হাভানার হাতছানি ক্রমশ জোরালো
অনশন করতে করতে অনেকবারই মৃত্যুর মুখোমুখি হয়েছেন ভিন্ন মতাবলম্বী কিউবান সাংবাদিক গুইলেরমো ফারিনাস। সর্বশেষ অনশন তিনি করেছিলেন গত ফেব্রুয়ারিতে। শিরায় রক্তবিন্দু জমে মরতে বসেছিলেন। জুলাই মাসে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো অসুস্থ ২৫ জনসহ ৫২ রাজবন্দীকে মুক্তি দিতে রাজি হওয়ার পরই কেবল স্বেচ্ছায় খাওয়া শুরু করতে রাজি হন। এত দিন বেঁচে ছিলেন জোর করে ইনজেকশনের মাধ্যমে যেটুকু ঢোকানো গেছে, তার বদৌলতে। তত দিনে চেহারা হয়েছে হাড্ডিসার। পেটে অগণিত ইনজেকশনের সুঁইয়ের দাগ।দাবি কিছুটা পূরণ হলেও ক্ষান্ত দিচ্ছেন না ফারিনাস। এবার তিনি আহ্বান জানিয়েছেন, কিউবায় যাওয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার। এ দাবি পূরণের দায়িত্ব অবশ্য যুক্তরাষ্ট্রের। ফারিনাসের যুক্তি: কিউবার ওপর থেকে ভ্রমণ-নিষেধাজ্ঞা তুলে নিলে লাখ লাখ মার্কিন দেশটি সফর করবে। আর এতে করে দেশটিতে পরিবর্তন আসতে বাধ্য।যুক্তরাষ্ট্রে কাস্ত্রোবিরোধী লবি এখনো শক্তিশালী। পুঁজিবাদী মার্কিন দেশের নাকের ডগায় বসে থাকা এই কমিউনিস্ট দুর্গ নিষিদ্ধ দ্বীপ হয়েই থাকুক—এটাই তারা চায়। এত দিন মার্কিন পর্যটকদের কিউবায় যেতে দেওয়ার পক্ষে যত উদ্যোগ নেওয়া হয়েছে, কার্যত তার সবই ঠেকিয়ে দিতে পেরেছে এই লবি। কিন্তু ক্রমেই অধিকসংখ্যক প্রভাবশালী কিউবান ও মার্কিন এ দাবিতে সোচ্চার হয়ে উঠছেন। তাঁদের কথা হচ্ছে: কিউবাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার ৫০ বছর ধরে চলা নীতিটি ব্যর্থ হয়েছে।এখন সব ধরনের স্বার্থগোষ্ঠী-বড় বাণিজ্যিক গোষ্ঠী, মানবাধিকার সংগঠন, খামারি, ধর্মীয় সংগঠন এমনকি অনেক কিউবান বংশোদ্ভূত মার্কিন একজোট হয়ে মার্কিন কংগ্রেসে একটি বিলের জন্য কাজ করছেন। বিলটি ভ্রমণ-নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়াও কিউবায় মার্কিন কৃষিপণ্যের বিক্রির ওপর আরোপিত বিধিনিষেধ আরও শিথিল করবে।কট্টরপন্থী কিউবান-আমেরিকানরা (কিউবা ত্যাগ করে যুক্তরাষ্ট্রে যাওয়া বা তাঁদের বংশধর) গুরুত্বপূর্ণ আইনপ্রণেতাদের চাপ দিয়ে বিলটি ঠেকানোর চেষ্টা করবেন। কিন্তু একটি বিলের মধ্যেই ভ্রমণ ও খাদ্যবিষয়ক ব্যবস্থা তুলে ধরায় এটি কৃষিপ্রধান অঙ্গরাজ্যের অনেক আইনপ্রণেতারই সমর্থন পেয়েছে। ওই সব আইনপ্রণেতার আওতাধীন খামারিরা কিউবায় তাঁদের পণ্য বেচতে উত্সুক।বিলটি জুনের শেষে প্রতিনিধি পরিষদের কৃষি কমিটির অনুমোদন পেয়েছে। এটি এরপর হয় পররাষ্ট্রবিষয়ক কমিটিতে যাবে বা প্রতিনিধি পরিষদে ভোটে উঠবে। প্রসঙ্গত, পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এর পক্ষে।প্রতিনিধি পরিষদে উতরে গেলে সবার নজর যাবে সিনেটের দিকে। সেখানে কিউবান-আমেরিকান সিনেটর রবার্ট মেনেনডেজ ফিলিবাস্টারিং করার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে গত মাসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের দুই সিনেটর এক বিবৃতিতে বলেছেন, বিলটি সিনেটেরও অনুমোদন পাওয়ার মতো যথেষ্ট ভোট পাবে বলেই তাঁরা মনে করেন।অনেক দিন ধরেই কিউবার সঙ্গে ব্যবসা বাড়ানোর ব্যাপারে সমর্থন দিয়ে আসা মার্কিন ব্যবসায়ী ও কৃষিবিষয়ক লবিস্টরা মনে করছেন, প্রেসিডেন্ট ওবামা তাঁদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিতে পারেন। ওবামা ক্ষমতায় আসার কিছুদিন পরই কিউবান বংশোদ্ভূত মার্কিনদের দেশটিতে ভ্রমণ ও টাকা পাঠানোর নিষেধাজ্ঞা তুলে নেন। এখন কিউবার বাজার ধরতে মার্কিন প্রভাবশালী ব্যবসায়ীদের লবিস্টরা কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করছেন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার জন্য। মার্কিন চেম্বার অব কমার্স এবং ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলসহ দেশটির প্রভাবশালী ব্যবসায়ী মহল বলছে, এটি একটি গুরুত্বপূর্ণ ভোট। মার্কিন কৃষকদের উত্পাদিত সয়াবিন, ভুট্টা, গম ও পোলট্রিসামগ্রীর বড় বাজার কিউবা। ২০০০ সাল থেকে কিউবায় এসব পণ্য রপ্তানির ওপর ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুতই কিউবায় সবচেয়ে বড় কৃষিপণ্য রপ্তানিকারক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু আইনগত বিধি-নিষেধের কারণে কিউবা ক্রমেই কৃষিপণ্যের জন্য ব্রাজিল ও চীনের মতো দেশগুলোর দিকে ঝুঁকে পড়ছে। কিউবার সঙ্গে ব্যবসা করতে হলে মার্কিন ব্যবসায়ীদের একটি তৃতীয় দেশের ব্যাংক ব্যবহার করতে হয়। এ ছাড়া মার্কিন পর্যটকদের কিউবা ভ্রমণের অনুমতি দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সুফল বয়ে আনবে। এটি কিউবায় মার্কিন পণ্যের চাহিদা বাড়াতে সাহায্য করবে। টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি গত মার্চে করা এক গবেষণায় দেখিয়েছে, সমাজতান্ত্রিক দেশটির ওপর থেকে ভ্রমণ ও আর্থিক খাতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে মার্কিন রপ্তানি বছরে ৩৬৫ মিলিয়ন ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে দেশটিতে ছয় হাজার নতুন চাকরির সুযোগও তৈরি হবে। ব্র্যাটল গ্রুপ নামের আরেকটি মার্কিন পরামর্শক সংস্থা বিশ্লেষণ করে দেখিয়েছে, কিউবায় মার্কিন পর্যটন বাড়লে যুক্তরাষ্ট্রের মোট অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি) বছরে প্রায় ১৬০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। সৃষ্টি হবে প্রায় ২৩ হাজার চাকরি। ন্যাশনাল ট্যুর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লিসা সিমন মনে করেন, মার্কিন মুলুকে বেকারত্বের যে সংকট তৈরি হয়েছে তার কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব এর মাধ্যমে।দেশ দুটির সম্পর্ক উন্নয়নের এ আকুলতা শুধু একপক্ষীয় ভাবলে ভুল হবে। কিউবারও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানো দরকার। বিদেশি মুদ্রার অভাব রয়েছে তার। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা তুলে নেয় সে জন্য কিউবা মানবাধিকার প্রশ্নে সম্প্রতি বেশ কিছু ছাড় দিয়েছে। রাউল কাস্ত্রো ৫২ জন রাজবন্দীকে মুক্তি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। বাস্তব পরিস্থিতি দেখে-শুনে মনে হচ্ছে, কিউবা ও যুক্তরাষ্ট্র নিজ নিজ স্বার্থে পরস্পরের প্রতি আরও সহনশীল হওয়ার দিকেই যাচ্ছে। মায়ামি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রভোস্ট অ্যান্ডি গোমেজের করা একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মায়ামির শতকরা ৬৪ জন মার্কিন বংশোদ্ভূত কিউবানই মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত একতরফাভাবেই ভ্রমণ-নিষেধাজ্ঞা তুলে নেওয়া। উল্লেখ্য, এই ৬৪ শতাংশের মধ্যে সাধারণত রক্ষণশীল হিসেবে পরিচিত প্রবীণেরাও আছেন। আর কংগ্রেস শেষ পর্যন্ত কিছু না করলেও প্রেসিডেন্ট ওবামা নির্বাহী আদেশে ভ্রমণ-নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। লেক্সিনটন ইনস্টিটিউটের কিউবা বিশেষজ্ঞ ফিলিপ পিটার মনে করেন, কিউবার রাজনৈতিক বন্দী মুক্তি দেওয়ার ঘোষণার ফলে সে সম্ভাবনা বেড়েছে। সুতরাং হাভানা ভ্রমণে আগ্রহী মার্কিনরা এখনই টিকিট বুক না করলেও অন্তত গাইড বই পড়া শুরু করতেই পারেন। সূত্র : নিউজউইক