হামহামনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকা, ব্লগ এবং ‘আমি কি আর কিছুরে ডরাই’ টাইপ বন্ধুদের জ্বালায় এমন অবস্থা যে হামহাম নামক নব আবিষ্কৃত ঝরনাখানা না দেখলে নিজের জাত নিয়া টানাটানি পড়ার সম্ভাবনা পার্সেন্ট স্কেলে স্ফুটনাঙ্কের কাছাকাছি। তাই শেষমেশ কোনো এক শুক্রবারের আরামদায়ক জীবনকে উৎসর্গের মতো মহান কোনো সিদ্ধান্তে উপনীত হতে হলো। দলের সাহসী অভিযাত্রীদের অধিকাংশই ‘আইলসা’ টাইপ, ছুটির দিনগুলোতে কে কার চেয়ে বেশি ঘুমাতে পারে, এই প্রতিযোগিতাই আমাদের সবচেয়ে প্রিয়।তাহলে প্রথমেই দেখা যাক কীভাবে যেতে হবে হামহাম। হামহাম হলো মৌলভীবাজারের রাজকান্দি বনের গভীরে একটি ঝরনা। শ্রীমঙ্গল থেকে আমরা লেগুনা টাইপের একটি জিপ নিলাম, এতে করে কলাবাগান পর্যন্ত যেতে হবে। প্রথমে পৌঁছালাম ভানুগাছায়, সেখান থেকে যেতে হবে চাম্পরাই নামক জায়গায়, কারণ, সেটা কলাবাগান আর ভানুগাছার মাঝখানে, তার মানে না গিয়ে উপায় নেই। আবার কলাবাগান কিন্তু রাজকান্দির অ্যান্টি, তার মানে আমরা যাব আসলে হামহাম, তার জন্য যেতে হবে কলাবাগান আর কলাবাগান যাওয়ার জন্য আমাদের যেতে হবে চাম্পরাই, আর চাম্পরাই যেতে হলে ভানুগাছা হয়ে যেতে হবে, কিন্তু গাড়ি নিতে হবে শ্রীমঙ্গল থেকে। আমরা কিন্তু যাব হামহাম। হামহাম জায়গাটা মৌলভীবাজারে। কিন্তু শ্রীমঙ্গলে আমরা প্রথম কেন গেলাম?নাহ! তালগোল পাকায়া ফেললাম।(কীভাবে যেতে হবে ব্যাপারটা আমার কাছে ঘোলাটে, কিন্তু সবাইকে যেহেতু কীভাবে যেতে হবে টাইপ কিছু ভ্রমণকাহিনিতে অ্যাড করে দেয়, তাই আমিও একটা দিলাম)রাজকান্দি থেকে আসল ভ্রমণ শুরু হলো। রাস্তার প্রকৃত বর্ণনা কয়েকজন বিশ্বস্ত মানুষকে দেওয়ার চেষ্টা করায় তারা বলছে, ভিতু কোনহানকার, ট্র্যাকিং করতে গেছে। তাই এখানে সংক্ষেপে দিচ্ছি, রাস্তা খুবই সুন্দর, প্রশস্ত এবং নিরাপদ। হাঁটতে গেলে মনে হয়, এই রাস্তায় হাঁটার জন্যই তো আমি জন্মেছিলাম, ‘জন্ম আমার আজন্ম পাপ’—সে কথাটাও যদি একই সঙ্গে মনে হয়, তবে আমলে নেবেন না, পুরা পথ খুবই মোলায়েম, জায়গায় জায়গায় পা দিলেই তাই হাঁটু পর্যন্ত দেবে যায়। আগের দিন বৃষ্টি হওয়ায় আরও বেশি নরম হয়েছে মাটি। জায়গায় জায়গায় গ্যাপ, সেখানে দুটি বাঁশ রাখা, পথপ্রদর্শক বললেন, ‘বাঁশে পা দিবেন না, পিছলা হইয়া আছে, লাফ দেন।’ শেষ কবে লং জাম্পে জাতীয় পুরস্কার অর্জন করছিলাম মনে নেই, তবে তার কথায় কনভিন্সড না হয়ে পারলাম না।একটু পর শুরু হলো ঝিরি পথ, পুরো পথে নানা ধরনের জোঁকেরা ওত পেতে ছিল, এসব অবশ্য গোনায় না ধরাই ভালো।সামনে হঠাৎ হুল্লোড়, দেখি একটা শৈলপ্রপাত। পানির স্পিড দারুণ। সেই পানিতে সামান্য উল্লাস করতে গিয়েই আছাড় খেলাম। এটা প্রথম আছাড় ছিল না, নরম মাটিতে স্যান্ডেল আটকে খানিক আগে আরেকটা আছাড় খেয়েছিলাম। ঠিক তখনই বিশ্রী এক প্রবাদ মনে পড়ে গেল ‘এভিরিথিং দ্যাট হ্যাপেন্স ওয়ান্স ক্যান নেভার হ্যাপেন এগেইন। বাট এভরিথিং দ্যাট হ্যাপেন্স টুয়াইস উইল শিওরলি হ্যাপেন এ থার্ড টাইম’ (এবং হ্যাঁ, সব মিলিয়ে তিনটা আছাড়ই খেলাম, থার্ডটাও আরেক শৈলপ্রপাতে লাফ-ঝাঁপ করার সময়)মোকাম টিলাটাও মনোরম, সুন্দর পিচ্ছিল, বাঁশগাছে পরিপূর্ণ, নরম কাঁদাময় (না, বানান ঠিকই আছে, চন্দ্রবিন্দুই হবে), বাঁশের গোড়া ধরে ধরে এগোতে হয়। আমাদের এক বন্ধুর সামনে সড়াৎ করে একটা সাপ পড়ল ওপর থেকে, সাপগুলো মিশুক টাইপ না, তাই অন্য পথে চলে গেল। তাতে অবশ্য আমাদের বন্ধুবর কেন জানি খুশিই হলো।মোকাম টিলার বিকল্প একটা পথ আছে। সেটা জানার পর আমরা গাইড মামাকে বললাম, ‘ধুর মিয়া, অন্য পথ থাকতে এই পথে আনলা কী মনে কইরা!’ফেরার সময় অবশ্য আমরা সেই বিকল্প পথে এসে মামার সঙ্গে আরেক দফা চিল্লাচিল্লি করলাম, ‘মিয়া এই পথ যে মোকাম টিলার দশ গুণ বেশি বড় আর বিপজ্জনক, এইটা কইবা না।’হঠাৎ ভীষণ আওয়াজ শুরু হলো, সঙ্গে মানুষজনের হুল্লোড়, বুঝলাম, আমরা চরম সত্যের অতি নিকটবর্তী। বাঁক পেরোতেই দুই পাশের পাহাড়ি পথ সরে গেল, আর সামনে বিশাল সে ওয়াটার ফল, আমাদের এত কষ্টের ফলাফল-জলসহ পপাতধরণিতল—সে ধারালো ধারায় আমরা আপ্লুত, অশ্রুসিক্ত, মীনক্ষোভাকুল কুবলয় (ধুর! ইমোশনাল হয়ে যাচ্ছি) যা হোক, মূলকথা যা লাভ করলাম, তা কহতব্য নয়, দর্শনতব্যই কেবল। তাই বর্ণনা বাড়ালাম না।সর্বশেষ এখনো যাঁরা অনুপ্রাণিত হতে পারেননি, তাঁদের জন্য হামহাম ভ্রমণের অন্যতম লাভগুলো দেওয়া হলো—আপনারা হামহাম জয় করে এলে—ফেসবুকে একখান স্ট্যাটাস দিতে পারবেন ‘ঘুইরা আসলাম হামহাম, OMG, হোয়াট এ বিউটি’ ‘হামহাম কীভাবে যাইতে হবে’ এ-বিষয়ক সংখ্যালঘু পরামর্শদাতাদের একজন হওয়ার বিরল সম্মাননা লাভ করতে পারবেন।বিভিন্ন আড্ডা বা কথোপকথনে ‘দুর্গম পথ কোনো বিষয় হইলো’ টাইপ সাহসী ডায়ালগ দিতে পারবেন।চৌধুরী সাহেব টাইপ কেউ যদি চট করে চ্যালেঞ্জ করে বসে—তোমার কী যোগ্যতা আছে, সে ক্ষেত্রে অন্য যোগ্যতার পাশাপাশি ‘হামহাম বিজয়ী’ যোগ্যতাটিও যোগ করতে পারবেন! সুতরাং আর দেরি নয়, আজই ঘুরে আসুন হামহাম!