হানিকুইনের আগাম ফলনে খুশি চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির পাহাড়ে হানিকুইন আনারসের ফলন এসেছে। আনারসের আগাম ফলনে চাষিরা খুশি। ঢাকা-চট্টগ্রামের ব্যবসায়ীরা বাগানে গিয়ে আনারস কিনতেও শুরু করেছেন।কৃষিবিদ ও চাষিরা জানান, হানিকুইন আনারস সাধারণত বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে পাকতে শুরু করে। চাষিরা আগাম ফলনের জন্য বাগানে বয়স্ক চারা রোপণ করায় প্রায় দেড় মাস আগে ফলন পাওয়া গেছে।রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর রাঙামাটি জেলায় আনারস চাষের লক্ষ্যমাত্রা এক হাজার ৮৫০ হেক্টর। অবশ্য আনারস একবার রোপণের পর কমপক্ষে দুই বছর ফলন হয়। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জায়গায় আনারস উৎপাদিত হয়। হানিকুইন আনারসের উৎপাদন প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মেট্রিক টন।গত বুধবার ছিল রাঙামাটির বাজারগুলোর হাটের দিন। বেশ কয়েকজন চাষি হাটে আনারস বিক্রি করতে এসেছিলেন। একেকটি আনারস বিক্রি করেছেন ২০ থেকে ২৫ টাকায়।ঢাকা থেকে আসা আনারস ব্যবসায়ী মো. মহব্বত আলী (৪৫) বলেন, ‘আনারসের আগাম ফলনের খবর পেয়ে রাঙামাটিতে এসেছি। চাষিদের সঙ্গে দরদাম করে বাগান থেকে আনারস কিনে নিয়েছি। সেখানে প্রতিটি আনারসের দাম পড়েছে ১২ থেকে ১৫ টাকা।’নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার চাষি কৃষ্ণ মোহন চাকমা (৫২) বলেন, ‘আনারসের বাগান করার সময় চারাগুলোকে বাছাই করে দুই ভাগ করেছিলাম। বাগানের যেদিকে বয়স্ক চারা রোপণ করেছি, সেদিকের আনারস পাকতে শুরু করেছে। তবে বৃষ্টি না হওয়ায় আনারস আকারে একটু ছোট হয়েছে।’কৃষিবিদ পবন কুমার চাকমা জানান, আনারসের তিনটি জাতের মধ্যে হানিকুইন সবচেয়ে বেশি ফলে রাঙামাটি জেলায়। অন্য দুটি জাত জায়ান্ট কিউ ও ঘোড়াশালের আবাদ হয় বাকি জেলাগুলোতে।হানিকুইন আনারসের স্থানীয় নাম দেশি আনারস। অন্য জাতের চেয়ে হানিকুইন মিষ্টি, শাঁস গাঢ় হলুদ ও কম আঁশযুক্ত। ফল আকারে ছোট ও ওজন হয় ৫০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত।