
‘এত দিন জানতাম-ইন্টারনেট দিয়ে ফেসবুক ছাড়া কিছু হয় না। এখন দেখলাম ইন্টারনেট অনেক গুরুত্বপূর্ণ। ইন্টারনেট সঙ্গে থাকলে হাতের মুঠোই চলে আসে পৃথিবী।’
১৩ মে দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষানিকেতনের দশম শ্রেণির ছাত্রী শাউলিয়া তাবাচ্ছুম এ কথা বলেন।
ওইদিন সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে গ্রামীণফোন-প্রথম আলোআই জেন উৎসবের উদ্বোধন করেন প্রধান শিক্ষক একে এম আলমগীর। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী, সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রামীণফোন কর্মকর্তা সায়ন প্রমুখ। অনুভূতি জানায় শিক্ষার্থী শাউলিয়া তাবাচ্ছুম, সিফাতুল ইসলাম, পারমিতা রাশেদ চৌধুরী, তানিয়া সুলতানা, তাশদিয়া এনাম প্রমুখ। প্রধান শিক্ষক এ কে এম আলমগীর বলেন, ‘দুর্গম এলাকা হওয়ায় তথ্যপ্রযুক্তি থেকে এখানকার শিক্ষার্থীরা অনেকে পিছিয়ে। মানুষের হাতে হাতে মুঠোফোন থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। অথচ ইন্টারনেট ব্যবহার করে মানুষ অনেক কিছু অর্জন করতে পারে।’ তিনি বলেন, ‘প্রথম আলো ঈদগাহত ইন্টারনেট উৎসব করে ছেলেমেয়েদের চোখ খুলে দিয়েছে। ইন্টারনেটের বিশাল দুনিয়া দেখে আমরাও মুগ্ধ।’
ইন্টারনেটবিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় ২২০ জন শিক্ষার্থী। এর মধ্য থেকে ১০ জনকে স্কুলদল হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদ।
এর আগে ইন্টারনেট ব্যবহারের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। স্কুলপর্যায়ে বিজয়ীদের নিয়ে ২৫ মে কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে ইন্টারনেটের মূল উৎসব অনুষ্ঠিত হবে।