হাতের নাগালে পড়াশোনার খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনের তুলনায় বর্তমানে অবিভাবকেরা তাঁদের সন্তানের নিয়মিত স্কুলে পাঠানোর ব্যাপারে অনেক সচেতন। তাঁরা সব সময়ই সচেষ্ট থাকেন যেন তাঁদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, লেখাপড়ায় ভালো ফলাফল করে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে। কিন্তু লেখাপড়ার বিষয়ে সব শিক্ষার্থী সমান মনোযোগী নয়। আবার অনেকেই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না, পরীক্ষায় অংশ নেওয়া ও ভালো ফলাফলের ব্যাপারেও ব্যাপক অনীহা থাকে। ফলে ধীরে ধীরে তারা শিক্ষার পথ থেকে দূরে চলে যেতে থাকে। কিন্তু অভিভাবকেরা সন্তানের এই অবস্থার কথা জানতে পারে যখন তাদের ফলাফল খারাপ হয়ে যায়। আর এই সমস্যার সমাধানের কথা চিন্তা করেই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের কার্যকর যোগাযোগ স্থাপন করে দিয়ে শিক্ষার মান বাড়াতে চেষ্টা করছে এডুস্মার্ট নামে একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তির সুবিধার ওপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি একটি কার্যকর সমাধান তৈরির লক্ষ্যে কাজ করছে। মূলত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে কাজ শুরু করা হয় এবং এর সঙ্গে যুক্ত থাকেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।এডুস্মার্ট আসলে একটি তথ্যপ্রযুক্তি সমাধান। এডুস্মার্টের ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান এহসান সারওয়ার চৌধুরী জানান, এটি শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি অথবা দেরিতে ক্লাসে আসা, পরীক্ষার ফলাফল ও অগ্রগতির খবর নির্দিষ্ট অভিভাবকদের জানিয়ে দেয়। শুধু নির্দিষ্ট একটি পরীক্ষার ফলাফলই নয়, শিক্ষার্থীর সার্বিক মূল্যায়ন যেমন উপস্থিতি, ফলাফলের ধারাবাহিকতা, নিয়মানুবর্তিতা, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা যায় এডুস্মার্ট সফটওয়্যার ব্যবহার করে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক বা কর্মচারীদের জন্য প্রযোজ্য জরুরি নোটিশ একইভাবে পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। এই তথ্যগুলো সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয় মুঠেফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে। একই সঙ্গে প্রতি মাসে পাঠানো সব তথ্য সংকলন করে ডাকযোগে পাঠানোরও ব্যবস্থা আছে এখানে। সঙ্গে সঙ্গে সবার জন্য প্রযোজ্য তথ্যগুলো প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হালনাগাদ করা হয়। এমন আরও বেশকিছু সেবা প্রদান করে এই প্রতিষ্ঠানটি। যেমন শুধু যে তথ্য পাঠানো বা হালনাগাদ করার মতো কাজের পাশাপাশি ইন্টারনেট, মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ভর্তি ফরম ও ভর্তি পরীক্ষার ফি জমা নেওয়াসহ বিভিন্ন ফি জমা দেওয়ার পদ্ধতিও রয়েছে এখানে।এডুস্মার্টের সেবা ব্যবহার করা যাবে বিভিন্ন পদ্ধতিতে। এর মধ্যে রয়েছে ই-মেইল, ওয়েবসাইট, মুঠোফোনে এসএমএস, মাসিক রিপোর্ট, নিউজ লেটার, মোবাইল প্রোগ্রাম ও কলসেন্টার। ব্যবহারকারীরা এর সবগুলো অথবা প্রয়োজন অনুযায়ী একাধিক সেবা নির্বাচন করতে পারবেন। খরচ হবে কেমনএডুস্মার্ট অভিভাবকদের জন্য অনেক সেবা দিয়ে থাকে। তবে সব সেবাই সবাইকে ব্যবহার করতে হবে না। পছন্দ অনুযায়ী সেগুলো নির্বাচন করা যাবে। এই সেবাগুলোর ওপর ভিত্তি করেই মাসিক ফি নির্ধারণ করা হয়। সর্বনিম্ন মাসে ৩০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজ রয়েছে। তবে এ সেবা চালু করা বা পরে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ধরনের খরচ করতে হবে না। এডুস্মার্টের পক্ষ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ডেটা অ্যান্ট্রির জন্য লোক নিয়োগ দেওয়া হবে। এডুস্মার্টের সঙ্গে যুক্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রেই এটি সম্পৃক্ত করা যাবে, ফলে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে কাজ করতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না। বর্তমানে রাজউক উত্তরা মডেল কলেজ, উইলস লিটল ফ্লাওয়ারসহ ঢাকার আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এই সুবিধাগুলো ব্যবহার শুরু করেছে। এডুস্মার্টের তথ্য পাওয়া যাবে www.edu-smart.info ঠিকানার ওয়েবসাইটে।