হাতের ছাপেই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম কার্ড দিয়ে টাকা তুলবেন বলে বাসা থেকে বের হয়েছেন। কিন্তু বুথের সামনে এসে হঠাৎ আপনার খেয়াল হলো, এটিএম কার্ডটি ভুল করে বাসায় ফেলে এসেছেন। এখন থেকে এ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। এমনকি কার্ড চুরি হওয়া কিংবা প্রয়োজনের মুহূর্তে সঙ্গে না থাকা—এমন বিড়ম্বনারও দিন শেষ! শুধু হাতের ছাপ দিয়েই বুথ থেকে ইচ্ছামতো নগদ টাকা তোলা যাবে। জাপানের গিফুতে আঞ্চলিক ব্যাংক ওজাকি কাইরিতসু বিশ্বে প্রথমবারের মতো এটিএম বুথে শুধু হাতের ছাপ পরীক্ষা করে (স্ক্যান) গ্রাহকদের নগদ টাকা তোলার সেবা চালু করেছে। গত বুধবার থেকে ব্যাংকটির নির্দিষ্ট কিছু বুথ এই সেবা দিচ্ছে। হাতের ছাপ দিয়েই টাকা জমা, উত্তোলন ও জমার হিসাব (ব্যালেন্স অনুসন্ধান) জানার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। তবে হাতের ছাপের সঙ্গে গ্রাহকের জন্মতারিখ ও একটি গোপন পিন নম্বর স্বয়ংক্রিয় টেলার মেশিনের (টাকা তোলার যন্ত্র) নির্দেশনা অনুযায়ী উল্লেখ করতে হয়।হাতের ছাপ ব্যবহার করে টাকা তোলার আগে গ্রাহকদের আলাদাভাবে নিবন্ধন করতে হয়েছে। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, বড় কোনো দুর্যোগের পর যদি কোনো গ্রাহক তাঁর এটিএম কার্ডসহ ব্যাংকের যাবতীয় নথি হারিয়ে ফেলেন, তাহলে ওই গ্রাহক হাতের ছাপ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে টাকা তুলতে পারবেন। এমনকি দুর্যোগ-পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে ভ্রাম্যমাণ বুথও পরিচালনা করবে ওজাকি কাইরিতসু ব্যাংক।উদ্বোধনের এক দিন পর গতকাল বৃহস্পতিবারই বিশেষ এই সেবা গিফু এলাকার পাশাপাশি, এইচি, মিয়ে ও শিগা এলাকার ১৮টি এটিএম বুথে চালু করেছে ব্যাংকটি। এনডিটিভি।