হামলার লক্ষ্যবস্তু শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটে এবার সহিংসতার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ১০ সেপ্টেম্বর সকালে আন্দোলনকারীরা উপর্যুপরি ককটেল এবং ইটপাটকেল নিক্ষেপ করে ১২ জন শিক্ষকসহ অন্তত ১৪ জনকে আহত করে। এর আগে অবরোধ সফল করতে শাটল ট্রেনেও বোমা হামলা চালানো হয়েছিল। পুলিশ ও ছাত্রলীগের অভিযোগ, দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে ডাকা ধর্মঘট সফল করতে সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরই এই হামলা চালাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষকদের ওপর ককটেল হামলার ঘটনা এই প্রথম হলেও ১৯৯৮ সালের ১৮ মে শিক্ষকবাসে গুলি চলিয়েছিল অবরোধকারীরা। সে ঘটনায় বাসে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ছেলে মুশফিক সালেহীন নিহত হন। ওই ঘটনার জন্যও ছাত্র শিবিরকে দায়ী করা হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরই এ নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমের কাছে নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি তাঁরা। তাঁদের দাবি, যে দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার জন্য এ ধর্মঘট শুরু হয়, সে দুটি ছাত্রাবাস বন্ধের আগ পর্যন্ত শিবিরের নিয়ন্ত্রণে ছিল। গত ৩১ আগস্ট থেকে ছাত্রাবাস খুলে দিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দিতে শিবিরই অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেয়।
পুলিশও এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘যেহেতু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরই এই ধর্মঘটের ডাক দিয়েছে, সেহেতু আমরা মনে করি শিবিরের কর্মীরাই এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর এ পর্যন্ত ১৫ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছি আমরা। তাঁদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ১০ সেপ্টেম্বর ঘটনার দিন ক্যাম্পাসের খতিব মঞ্জিল ভবনে অবস্থিত শিবিরের মেসে অভিযান চালিয়ে ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়। সেদিন নানা স্থান থেকে পাঁচ শিবির কর্মীকে আটকও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের ওপর হামলার আগে ধর্মঘটের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটায় আন্দোলনকারীরা। এরপর প্রায় প্রতিদিন শাটল ট্রেন লক্ষ্য করে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করা হয়। ১ সেপ্টেম্বর নগরের ফতেয়াবাদ এলাকায় ককটেল নিক্ষেপ করলে ট্রেনে অবস্থান করা পাঁচ শিক্ষার্থী আহত হন। এ ছাড়া ধর্মঘট চলাকালে দুবার শিক্ষক পরিবহনকারী দুটি খালি বাসও ভাঙচুর করে আন্দোলনকারীরা। এতে চালক ও সহকারীসহ অন্তত চারজন আহত হন। সর্বশেষ ১০ সেপ্টেম্বর বুধবার শিক্ষকদের ওপর বড় ধরনের হামলার ঘটনা ঘটল।
শিক্ষার্থীরা জানায়, ধর্মঘটের প্রথম দিন থেকেই ক্যাম্পাস অচল করতে সক্রিয় ছিল আন্দোলনকারীরা। বিশেষ করে ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়া ছিল তাঁদের প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে প্রথম দফায় শাটল ট্রেনে ককটেল নিক্ষেপ করা হয়। কিন্তু এর পরও বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চলতে থাকায় আন্দোলনকারীরা শিক্ষক ও শিক্ষার্থীদের মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেয়। তবে এতেও বন্ধ হয়নি ক্লাস-পরীক্ষা। তবে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেনি।
আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা: শিক্ষকবাসে বোমা হামলার ঘটনায় আহতদের একজন সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক ফাতেমা তুজ জোহরা সেদিনকার ঘটনা সম্পর্কে বলেন, ‘আমার কানে এখনো প্রচণ্ড ব্যথা। হঠাৎ বাসে আক্রমণের ঘটনায় হতভম্ব হয়ে গেছি। কোনো সাধারণ শিক্ষার্থী দাবি আদায়ের জন্য এভাবে শিক্ষকদের ওপর হামলা করতে পারে না। এমন হামলা হতে পারে কখনো কল্পনাও করিনি।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘এ ঘটনার পর থেকে শিক্ষকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করছি। ১৭ সেপ্টেম্বর শিক্ষক সমিতির জরুরি বৈঠক আছে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
১ সেপ্টেম্বর আন্দোলনকারীদের ছুড়ে মারা ককটেলের আঘাতে আহত হন প্রীতম দাশসহ অন্তত পাঁচ শিক্ষার্থী। নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রথম আলোকে তিনি বলেন, ‘ক্যাম্পাসে যাওয়ার সময় ট্রেন চৌধুরীহাট এলাকায় পেঁৗছালে কিছু যুবক ১০-১২টি ককটেল নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখনো আতঙ্কে ভুগছি। ওই ঘটনার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হলে আর হামলার ঘটনা ঘটত না।’
ছাত্রসংগঠনের বক্তব্য: শাটল ট্রেন ও শিক্ষকবাসে হামলার ঘটনার সঙ্গে শিবির জড়িত বলে দাবি করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনার সঙ্গে শিবিরই জড়িত। আজ পর্যন্ত ছাত্রলীগ কখনো শিক্ষকদের ওপর হামলা চালায়নি।
এ ব্যাপারে ছাত্র শিবিরের একাধিক নেতা–কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ: ধর্মঘটের প্রথম দিন থেকে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জড়িতদের শাস্তির মুখোমুখি করার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। ধর্মঘটের প্রথমদিককার সহিংসতার বিচার হলে ১১তম দিনে শিক্ষকবাসে হামলা হতো না বলে মনে করেন তাঁরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ্ দৌল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা ধর্মঘটের শুরু থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে বলেছিলাম। পুলিশ পদক্ষেপও নিয়েছিল। কিন্তু শিক্ষকবাসে এমন হামলা হবে সেটা আমরা ভাবিনি।’