হাতের মুঠোয় ওয়াইফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট ব্যবহার করতে কি না হা-পিত্যেশ ছিল আগে! আগে মানে এই এক বছর আগের কথা। মনে হলেই তিক্ততায় মন কেমন করে ওঠে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে লাইব্রেরি ভবনের সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করতে হতো। অপেক্ষা করেও ইন্টারনেট ব্যবহারের সুযোগ এক ঘণ্টার বেশি পাওয়া যেত না। এখন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারছি হলে বসেই! কখনো চিন্তাই করিনি এমন সুবিধা আমরা পাব!’ এমএ প্রথম সেমিস্টারের ছাত্রী আমিনা খাতুনের কথায় এমনই উচ্ছ্বাস ঝরে পড়ল। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ছাত্রী হল শহীদ জননী জাহানারা ইমাম হলের ছাত্রীরা ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় থাকায় এমন অভিব্যক্তি শুধু একজন আমিনার নয়, সবাই সমানে উচ্ছ্বসিত। আর এ উচ্ছ্বাস আরও বেশি এ জন্য যে বাংলাদেশে প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ওয়াইফাই নেটওয়ার্কের সুবিধায় এল, তাও আবার বিনা মূল্যে আনলিমিটেড সুবিধা। যাঁদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, তাঁরা আলাদা কোনো সফটওয়্যার ছাড়াই হলের যেকোনো প্রান্তে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আর যাঁরা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন, তাঁরাও ৭০০ থেকে এক হাজার ৫০০ টাকার একটি মডেম কিনে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মুক্তা সেনের মন্তব্য, ‘এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! সবকিছুতেই এখন ডিজিটাল ডিজিটাল ভাব।’ যদিও হলটিতে এ প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল মে মাসে, কিন্তু ছাত্রীরা এর সুবিধা পাচ্ছেন জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে। ওয়াইফাই নেটওয়ার্কের কারিগরি সহায়তা দিয়েছে শাবিপ্রবি কম্পিউটার সেন্টার। তথ্যপ্রযুক্তির এ যুগে বেশির ভাগ ক্ষেত্রে পড়াশোনা ইন্টারনেট-সহায়ক। ছাত্রীদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য বিভিন্ন সাইবার ক্যাফেতে যেতে হতো। এতে ছিল অনেক বিড়ম্বনাও। হলের নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটার পর ছাত্রীরা হল থেকে বের হতে পারেন না। তাঁরা অ্যাসাইনমেন্টের জন্য প্রয়োজনীয় ইন্টারনেট কানেকশন নিয়ে উদ্বিগ্ন থাকতেন। বিভিন্ন মুঠোফোন কোম্পানির মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেও মাসে ন্যূনতম ৩০০ টাকার ফি দেওয়ার সামর্থ্য অনেকেরই নেই। নতুন এ অধ্যায়ের সূচনা সম্পর্কে হলের প্রাধ্যক্ষ ইয়াসমীন হক বলেন, ‘আমরা প্রথমে তারযুক্ত ল্যান্ড নেটওয়ার্কের কথা চিন্তা করি। কিন্তু চিন্তা করা হয়, প্রযুক্তি ব্যবহারের সুযোগই যখন দিচ্ছি তখন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে ক্ষতি কোথায়? আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব করি, হলের ফান্ড থেকে আপাতত টাকা বরাদ্দ করে সংযোগ দিয়ে পরে বিশ্ববিদ্যালয় অর্থপ্রাপ্তি সাপেক্ষে হলের টাকা ফেরত দেবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে রাজি হন। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। আমার মেয়েরা এখন ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করছে, সম্পূর্ণ বিনা পয়সায়।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে মেয়েরা খুব কম ক্ষেত্রেই ছেলেদের চেয়ে বেশি বা আগে সুযোগ-সুবিধা পায়। আমাদের ছাত্রী হলের এই ওয়াইফাই নেটওয়ার্ক আওতাভুক্তি এ ক্ষেত্রে বড় একটা উদাহরণ হয়ে রইল।’ জেনেটিকস ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ছাত্রী প্রিয়াঙ্কা নাথের কথায় উঠে এল পুরো বাস্তবতা। তিনি বলেন, ‘আমাদের বিভাগে পড়াশোনা করতে হলে সব সময় সর্বাধুনিক প্রযুক্তি ও নিত্যনতুন আবিষ্কারের খবর রাখতে হয়। শিক্ষকেরাও প্রায় প্রতিদিনই অ্যাসাইনমেন্ট দেন, যা ইন্টারনেট ঘেঁটে বের করতে হয়। এ ক্ষেত্রে সারা দিন ক্লাস করে হলে গিয়ে বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর হল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত হওয়াতে অনেক দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছি।’