
সংসারের মাসিক বাজেট এখন হাতের মুঠোতেই থাকবে। মানেটা হলো, বাড়ির খরচসহ আরও নানা টুকটাক হিসাব-নিকাশ কষতে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনই (অ্যাপ) এখন যথেষ্ট। আবার দরকারি নানান কাজের তালিকাও রেখে দেওয়া যায় অ্যাপে। কাজের আগে আগে অ্যাপই আপনাকে মনে করিয়ে দেবে। এ রকম কিছু কাজের অ্যাপের কথা থাকছে এই প্রতিবেদনে।
রিমেমবার দ্য মিল্ক

প্রতিদিনের দরকারি কাজের তালিকা রাখা এবং যে কাজগুলো সম্পন্ন হয়েছে, সেগুলোর বিস্তারিত জানার অ্যাপ হচ্ছে রিমেমবার দ্য মিল্ক (আরটিএম)। শুধু স্মার্টফোনেই নয়, ওয়েবেও এটি ব্যবহার করা যায়। তারিখ অনুযায়ী কাজের পূর্ণাঙ্গ তালিকা রাখা, ২৪ ঘণ্টায় পুরো তালিকা সমন্বয় করা, গুরুত্ব হিসেবে তালিকা তৈরি, ট্যাগের ব্যবহার, প্রয়োজনীয় কাজ ও নোট দ্রুত খুঁজে পাওয়া, স্মার্ট তালিকা ইত্যাদি তৈরি করা সম্ভব এই অ্যাপ দিয়ে। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/QK2qKZ ঠিকানায়।
ওয়েলি

দরকারি একটি কাজ হচ্ছে সঠিকভাবে বাজেট ব্যবস্থাপনা। আয় ও ব্যয়ের সমন্বয়কে মিলিয়ে ওয়েলি অ্যাপের সাহায্যে কখন, কোথায়, কীভাবে অর্থ খরচ হবে, সেটির যেমন বর্ণনা রাখা যায়, তেমনি এসব কাজের জন্য যে অর্থ ব্যয় হবে, তা আসার খাতগুলোও চিহ্নিত করা যায়। প্রতিদিনের খরচ কিংবা ব্যবহারকারীদের খরচের এবং আয়ের হিসাব করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করতে পারে অ্যাপটি। প্রতিটি আয় ও ব্যয়ের ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ নোটিফিকেশন। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/oFpgnl ঠিকানায়।
টগল

রোজকার প্রতিটি কাজে কতটা সময় ব্যয় হয়, কোন কাজে আসলে কতটা সময় প্রয়োজন, সেই তালিকা বিস্তারিত করে রাখার একটি অ্যাপ টগল। অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও কাজের তালিকা যুক্ত করে রাখা যায় টগলে। স্বয়ংক্রিয়ভাবে ওয়েব এবং অ্যাপের মধ্যে সমন্বয় হয়। এটি নামানোর ঠিকানা: https://goo.gl/8G8tUZ।
ইউ নিড এ বাজেট

ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা এবং বাজেটের জন্য আরেকটি অ্যাপ ইউ নিড এ বাজেট (ইউএনএবি)। নিজের আয় কিংবা ব্যয়ের হিসাব কম্পিউটার এবং মোবাইল ফোন থেকে এই অ্যাপে সমন্বয় করা যায়। আগের মাস কিংবা বছরের আয় ও ব্যয়ের বিষয়গুলো নিয়েও এই অ্যাপটি কাজ করতে পারে। কোন খাতে কত খরচ, তার আলাদা বর্ণনা পাওয়া যায় এই অ্যাপে। অ্যাপ নামানোর ঠিকানা: https://goo.gl/djU3EK।
মাই লাইফ অর্গানাইজড

প্রতিদিনের নানা কাজের তালিকা, সময় অনুযায়ী বিভিন্ন আয়োজন কিংবা অনুষ্ঠানের খবর ইত্যাদি রাখতে হয় নানাভাবে। এ ধরনের সব তালিকা একত্র করে রাখতে পারবেন মাই লাইফ অর্গানাইজড (এমএলও) অ্যাপে। কাজের গুরুত্ব অনুযায়ী তালিকা করা, স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ জানা, জিপিএসের সাহায্যে এলাকাভিত্তিক কাজের নোটিফিকেশন, মানচিত্রে কাজের হালনাগাদ পাওয়া যাবে অ্যাপটিতে। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/8FUS54 ঠিকানায়। এ ধরনের আরও কিছু অ্যাপের মধ্যে রয়েছে ফোকাস বুস্টার, সিংব্যাক ফ্রিওয়ার, ডেইলি এজেন্ডা, লাউন্সি ইত্যাদি।
স্পেন্ডি

ব্যক্তিগত বাজেট তৈরির অ্যাপ স্পেন্ডি। আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবের বিশ্লেষণ করে এই অ্যাপটি নানা পরামর্শ (ইন্টেলিজেন্স অ্যাডভাইস) দিতে পারে। হিসাবগুলো অ্যাপে ইনফোগ্রাফিকসের মাধ্যমে দেখা যায়। পুরো বাজেটের বিস্তারিত তথ্যাদি সিএসভি, এক্সএলএস ফরম্যাটে সংরক্ষণ করাও যায়। অ্যাপটি পাওয়া যাবে https://goo.gl/bLthJ2 ঠিকানায়। এ ধরনের আরও কিছু অ্যাপের মধ্যে রয়েছে মিন্ট পারসোনাল, কনকিউর, বিলগার্ড, ডলারবার্ড ইত্যাদি।
প্রতিটি অ্যাপই চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনে।