হাতের নাগালে শীতের মাশরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত মৌসুমে বেড়েছে মাশরুমের চাষ। খাগড়াছড়ির উলুবাবু মাশরুম অ্যান্ড কোম্পানির খামারে মাশরুমের পরিচর্যা করছেন একজন চাষি। ছবিটি শহরের খবংপড়িয়া এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী
শীত মৌসুমে বেড়েছে মাশরুমের চাষ। খাগড়াছড়ির উলুবাবু মাশরুম অ্যান্ড কোম্পানির খামারে মাশরুমের পরিচর্যা করছেন একজন চাষি। ছবিটি শহরের খবংপড়িয়া এলাকা থেকে তোলা l নীরব চৌধুরী

উন্নতমানের বীজ ও প্রশিক্ষণ পেয়ে খাগড়াছড়ির মাশরুম চাষিরা এবার সাফল্যের মুখ দেখছেন। জেলার ১১ শ প্রশিক্ষিত চাষি প্রায় ২৪ হাজার খড়ের স্পঞ্জে মাশরুম চাষ করছেন। দাম হাতের নাগালে থাকায় স্বাদ বদল করতে ক্রেতারা মাশরুম কিনছেন। লাভ হচ্ছে চাষিদেরও।
বেসরকারি মাশরুম উৎপাদনকেন্দ্র ও চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাশরুম সারা বছর চাষ করা গেলেও অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাস জেলার চাষিরা বেশি চাষ করেন। জেলায় এবার ‘ওয়েস্টার–এইচ কে’, ‘ওয়েস্টার–পি ও টু’ ও ‘মিল্কি হোয়াইট’ জাতের মাশরুম চাষ করেছেন চাষিরা। খড় দিয়ে তৈরি মাশরুম জন্মানোর একেকটি স্পঞ্জে(পাত্র) দেড় থেকে দুই কেিজ মাশরুম উৎপাদন হয়। শহরের স্বনির্ভর বাজার, মধুপুর বাজার ও খাগড়াছড়ি বাজার ঘুরে মাশরুম বিক্রি হতে দেখা গেছে। মাশরুম চাষিরা এসব বাজারে মাশরুম এনে খোলা অবস্থায় বিক্রি করছেন। এছাড়া সোমবার ও বৃহস্পতিবার হাটবারেও খাগড়াছড়ি বাজারসহ শহরের নানা এলাকায় মাশরুম বিক্রি হয়। অন্য সময় প্রতি কেজি মাশরুম ২০০ টাকায় বিক্রি হলেও ভরা মৌসুম বলে এখন ৪০–৫০ টাকা কমে পাওয়া যাচ্ছে।
খাগড়াছড়ি জেলা সদরের খবংপড়িয়া গ্রামে দুই জমজ ভাই সুমন চাকমা ও সুদর্শন চাকমা মাশরুমের টিস্যু কালচার করে বীজ উৎপাদন করেন। তাঁরা প্রতিষ্ঠা করেছেন মেসার্স উলবাবু মাশরুম অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে তাঁরা সরাসরি মাশরুম চাষি ও বিভিন্ন এনজিও সংস্থার কাছে মাশরুমের বীজ সরবরাহ করেন।
সুমন চাকমা ২০১২ সালে ঢাকার সাভারের জাতীয় মাশরুম গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে মাশরুমের টিস্যু কালচার শিখেছেন তিনি। তিনি বলেন, খাগড়াছড়িতে চাষিরা সাধারণত শীতকালেই বেশি মাশরুম চাষ করেন। এ বছর তাঁদের প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ মাশরুম বীজ সরবরাহ করা হয়েছে তা দিয়ে চব্বিশ হাজার খড়ের স্পঞ্জ তৈরি করা হয়েছে। প্রতিটি খড়ের স্পঞ্জ থেকে দেড় থেকে দুই কেজি মাশরুম উৎপাদন হবে। সেই হিসেবে এ বছর খাগড়াছড়িতে অন্তত ৩৬ হাজার কেজি মাশরুম উৎপন্ন হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল এবং উলুবাবু মাশরুম অ্যান্ড কোম্পানির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় প্রায় ১১ শ মাশরুম চাষি রয়েছে। এদের অধিকাংশই প্রশিক্ষিত এবং প্রত্যেকের দুই-তিন বছরের মাশরুম চাষের অভিজ্ঞতা রয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকার গৃহবধূ অনামিকা চাকমা চার বছর আগে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বর্তমানে একজন দক্ষ মাশরুম চাষি। পাশাপাশি নতুন চাষিদেরও প্রশিক্ষণ দেন তিনি। তিনি বলেন, পরিবারের নানান কাজের পাশাপাশি তিনি মাশরুম চাষ করে লাভের মুখ দেখছেন। এ বছর তিনি ২৫০টি খড়ের স্পঞ্জে মাশরুমের চাষ করছেন। প্রতিদিন গড়ে পাঁচ কেজি মাশরুম উৎপাদন হয় তাঁর।
গত কয়েক বছর আগেও ঢাকা থেকে মাশরুমের বীজ আনতে হতো। তবে এখন বেসরকারি প্রতিষ্ঠান জেলায় মাশরুমের বীজের চাহিদা মেটাচ্ছে। সদর উপজেলার গর্য্যাছড়ি গ্রামের বিধু ভূষণ চাকমা বলেন, ‘আগে বেশি দাম দিয়ে বাইরে থেকে মাশরুমের বীজ আনতে হতো। এখন খাগড়াছড়ি সদর থেকেই ভালো বীজ পাচ্ছি।’ তাঁর ২০০ টি খড়ের স্পঞ্জ রয়েছে। এতে তিনি প্রতি দিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ কেজি মাশরুম উৎপাদন করেন।
খাগড়াছড়ির বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তৃণমূল’ এর কর্মকর্তা অমরেশ চাকমা বলেন, তাঁদের প্রতিষ্ঠান বিভিন্ন গ্রামের নারীদের মাশরুম চাষের প্রশিক্ষণ দেয়। চাষিদের বিনামূল্যে মাশরুমের বীজও সরবরাহ করা হয়। তৃষমূল এ পর্যন্ত ৪০০ চাষিকে প্রশিক্ষণ দিয়ে মাশরুম বীজ সরবরাহ করেছে।