
রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রিয়া বিশ্বাসের চোখে-মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস। আই–ক্যাম্পে (ইন্টারনেট কর্মশালা) এসে ব্রাউজিং করা শিখেছে সে। কেমন লাগছে জানতে চাইলে উত্তেজিত কণ্ঠে বলল, ‘ইন্টারনেট ঘিরে রেখেছে আমাদের পুরো বিশ্ব। এটি জানা থাকলেও ইন্টারনেটের ব্যবহার জানতাম না। এখানে এসে ব্রাউজ করা শিখেছি। যেকোনো তথ্য এখন মুহূর্তেই জানতে পারব।’
আই–ক্যাম্পে (ইন্টারনেট কর্মশালা) অংশ নেওয়া প্রায় সব শিক্ষার্থীর মধ্যেই দেখা গেছে এমন উচ্ছ্বাস। রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয় আই–ক্যাম্পে। ৬ ও ৭ সেপ্টেম্বর নগরের এ তিনটি বিদ্যালয়ে বসেছিল গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট কর্মশালার আসর। কর্মশালাগুলো পরিচালনা করেন ২০১২ সালের কাপ্তাই অঞ্চলের আই–জিনিয়াস ইরফান ইন্তেখাব। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম।
৬ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প। বেলা ১১টা বাজতেই বিদ্যালয়ের মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে। সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজ উদ্দিন। এরপর মাইক্রোফোন হাতে নেন আই–জিনিয়াস ইরফান ইন্তেখাব। তঁার পরিচালনায় শুরু হয় ইন্টারনেট কর্মশালা। বড় পর্দায় ভেসে ওঠে ২০১১ ও ২০১২ সালের ইন্টারনেট উৎসবের তথ্যচিত্র। এরপর শিক্ষার্থীদের শেখানো হলো ইন্টারনেটের ক্ষমতা, ইন্টারনেট ব্রাউজিং করা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নিয়মাবলি।
কর্মশালা শেষে ছয়টি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় শিক্ষার্থীদের মধ্যে। সঠিক উত্তর দেওয়া ছয় শিক্ষার্থীকে নিয়ে শুরু হয় আই-ক্যাপ্টেন নির্বাচনের প্রতিযোগিতা। এতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আই-ক্যাপ্টেন নির্বাচিত হয় নবম শ্রেণির শিক্ষার্থী ইফতিখার আহমদ তানভীর।
একই দিন দুপুরে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আই–ক্যাম্প অনুষ্ঠিত হয়। নবম শ্রেণির শিক্ষার্থী সুবাহ নাওয়ার নির্বাচিত হয়েছে এ বিদ্যালয়ের আই-ক্যাপ্টেন হিসেবে। ইন্টারনেট ব্রাউজিং শিখতে পেরে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণ খুশি। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার। ৭ সেপ্টেম্বর দুপুরে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ইন্টারনেট কর্মশালার আসর। নাসরিন তমার সঞ্চালনায় কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার আচার্য। এরপর ইরফান ইন্তেখাব পরিচালনা করেন কর্মশালা।