হাতের কাছেই সবকিছু
ঈদের দিন রান্নাঘরে হাজারটা কাজ। মাংস কাটা-বাছা তো আছেই। আবার এই পেঁয়াজ কাটা, এই সালাদ বানানো কত কিছু। রসুইঘরে তাই সবকিছু রাখা চাই হাতের কাছে। ঈদের দিনের জন্য রান্নাঘর কীভাবে গুছিয়ে রাখতে হবে, তা জানালেন ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি সাইদা ফজিলাতুন নাজ । হেঁশেল বড় কিংবা ছোট যেমনই হোক না কেন, চুলা এবং ওভেনের পাশে এমন জায়গা রাখতে হবে, যেখানে অনায়াসেই গরম পাত্রটা নামিয়ে রাখা যায়।তাৎক্ষণিক ব্যবহারের জন্য ব্লেন্ডার, ফুড প্রসেসর—এসব যন্ত্র কেবিনেট থেকে বের করে রাখতে পারেন। চুলার ডান পাশেই ছুরি, চামচ এবং চপিং বোর্ড রাখলে কাজ করতে সুবিধা হয়। মাপার যন্ত্রটাও হাতের কাছে রাখাই ভালো। চুলার নিচের অংশটা ফাঁকা রাখা উচিত। সিঙ্ক এমন জায়গায় থাকবে, যেখানে পর্যাপ্ত আলো পায়। এতে সিঙ্কের পাশে রাখা র্যাকে থালাবাসন ধুয়ে ঝুলিয়ে দিলে দ্রুত শুকিয়ে যায়। সিঙ্কের চারপাশের পানি বারবার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, যাতে স্যাঁতসেঁতে ভাব না হয়। কেবিনেটের সামনের দিকে রাখতে হবে বেশি দরকারি মসলার পাত্রগুলো। যাতে চাইলেই কেবিনেট খুলে প্রয়োজনীয় জিনিস নেওয়া যায়। রান্নাঘরের মেঝেতেই সাধারণত মাংস কাটার কাজটা হয়। মাংস কাটার আগে মেঝে ভালোভাবে পরিষ্কার করে তবেই কাটাকাটি করতে হবে। আবার কাজ শেষে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে ডেটল দিয়ে মুছে ফেলা উচিত।