছবিগুলোর জন্য একটি ক্যাটাগরি। হতে পারে অস্কার বা কানজয়ী ছবিগুলোর সংকলন। এভাবেই ইরানি, কোরিয়ান, জাপানি ইত্যাদি ছবির আলাদা ক্যাটাগরি হলেও ক্ষতি নেই। আবার ভৌতিক, ভয়, অভিযান, গোয়েন্দা, ধ্রুপদি, মেলোড্রামা—এভাবেও ভাগ করে রাখা যায়। অর্থাৎ যখন যে ধারার ছবি দেখতে চাইবে মন, তক্ষুনি যেন সেটা খুঁজে পাওয়া যায় নিজের তৈরি চলচ্চিত্র লাইব্রেরিতে। আমার চেনা এক ক্লাস সেভেন পড়ুয়া ছেলে এরই মধ্যে এ রকম একটি লাইব্রেরি তৈরি করে ফেলেছে। সেই সঙ্গে নিজের তৈরি ব্লগে দেখে ফেলা ছবিগুলো নিয়ে নিজের লেখা রিভিউও পোস্ট করেছে। ওর দেখাদেখি ওর ক্লাসের আরও কয়েকজন শিক্ষার্থী এখন অন্তর্জালে লাইব্রেরি গড়া শুরু করেছে। অবসর তো এখন সোনার হরিণ, কিন্তু কোনোভাবে যদি কাজের চাপ এড়িয়ে একটু অবসর বের করা যায়, তাহলে কেন তা হেলায় হারাবেন? চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থাকলে শখ মিটিয়ে সময়টা কাজে লাগান। বেশি কিছু তো নয়, হাতের কাছে একটা ভালো ডিভিডি থাকলেই হলো। ওটাই আপনার অবসরকে করে তুলবে আনন্দ ও বৈচিত্র্যময়। অল্পই তো কটা বছরের ব্যবধান! অথচ কীভাবেই না পাল্টে গেল সবকিছু। এখন চাইলেই হাতের কাছে চলে আসবে যেকোনো চলচ্চিত্রের সিডি। চাইলেই তৈরি করা যাবে সামর্থ্যমতো বড় সিনেমা লাইব্রেরি বা আর্কাইভ! ইচ্ছে হলেই ভালো কোনো ছবি দেখে ফেলা এখন আর কোনো ব্যাপারই নয়। নিজের লাইব্রেরি থেকেই খুঁজে নিন পছন্দের ছবিটি। তারপর ‘প্লে’ বাটনটি চাপ দিলেই অন্য একটি জগতের হাতছানি!