
বিশেষ ধরনের সস, মুরগি, কাজুবাদাম, টমেটো, ক্যাপসিকাম ও মধু দিয়ে তৈরি হয় হানি চিকেন সালাদ। বারকোড ক্যাফের খাবারের এই পদ নগরের ভোজনরসিকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিন নগরের ২ নম্বর গেট এলাকার এই ক্যাফেতে হানি চিকেন সালাদ খেতে ভিড় করছেন অনেকেই। এক প্লেট হানি চিকেন সালাদের দাম পড়বে ৩৪০ টাকা। দুই থেকে তিনজন অনায়াসেই খেতে পারবে। হানি চিকেন সালাদের পাশাপাশি এই ক্যাফেতে মিলবে আরও দুই পদের সালাদ। এসব সালাদও বেশ ভালোই অর্ডার করছেন ক্যাফেতে আসা তরুণ-তরুণীরা। মূলত ইতালিয়ান ও আমেরিকান খাবারের রেস্তোরাঁ ‘বারকোড ক্যাফে’। যেখানে এসব সালাদের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ইতালিয়ান ও আমেরিকান খাবার।
গত মঙ্গলবার বিকেলে বারকোড ক্যাফেতে কথা হয় ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হকের সঙ্গে। তিনি শোনালেন ২০১৩ সালের ৯ জুলাই যাত্রা করা এই ক্যাফের জনপ্রিয় হয়ে ওঠার গল্প। মাত্র ছয়জন কর্মচারী নিয়ে শুরু হওয়া বারকোড ক্যাফের ধারণক্ষমতা ছিল তখন ৪০ জন। আর বর্তমানে ক্যাফের কর্মচারী সংখ্যা ৩৫ আর ধারণক্ষমতা ১৩০। মঞ্জুরুল হক বলেন, ‘আমি চেয়েছিলাম বাইরের বিভিন্ন দেশের মতো চট্টগ্রামেও বেশ কিছু ক্যাফে থাকুক, যেগুলো হয়ে উঠবে তরুণদের আড্ডার একটি জায়গা। সেই চাওয়া থেকেই বারকোড ক্যাফের যাত্রা শুরু করা।’
মঞ্জুরুল হকের চিন্তার প্রতিফলন দেখা গেল বারকোড ক্যাফের দেয়ালজুড়ে। দরজা ঠেলে ক্যাফের ভেতরে ঢুকতেই সামনের সুপরিসর দেয়ালজুড়ে চোখে পড়বে নানা ধরনের গ্রাফিতি। বিশ্বের বিভিন্ন মনীষীদের জীবনমুখী উৎসাহব্যঞ্জক বাণী দিয়ে সাজানো দেয়াল। খেতে খেতে এসব বাণী পড়ে হয়তো অনুপ্রাণিত হতে পারেন অনেকেই।
মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি খাবারের দাম কম রাখার চেষ্টা করা হয় বলে জানান মঞ্জুরুল হক। এ ক্যাফের বিভিন্ন জনপ্রিয় খাবারের পদগুলোর মধ্যে রয়েছে চিকেন স্টেক মিল, চিটাগং পিৎজা, রিপ ডায়েট–২ ও রিপ ডায়েট–৩। হানি প্রন ৩৭০ টাকা, ফ্রেশ লেমন প্রন ৩৭০ টাকা ও গার্লিক প্রন পটেটো অ্যান্ড টমেটো ৪৬০ টাকায় পাওয়া যাবে। এখানে ১৯০ টাকায় অ্যাসর্টেড সি ফুড স্যুপসহ মিলবে বিভিন্ন দামের প্রায় পাঁচ ধরনের স্যুপ। ৩৪০ টাকা দামের চিকেন স্টেক মিল, হট চিকেন মিলসহ বিভিন্ন দামের ১৮টি চিকেন খাবারের পদ পাওয়া যাচ্ছে এ ক্যাফেতে। এ ছাড়া রয়েছে দুই ধরনের বিফ ও ভেজিটেবল খাবারের পদ। পাশাপাশি রয়েছে ১২ ধরনের সামুদ্রিক খাবারের পদ। বারকোড স্পেশাল লবস্টার পাওয়া যাবে ৩৪০ টাকায়। টমেটো, চিজ, তন্দুরি চিকেন, মাশরুম, গার্লিক ও চিলি দিয়ে তৈরি চিটাগং পিৎজা ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। মধ্যম ধরনের এ পিৎজার জন্য ৭৯০ টাকা। আর বড় পিৎজার জন্য গুনতে হবে ৮৬০ টাকা। চিটাগং পিৎজার পাশাপাশি এ ক্যাফেতে রয়েছে আরও ২৫ ধরনের পিৎজা। বিভিন্ন দামের পাঁচ ধরনের পিৎজা স্যান্ডউইচ, দুই ধরনের পিৎজা রোল, ৯ ধরনের পাস্তা ও ১৪ ধরনের স্পেশাল পাস্তা পাওয়া যাচ্ছে এই ক্যাফেতে। রয়েছে পাঁচ ধরনের বার্গার ও সাত ধরনের শর্মার পদ। তিন ধরনের ফালুদার পাশাপাশি এই ক্যাফের মিন্ট লেমনও বেশ ভালো বলে জানালেন ক্যাফেতে খেতে আসা তরুণ-তরুণীরা।
ক্যাফেতে কথা হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘প্রায় সময় বন্ধুরা মিলে এখানে আসি। গল্প করার পাশাপাশি পড়াশোনার বিষয়েও আলাপ করি। খাওয়াদাওয়ার পাশাপাশি অনেকক্ষণ আড্ডা দেওয়া যায় এখানে।’