হাতের মুঠোয় আকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টায় ক্লাস। দুপুরে ক্লাস শেষে হয়তো বন্ধুদের সঙ্গে ৩০ বা ৪০ মিনিটের খুদে আড্ডা। এর পরই দৌড় দিয়ে ঘরের কোণে। বাসায় ল্যাপটপ আর মডেমটার জন্য মন কেমন করে। ফেসবুকে বসা হবে না? বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডাটা তো এখন সেখানেই হবে। শুধু গরম ধোঁয়া ওঠা চায়ের কাপটাই যা থাকবে না। আর ক্লাসে পরের দিন যে প্রেজেন্টেশনটা আছে, সেটার জন্যও নিজেকে তৈরি করতে তো বসতে হবে সেই ইন্টারনেট নিয়েই। তাই ঘরই ভরসা। কিন্তু কয়েক দিন থেকে ঘরকুনো এসব শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে থাকার সময়টা বোধ হয় একটু বেড়েই গেছে। এখন তো নতুন ভবনের ছয়তলায় উঠলেই বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডার পাশাপাশি ফেসবুকটাও ব্যবহার করা যায় অনায়াসে। আবার যদি পরের দিনের জন্য তৈরি করতে হয় নিজেকে, তাহলে ডাউনলোড দিয়ে আবার মাতোয়ারা হওয়া যায় আড্ডায়। দিন শেষে বাসায় ফিরে শুধু একটু চোখ বুলিয়ে নেওয়া। ব্যস! এসব সুবিধার কারণ, ২৮ জুন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পুরোটাই করা হয়েছে ওয়াইফাইয়ের আওতাভুক্ত।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা ইন্টারনেট-সুবিধা পেয়ে যারপরনাই খুশি। বেশ কয়েকটি ল্যাপটপে কাজের পাশাপাশি তুখোড় আড্ডা চলছিল কয়েকজন শিক্ষার্থীর মধ্যে। কথা হয় এই আড্ডাবাহিনীর সজীব, দেবাশীষ, জান্নাতুল, আল আমিন, জাহিদের সঙ্গে। সজীব নিজের দিনান্তের ফিরিস্তি দেন এভাবে, ‘সকালে উঠেই ক্লাস। তারপর একটুক্ষণ বিশ্ববিদ্যালয়ে থেকেই ছোটা ঘরের দিকে। ল্যাপটপ নিয়ে বসতে হবে। আড্ডার সময় কোথায়? আর এখন বিশ্ববিদ্যালয়ে বসেই চলে আড্ডা আর তার সঙ্গে সমানতালে চলে কাজও। এখন অনেক সময় কাটাতে ইচ্ছা হয় বিশ্ববিদ্যালয়ে।’দেবাশীষের কাছে অবশ্য এই ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা অন্য রকম। ‘আমাদের যা কিছু পড়তে হয়, এর অধিকাংশের জন্যই দ্বারস্থ হতে হয় ইন্টারনেটের। কিন্তু বাসায় মডেমে টাকা নিলে কয়েক দিনেই শেষ। বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই-সুবিধা থাকার ফলে আমরা যেকোনো কাজ করতে পারছি সহজেই। পড়াশোনাটাও এগোচ্ছে বেশ ভালোভাবেই।’সিএসই বিভাগের পুরোটায় ওয়াইফাই করা হয়েছে। শুধু সিএসইর শিক্ষার্থীরাই নন, অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও চাইলে এখানে এসে ব্যবহার করতে পারেন ইন্টারনেটের সুবিধা। এখানে দুটি নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যার একটি ব্যবহার করেন সিএসই বিভাগের শিক্ষার্থীরা। আর অন্যটি হলো সাধারণ নেটওয়ার্ক, যেটা সব শিক্ষার্থীর জন্য। মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহারে বসে পড়েছিলেন তাঁর মোবাইলটা নিয়েই। তাঁর মনে হয়, ‘সিএসই এমন একটি বিষয়, যেখানে প্রতিনিয়ত কম্পিউটার ও ইন্টারনেটের সঙ্গে সংযুক্তি থাকা প্রয়োজন। তাই এই বিভাগে আগে ওয়াইফাই এলাকা করা হয়েছে। হয়তো এরপর ধীরে ধীরে পুরো বিশ্ববিদ্যালয়টাই ওয়াইফাইয়ের আওতায় চলে আসবে।’ অবশ্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিরাজ আর অপুর ভাবনাটা একটু অন্য রকম। তাঁদের মনে হয়, ‘ইস! যদি খোলা জায়গাটাকে ওয়াইফাই করে দিত, তাহলে মুক্ত আকাশের নিচে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম অনায়াসে।’সিএসই বিভাগের চেয়ারপারসন উজ্জ্বল কুমার আচার্য বলেন, ‘সিএসই বিভাগের শিক্ষার্থীরা একটা পাসওয়ার্ড দিয়ে তারপর ইন্টারনেট ব্যবহার করেন। যদিও দুটি নেটওয়ার্কের গতি একই। তবে আমরা চাই, ভবিষ্যতে পুরো নতুন ভবনটাকেই ওয়াইফাইয়ের আওতাভুক্ত করা হোক।’