হাফিজের জবানবন্দিতে রহস্য উন্মোচিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজুর রহমান
হাফিজুর রহমান

১০ ট্রাক অস্ত্র মামলায় আলোচিত প্রধান চরিত্র তিনি। অস্ত্র খালাসের আগে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠক করে ৫০ লাখ টাকা নেন তিনি। পরে ট্রলার ও শ্রমিক ঠিক করে বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাটে খালাস করেন অস্ত্রগুলো। পুলিশের হাতে ধরা পড়ার পর এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়। কিন্তু অস্ত্রগুলো কারা এনেছেন, কোন দেশ থেকে এসেছে, কার জন্য আনা হয়েছে—সবই ছিল রহস্যে ঘেরা।
মামলার অন্যতম আসামি চোরাকারবারি ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া হাফিজুর রহমান অস্ত্র আনতে যেমন ভূমিকায় ছিলেন, তেমনি ঘটনার ছয় বছর পর আদালতে তাঁর ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেই বেরিয়ে আসে আসল রহস্য। হাফিজের স্বীকারোক্তিতেই বেরিয়ে আসে অস্ত্রগুলো উলফার জন্য আনা হয়েছে এবং এর সঙ্গে দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত। তারপর একে একে গ্রেপ্তার হন সংশ্লিষ্ট আসামিরা। এর আগে ২০০৫ সালের ২৬ অক্টোবর ঢাকার রমনা থানার পুলিশের হাতে আটক হওয়ার পর ১৬১ ধারায় জবানবন্দি দিলেও তৎকালীন সরকার তা গোপন রেখেছিল। এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান রায় ঘোষণা করেন গত বৃহস্পতিবার। রায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হাফিজুর রহমান, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর্যবেক্ষণে বিচারক আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে হাফিজের জবানবন্দির কথা উল্লেখ করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘অস্ত্র আনার অন্যতম নায়ক চোরাকারবারি হাফিজুর রহমান। তাঁর স্বীকারোক্তিতে অস্ত্র মামলার জট খুলে যায়। গ্রেপ্তার হন ঘটনার সঙ্গে জড়িত রাঘববোয়ালরা। হাফিজ তাঁর জবানবন্দিতে অস্ত্র খালাসের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’
তবে এ প্রসঙ্গে রায় ঘোষণার পর হাফিজ আসামির কাঠগড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি অস্ত্র খালাসের সঙ্গে জড়িত নই। আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।’
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্র খালাসের ঘটনায় ‘দেশি-বিদেশি হাইয়েস্ট অথরিটি জড়িত’ বলে যে তথ্য হাফিজ দিয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘রিমান্ডে নির্যাতন করে ভয় দেখানোয় জবানবন্দি দিয়েছি। পরে এটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছি।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, রিমান্ডে হাফিজকে নির্যাতন করা হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আসামি হাফিজুর রহমান মহানগর হাকিম ওসমান গনি ও মো. মাহাবুবুর রহমানের খাসকামরায় ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। অস্ত্র আনার সঙ্গে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজিএফআই ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছেন। সেন্ট মার্টিন থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে অস্ত্রগুলো জাহাজ থেকে দুটি ট্রলারে ভর্তি করা হয়। অস্ত্র খালাসের দিন সিইউএফএল জেটিঘাটে মেজর লিয়াকত হোসেন ‘আবুল হোসেন’ পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অস্ত্র খালাসের বিষয়টি তিনি তদারক করেন। এ ছাড়া গোলাম রসুল, আহাদুর রহমান, সার্জেন্ট মিজানুর রহমান, ইউসুফ আলীসহ ১০ জন সাক্ষী ঘটনায় হাফিজের সম্পৃক্ততার কথা বলেন। সিআইডির দাখিল করা প্রথম অভিযোগপত্র এবং তদন্ত কমিটির প্রতিবেদনেও হাফিজের নাম রয়েছে।
জানা যায়, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের পর হাফিজ মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দেওয়ার আগে ২০০৫ সালের ২৬ অক্টোবর রমনা থানা পুলিশের হাতে আটক হন। এরপর ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় জবানবন্দি দেন। কিন্তু তাঁর সেই জবানবন্দি তখন গোপন রাখে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। ২০০৯ সালে মহানগর হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় ২০০৫ সালে পুলিশের কাছে দেওয়া জবানবন্দির কথা উল্লেখ করেন হাফিজ।