হাতের মুঠোয় ভালো ছবি
>

সন্তানের ফোকলা দাঁতের প্রথম হাসি কিংবা দুলু দুলু পায়ে প্রথম হেঁটে যাওয়ার দৃশ্য ফ্রেমবন্দী করার আশায় যদি ক্যামেরার খোঁজে লেগে পড়ি, তবে ততক্ষণে সেই আনন্দঘন মুহূর্তটি নাও থাকতে পারে। হাতের নাগালের মধ্যেই থাকে স্মার্টফোন, সেটা ব্যবহার করা যেতে পারে। তবে এখানে একটি ‘কিন্তু’ আছে। ফোনের ক্যামেরার ছবি আর পেশাদার ক্যামেরার ছবির মান এক হবে না। ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লেক্স বা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি হয়তো পাওয়া যাবে না, তবে কিছু বিষয় মাথায় রাখলে স্মার্টফোনের ছবিটি অন্তত ফটো অ্যালবামে সাজিয়ে রাখার মতো করে তোলা সম্ভব।
ছবি তোলার সাধারণ নিয়ম
আলোকচিত্র ধারণ করার কিছু সাধারণ নিয়ম সব ক্যামেরার ক্ষেত্রেই মাথায় রাখতে হয়—সেটা যে ক্যামেরাই হোক। এখানে তেমনই কিছু সাধারণ নিয়ম দেওয়া হলো:
*স্মার্টফোনের ক্যামেরা লেন্স সব সময় পরিষ্কার রাখতে হবে। সারা দিনে এতবার ব্যবহার করা হয় যে লেন্সের ওপর ময়লা পড়া খুবই স্বাভাবিক। তাই ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে মুছে নিলে ছবি অনেক পরিষ্কার আসবে।
*প্রায় সব স্মার্টফোন ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ থাকলেও তা সব সময় ভালো ফল দেয় না। তবে কম আলোয় ফ্ল্যাশ জ্বালিয়ে অন্তত ছবি তোলা যায়। আর বর্তমানের এলইডি ফ্ল্যাশে ছবি অতিরিক্ত সাদা হয়ে যায়, ছবিতে চোখ লাল দেখায়, অনেক সময় আলোর ঝলকে ছবির বিষয়বস্তুও নষ্ট হয়ে যায়। তাই স্বয়ংক্রিয় ফ্ল্যাশ না রেখে প্রয়োজন অনুযায়ী ফ্ল্যাশ চালু কিংবা বন্ধ রাখুন। আঙুল দিয়ে কিছুটা অংশ ঢেকে কিংবা টিসু্য পেপারের মতো নরম কিছু দিয়ে ঢেকে দিলে ফ্ল্যাশের তীব্রতা অনেক কমে যাবে।
*প্রত্যেক ফোনের ক্যামেরার সঙ্গেই ডিজিটাল জুম থাকে। কিন্তু এই জুম মোটেই কাজের জিনিস না। কম্পিউটারে কোনো ছবি জুম করে দেখা আর ক্যামেরার ডিজিটাল জুম একই কথা। এতে ছবি ঘোলাটে ও ফেটে যায়। তাই ডিজিটাল জুম করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে এগিয়ে যান।
*ছবির বিষয়বস্তু আলোক উৎসের দিকে মুখ করে আছে কি না দেখুন। এতে ছবি বেশি পরিষ্কার দেখাবে।
*স্মার্টফোনের অ্যাপারচার দেখে নিতে হবে। ছবি তোলার জন্য এটা গুরুত্বপূর্ণ। অ্যাপারচার যত কম থাকবে, ছবি তত ভালো হবে। বাজারে স্যামসাংয়েরে গ্যালাক্সি এস৭ এজ মডেলের স্মার্টফোনে সবচেয়ে কম অ্যাপারচারের (১.৭) ক্যামেরা রয়েছে।

ক্যামেরা অ্যাপের সেটিংস ঠিক করে নিন
স্মার্টফোনে ছবি তোলার সময় এর ক্যামেরায় বেশ কিছু অপশন আছে, যা ব্যবহার করে ছবির মান ভালো করা যায়।
*অনেক স্মার্টফোন ক্যামেরার অপশনে ছবির রেজল্যুশন ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে। ছবি তোলার আগে মেমোরি কার্ডের আকার বিবেচনায় রেখে ক্যামেরা রেজল্যুশন ঠিক করে নিন। বেশি রেজল্যুশনের ছবি প্রয়োজনমতো ছোট করে নেওয়া যায়। কিন্তু এর উল্টোটা করা সম্ভব নয়।
*ছবি তোলার সময় হাত যথাসম্ভব স্থির রাখতে হয়। তা ছাড়া অনেক ক্যামেরা অ্যাপে ইমেজ স্টেবিলাইজেশন সুবিধা থাকে। ছবি তোলার আগে এ অপশন দেখে নিন।
*পরিবেশের আলোর পরিমাণ বুঝে নিতে ক্যামেরার কিছুটা সময় লাগে। তাই ক্যামেরা অ্যাপ চালু করে অন্তত ৪-৫ সেকেন্ড স্থির রেখে দিতে হয়। তারপরও কাঙ্ক্ষিত ফল না পেলে ক্যামেরার ‘হোয়াইট ব্যালান্স’ ঠিক করে নিতে পারেন।
*কম আলোয় বেশির ভাগ স্মার্টফোনে ভালো ছবি আসে না। এ সমস্যা সমাধানে ‘এক্সপোজার’ অপশনটি অনেক বড় সহায়ক।
দরকার হলে সম্পাদনা
হালের স্মার্টফোনগুলোর ক্যামেরা যথেষ্ট উন্নত। এসব ক্যামেরার ছবির মান যথেষ্ট ভালো। তবে অনেক ক্যামেরায় যে সমস্যাটি এখনো পাওয়া যায়, তা হলো ‘পারফেক্ট কালার’-এর অভাব। ছবি সম্পাদনার সফটওয়্যারে রঙের ভারসাম্য ঠিক করা যায়। আর যদি একান্তই ঠিক করা সম্ভব না হয়, তবে সেটি সাদা-কালো করে দিতে পারেন। কিছু বিনা মূল্যের অ্যাপ ব্যবহার করেই ছবির মান অনেক উন্নত করা সম্ভব। ফোনের অপারেটিং সিস্টেমভেদে এমন কোনো অ্যাপ নামিয়ে নিতে পারেন।
অ্যান্ড্রয়েড
অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস: https://goo.gl/s4y4Hk
পিকস আর্ট ফটো স্টুডিও: https://goo.gl/0r6rQF
পিক্সলার: https://goo.gl/3BH6gk
অ্যাপল আইওএস
স্ন্যাপসিড: https://goo.gl/Fwdbuh
ভিএসসিও: https://goo.gl/J86rwE
আফটার ফোকাস: https://goo.gl/REB1BD
দরকারি ক্যামেরা অ্যাপ
স্মার্টফোনের বিল্ট-ইন ক্যামেরা অ্যাপ ছবি তোলার জন্য যথেষ্ট। তবে কেউ যদি আরও কিছু বেশি সুবিধা, বেশি ইফেক্ট কিংবা ভিন্নধর্মী কিছু চান, তবে এ ক্যামেরা অ্যাপগুলো ইনস্টল করে নিতে পারেন।
অ্যান্ড্রয়েড
ক্যামেরা এমএক্স: https://goo.gl/aHUK4m
ক্যানডি ক্যামেরা: https://goo.gl/m2DN2F
ক্যামেরা জুম এফএক্স: https://goo.gl/ZSbRqR
আইফোন
স্ন্যাপসিড: https://goo.gl/kVe9SF
প্রো ক্যামেরা ৭: https://goo.gl/ENyUaZ
ক্যামেরা+: https://goo.gl/myZLQj
বাজারের ভালো ক্যামেরার স্মার্টফোন
স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতার জন্যই নিত্যনতুন স্মার্টফোন আমরা হাতে পাচ্ছি। ইদানীং সেলফির জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু স্মার্টফোনের কথা জেনে নেওয়া যাক, যেগুলো ছবি তোলার জন্য ভালো বলে খ্যাতি আছে। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনগুলোর মধ্যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৭ এজ-এর ক্যামেরা বেশ ভালো। সবচেয়ে বেশি সুবিধাসম্পন্ন। অপরদিকে অ্যাপলের পণ্যে যাদের আস্থা, তাদের জন্য নিঃসন্দেহে আইফোন ৬এস ভালো পছন্দ হতে পারে। হুয়াওয়ে পি৯, সনি এক্সপেরিয়া জেড৫, এলজি জি৫, শিয়াওমি মি৫, এইচটিসি ১০ মডেলের স্মার্টফোনগুলো ছবির জন্য ভালো।
সূত্র: লাইফহ্যাক, অ্যান্ড্রয়েড অথরিটি, আইফোন ফটোগ্রাফি স্কুল ডটকম