সিরিয়ায় দুই বছর আগে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ গৃহযুদ্ধে রূপ নিয়েছে অনেক আগেই। প্রতিদিন বোমা, গুলি আর ক্ষেপণাস্ত্রের হামলায় সেনা ও বিদ্রোহীদের পাশাপাশি প্রাণ হারাচ্ছে বহু সাধারণ মানুষ। প্রেসিডেন্ট বাশার ও তাঁর বিরোধীরা দুপক্ষই যার যার অবস্থানে অনড়। দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি যুক্তরাজ্যের বহুল প্রচারিত দ্য সানডে টাইমস পত্রিকার সঙ্গে কথা বলেছেন বাশার। তাঁর চুম্বক অংশ:আপনি যে রাজনৈতিক সংলাপের প্রস্তাব দিয়েছিলেন, প্রধান বিদ্রোহী গোষ্ঠীগুলো তা নাকচ করে দিয়েছে। তবে কিছু বিরোধী পক্ষ আছে, যারা আপনার নেতৃত্ব মানে। আপনি আসলে কাদের সঙ্গে সংলাপ করতে চান?প্রথমত যাঁরা সংলাপে বিশ্বাসী, তাঁদের সঙ্গে বসতেই আমি আলোচনার প্রস্তাব দিয়েছি। দ্বিতীয়ত, আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি নয়, সিরিয়ার সর্বস্তরের জনগণের প্রতি সংলাপের আহ্বান জানাই। কেউ কেউ আমার আহ্বান শুধু কয়েকটি গোষ্ঠীর প্রতি বলে মনে করতে পারেন। কিন্তু সিরিয়ার ভবিষ্যৎ শুধু যাঁরা নেতৃত্বে আছেন, তাঁরাই নির্ধারণ করবেন—তা হবে না। এখানে সব মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে হবে। আর আমরা বিরোধীদের সঙ্গে সংলাপে বসব, সন্ত্রাসীদের সঙ্গে নয়। মূলত পুরো বিশ্বই বিদ্রোহীদের পেছনে। সিরিয়ার বাইরে থাকা বিদ্রোহী নেতারা সংলাপের প্রস্তাব নাকচ করে একে ‘সময়ের অপচয়’ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, এ প্রস্তাব ‘বাস্তবতাবিবর্জিত’। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, ‘ভণ্ডামি’।সিরিয়া সরকার প্রায় দুই বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া সরকারের পক্ষে এটা সম্ভব হতো না। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বেশির ভাগ ব্রিটিশ নাগরিক চায় না, সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়তে বিদ্রোহীদের অস্ত্র দেওয়া হোক। অথচ তারা বিদ্রোহীদের অস্ত্র দিতে চাচ্ছে। আমি একেই বাস্তবতাবিবর্জিত কাজ বলব। আর ‘ভণ্ডামি’? আপনি যখন মুখে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন, অন্যদিকে ইউরোপে সিরিয়ার টিভি চ্যানেল বন্ধ করে দেন; একদিকে মানবাধিকারের কথা বলেন, আর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় শত শত মানুষকে হত্যা করেন, সেটাই আসল ভণ্ডামি।আপনি সব সময় বলছেন সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছেন। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জাবাত আল নুসরা ছাড়াও ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) সরকারের বিরুদ্ধে লড়ছে—এটা তো স্বীকার করেন? এফএসএর সঙ্গে বেশ কিছুসংখ্যক পক্ষত্যাগী সরকারি সেনাও আছেন। আছেন সাধারণ মানুষ। তাঁরা তো সন্ত্রাসী নন।এফএসএ আসলে একটি ব্যানার। এর আড়ালে অপরাধী, মাদক পাচারকারী বিভিন্ন চক্র জড়ো হয়েছে। এই চক্রগুলো টাকার বিনিময়ে সবকিছুই করতে পারে। এফএসএর আড়ালে শত শত অপরাধী গোষ্ঠী রয়েছে। তবে হ্যাঁ, এর মানে এটা নয় যে শুরুতে সরকারবিরোধী আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। অনেক মানুষই সিরিয়ায় পরিবর্তন আনতে চেয়েছিল। এ কথা আমি অনেক জায়গায় স্বীকার করেছি। এ কারণেই আমি বলছি, সংলাপ সিরিয়ার ভবিষ্যতের জন্য। অনেক পক্ষই আছে যারা এখনো পরিবর্তন চায়। কিন্তু তারা সন্ত্রাসের বিরুদ্ধে। তারা এখনো সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়নি। যুক্তরাষ্ট্র সম্প্রতি বলেছে, বিদ্রোহীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করবে। অপরাধীকে নৈতিক ও অন্য যেকোনোভাবে যারা সহায়তা দেয়, তারাও দায়ী। সিরিয়া এখন ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও মতাদর্শগতভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। সিরিয়ায় কোনো ধরনের আগ্রাসন পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এই অঞ্চল অস্থিতিশীল হলে তার মূল্য আজ হোক বা কাল হোক ইউরোপ-আমেরিকাকে দিতেই হবে। ইসরায়েল যদি বিমান হামলা চালায়, কী করবেন? পাল্টা হামলা চালাবেন?সব সময় সিরিয়া পাল্টা ব্যবস্থা নিয়েছে। কিন্তু সেটা নিজেদের মতো করে। এটা আমি প্রকাশ করব না। আমি কী বলতে চাচ্ছি, ইসরায়েল তা জানে।সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, ইসলামি জঙ্গিদের হাতে চলে যেতে পারে ওই রাসায়নিক অস্ত্র? আপনার মনে কি সেই আশঙ্কা রয়েছে। সে রকম হলে তা কতটা ভয়াবহ হবে?যেসব আশঙ্কা করা হচ্ছে তা সবই অনুমাননির্ভর। তা যা-ই হোক, আমরা আমাদের অস্ত্রের ব্যাপারে কারও সঙ্গে কোনো কথা বলব না। আর সিরিয়ার অস্ত্রের ব্যাপারে এ ধরনের কথা বলা হচ্ছে এ দেশে সামরিক হামলাকে জায়েজ করার জন্য। সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে রাশিয়া, ইরান ও কট্টরপন্থী সংগঠন হিজবুল্লাহর ভূমিকা কী? রাশিয়া ও ইরান কি সিরিয়াকে অস্ত্র দিচ্ছে?রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে সিরিয়াকে শুধু প্রতিরক্ষামূলক অস্ত্র দিচ্ছে। রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে সিরিয়াকে সহায়তা দিচ্ছে। রাশিয়ার অবস্থান গঠনমূলক, ইরান সহায়ক আর হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করতেই ভূমিকা পালন করছে। অন্যদিকে কাতার, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসবাদে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিচ্ছে।শান্তি উদ্যোগের ব্যাপারে আপনার অবস্থান স্পষ্ট করবেন একটু? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি মত দিয়েছেন সিরিয়ার সরকারের আরও নমনীয় হওয়া প্রয়োজন। কিন্তু আপনি ‘হ্যাঁ’ও বলছেন না, ‘না’ও বলছেন না।একজন রাজনীতিকের কাছ থেকে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর আশা করতে পারেন না। আপনি তাঁর লক্ষ্য জানতে পারেন। আমার লক্ষ্য স্পষ্ট—যারা আমাদের সঙ্গে চুক্তি করতে চায়, করতে পারে। এটা স্পষ্ট—কোনো সময় ক্ষেপণ নয়।যদি দুই বছর আগে ফিরে যাওয়া যেত তাহলে কি কোনো কিছু অন্যভাবে করতেন আপনি? আপনার কি মনে হয়, কোনো ভুল করেছেন? যা অন্যভাবে করতে পারতেন?বর্তমান পরিস্থিতির জন্য শুধু আমি দায়ী হলে এটা বলতে পারতেন। কিন্তু সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বাইরের খেলোয়াড়েরাও জড়িত। এই প্রশ্নটি তাদেরও করতে হবে। তুরস্ক, কাতার, সৌদি আরবকে এ ব্যাপারে জিগ্যেস করুন।আপনি কি কখনো সিরিয়া ছেড়ে নির্বাসনে যাওয়ার কথা ভেবেছেন? সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিদেশে চলে যাওয়ার চিন্তা আছে কি?দেশপ্রেমিক কেউ দেশ ছেড়ে যেতে পারেন না। আমি সিরিয়ার দেশপ্রেমিক জনগণেরই একজন।ভাষান্তর: মাহফুজার রহমান