হাতের মুঠোয় ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকবছর আগে একটা বিজ্ঞাপনে দেখা যেত বলিউড তারকা বিপাশা বসু তাঁর জিনসের পকেট থেকে বের করছেন ছোট্ট একটা মোবাইল ফোন। ইদানিং দেখা যায় টুইঙ্কল খান্না মোবাইল ফোনে দেখেই ঠিকঠাক করে নিচ্ছেন তাঁর মেকআপ। মানেটা হলো মুঠোয় থাকা এই যন্ত্রের ব্যবহার এখন আর শুধু কথা বলায় আটকে নেই। বিনোদন তো বটেই, ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ মোবাইল ফোন।হাল ফ্যাশনেও এর ব্যবহারের কমতি নেই। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানও ব্যবহার করছেন নকিয়া ই৬৩ ও স্যামসাং গ্যালাক্সি এস-এর মতো ফ্যাশনেবল এবং কেজো মোবাইল ফোনসেট। তিনি বলেন, ‘আমার কাছে কাজের দিকটা আগে, তার পর আসে ফ্যাশন। এখন তরুণীদের মধ্যে এই ফ্যাশনেবল মোবাইল ফোনসেট ব্যবহার করার দিকটি প্রাধান্য পাচ্ছে। তবে এসব মোবাইল ব্যবহারের সময় অবশ্যই বয়স, পেশা ও সঙ্গে সঙ্গে প্রয়োজনটাকে গুরুত্ব দিতে হবে। এতে প্রয়োজন ও ফ্যাশন দুই-ই ঠিক থাকে।’বাজারেও পাওয়া যাচ্ছে নানা কেতার ফ্যাশনেবল মোবাইল ফোন। এসব ফোনে গান শোনা, এফএম রেডিও শোনা, ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি ইন্টারনেট যেমন সহজে ব্যবহার করা যাচ্ছে, তেমনি ফ্যাশনেও তা যোগ করেছে এক নতুন মাত্রা। এখনকার বেশির ভাগ তরুণী ফ্যাশনেবল এই মোবাইল ফোনসেটগুলো হাতে রেখে কানে জুড়ে দিচ্ছেন হেডফোন। আর পোশাকের সঙ্গেও তা মানিয়ে যাচ্ছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসেটের মধ্যে কিছু কিছু সেটকে আলাদা করা যায়, যেগুলো ফ্যাশন-সচেতন তরুণীদের আকর্ষণের জায়গা দখল করে নিয়েছে। এই ফোনসেটগুলোয় বিনোদনের সব সুবিধাই মিলছে। বাড়তি পাওনা হলো ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে এর ব্যবহার। মোবাইল ফোন বিক্রেতারা জানান, ফোল্ডিং ও স্লাইডিং মোবাইল ফোনসেটগুলোই তরুণীদের সবচেয়ে বেশি পছন্দ। সাইম টেলিকমের স্বত্বাধিকারী কামাল হোসেন জানান, যেসব মোবাইল ফোন আকারে কিছুটা ছোট আর বাইরের আবরণ উজ্জ্বল, সেগুলোই তরুণীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। মন অনেকেই আছেন, যাঁরা পোশাকের সঙ্গে মিলিয়েও মোবাইল ফোনসেট কেনেন। আবার অনেক ক্ষেত্রে কিছু ফোনসেটের খোলস একাধিক রঙের পাওয়া যায়। পোশাকের রং বদলের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনসেটের খোলসেরও পরিবর্তন করা যায়। ফ্যাশনেবল মোবাইল ফোনসেটের মধ্যে রয়েছে নকিয়ার এক্সপ্রেস মিউজিক সিরিজের বেশ কয়েকটি ফোনসেট। এ ছাড়া রয়েছে নকিয়ার ই সিরিজ, ৭২৩০, ৬৭০০, ৬৭৬০, ৩৭১০ প্রভৃতি ফোনসেট। বিভিন্ন ব্র্র্যান্ডের মোবাইল মোবাইল ফোনসেটের মধ্যে স্যামস্যাং মোবাইল সেটগুলোয় বৈচিত্র্য অনেক। নানা মডেলের এই স্যামসাং ফোনসেটের মধ্যে নতুন বাজারে আসা করবি সিরিজের সেটগুলো তরুণীদের নজর কাড়ছে। এই সেটগুলোর কিছু কিছু মডেলের সেটের সঙ্গে নানা রঙের খোলস থাকে। এর ফলে ইচ্ছে করলে পোশাকের সঙ্গে মিলিয়ে সেগুলোও বদল করা যায় সহজে। এ ছাড়া স্যামসাংয়ের বি ৩৪০০, বি ৫৭২২, এলজি ব্র্যান্ডের কেপি ৫০০, জি আই ৫১০, মটোরোলার নানা রকম ফোল্ডিং সেট, স্প্রিন্ট ই ৬০০, কে ২০০, ডি ৭১৯ মডেলের মোবাইল ফোনসেট তরুণীদের বয়স ও পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যায়। ছোট আর নান্দনিক মোবাইল সেটের কথা বলতে গেলে সনি এরিকসনের কথা বলতেই হবে। এই ব্র্যান্ডের স্লাইড সেটগুলোয় বৈচিত্র্য আর উজ্জ্বল রঙের ব্যবহার তরুণীদের নজর কাড়ছে। এই ব্র্যান্ডের মোবাইল সেটের মধ্যে এফ ৩০৫, ডব্লিউ ৩৯৫, ডব্লিউ ২০৫ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া বাংলাদেশের বাজারে নতুন আসা মাইক্রোম্যাক্স মোবাইল সেটের মধ্যে সাদা রঙের বৈচিত্র্যময় এম কিউ ৫৫ মডেলের মোবাইল সেটটি তরুণীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এটির অন্যান্য সুবিধার সঙ্গে সঙ্গে বাড়তি একটি সুবিধা হলো, এতে আয়নায় নিজের মুখ দেখা যায়। আর বেশ স্টাইলিশ এই সেটটি।এ ছাড়া বাজারে আসা এইচটিসি, লেনোভো, অ্যাপলের আইফোনসহ রঙিন আর আকারে ছোট সেটগুলোর চাহিদাও বেশ। এখনকার দিনে তরুণীরা এমন একটি মোবাইল সেট চান, যেখানে বিনোদনের সব সুযোগ-সুবিধার পাশাপাশি তাতে যেন ফ্যাশনটাও হয় ঠিকমতো। প্রয়োজন আর ফ্যাশন দুটোই অটুট থাকে—এমন মোবাইল ফোনসেটই এখন তরুণীদের সেরা পছন্দ। তবে মোবাইল সেটকে বিভিন্ন পোশাক, পার্টি অথবা নিজের পছন্দের রূপ দিতে মোবাইল সেটের খোলসও পরিবর্তন করে নেওয়া যায়। বাজারে বিভিন্ন মডেলের মোবাইল ফোনসেটের এসব খোলস মোবাইল ফোনের দোকানগুলোয় কিনতে পাওয়া যাচ্ছে।