হামাস-ফাতাহ সমঝোতা নিয়ে প্রতাশা
দীর্ঘ প্রায় চার বছর পর দুই প্রধান ফিলিস্তিনি দল ফাতাহ ও হামাসের মধ্যে বিরোধের আপাত অবসান হলো। মিসরের মধ্যস্থতায় গত ৪ মে কায়রোতে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী বর্তমানে ফিলিস্তিনের দুই অঞ্চল নিয়ন্ত্রণকারী ফাতাহ ও হামাসের নেতাদের নিয়ে শিগগিরই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এক বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা হবে ওই সরকারের কাজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোনো পক্ষে সদিচ্ছার অভাব দেখা যায়নি। হামাসের খালেদ মিশাল বলেন, সমঝোতার জন্য হামাস ‘যেকোনো মূল্য’ দিতে প্রস্তুত। অন্যদিকে ফিলিস্তিনিরা ‘বিবাদের কালো অধ্যায় চিরদিনের জন্য অবসানের’ সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ ছাড়া ইসরায়েলকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এখন ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন অথবা শান্তি এ দুটির যেকোনো এক পথ বেছে নিতে হবে। বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরকে খুবই ইতিবাচকভাবে দেখছে ফিলিস্তিনের জনগণ। চুক্তি স্বাক্ষরের দিন হাজার হাজার ফিলিস্তিনি পশ্চিম তীর ও গাজায় সমবেত হয়। তারা নেচে-গেয়ে, আতশবাজি পুড়িয়ে চুক্তিকে স্বাগত জানায়। ‘ফিলিস্তিনিরা বিরোধের মীমাংসা চায়’ এমন স্লোগান লেখা ব্যানার দেখা যায় অনেকের হাতে। উল্লাসরত একজন ফিলিস্তিনি বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আজ যেন আমাদের স্বাধীনতার দিন।’ ছাত্রী ইবা রাজেক বলেন, ‘চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আমরা উচ্ছ্বসিত। হামাস ও ফাতাহর সমন্বয়ে মতৈক্যের সরকার ও নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব।’ সম্প্রতি তরুণেরা সব দ্বন্দ্ব ভুলে ফিলিস্তিনিদের ঐক্যের দাবিতে ‘মার্চ ১৫ আন্দোলন’ শুরু করেন। ফাতাহ ও হামাসের সমঝোতাকে অনেকেই এই তরুণদের সাফল্য হিসেবে দেখছেন। সমঝোতা চুক্তির সমর্থনে ওই তরুণেরা বিশাল গণসমাবেশেরও আয়োজন করেন। তবে ‘মার্চ ১৫ আন্দোলনের’ একজন নাম প্রকাশে অনিচ্ছুক সদস্য চুক্তিটি সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘চুক্তির বিষয়টি ইতিবাচক। তবে এটা বাস্তবে প্রতিফলিত হতে হবে। মনে রাখতে হবে, কয়েক টুকরো কাগজে সই করা মানেই সমঝোতা নয়।’ ফিলিস্তিনের সর্বাধিক প্রচারিত পত্রিকা আল-কুদ্সও চুক্তির সংবাদ প্রকাশে সতর্কতা দেখিয়েছে। পত্রিকাটির শিরোনাম করা হয়েছে ‘শুধু সই নয়, সমঝোতা চুক্তি বাস্তবায়িত হতে হবে’।হামাস ও ফাতাহর সমঝোতা চুক্তিকে ভালোভাবে নেয়নি ইসরায়েল। তারা হামাসকে সন্ত্রাসবাদী দল বলেই মনে করে। চুক্তি স্বাক্ষরের আগে মাহমুদ আব্বাসকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুটা হুমকির সুরেই বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে অবশ্যই ইসরায়েলের সঙ্গে শান্তি, নয়তো হামাসের সঙ্গে শান্তি—এ দুটির একটি বেছে নিতে হবে। চুক্তির পরে নেতানিয়াহুর মন্তব্য ছিল, ‘এই চুক্তির ফলে সন্ত্রাসবাদের বিজয় হয়েছে।’ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মাতান ভিলনাই বলেন, হামাসের অবস্থা নড়বড়ে হয়ে যাওয়ার মুহূর্তে ফাতাহ তাদের সঙ্গে চুক্তি করে ভুল করেছে। ফাতাহর বোঝা উচিত ছিল, হামাস কেন সমঝোতা করতে চায়। চুক্তি স্বাক্ষর করার আগে মাহমুদ আব্বাসের উচিত ছিল ইসরায়েলকে স্বীকৃতিদান ও সন্ত্রাসের পথ ছেড়ে দেওয়ার বিষয়ে হামাসের ঘোষণা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হামাসকে সন্ত্রাসবাদী দল বলেই মনে করে। যুক্তরাষ্ট্র ও ইইউ মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। হামাসের সঙ্গে চুক্তির পর তারা কী করবে সেটা দেখার বিষয়। আবার চুক্তি অনুযায়ী হামাস ও ফাতাহ নেতাদের সমন্বয়ে মতৈক্যের সরকার গঠন করার পর হামাস যদি ওই অর্থের হিসাব-নিকাশ চায় তাহলে ফাতাহর প্রতিক্রিয়া কী হবে সেটাও চিন্তার বিষয়। তবে এই মুহূর্তে পাশ্চাত্য অপেক্ষার নীতি অনুসরণ করছে। ফাতাহ-হামাস চুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তারা পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য অপেক্ষা করছেন। ইইউর বিদেশবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ফাতাহ ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি ভালোভাবে খতিয়ে দেখার পর ইইউ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসপ্রধান খালেদ মিশাল বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা, ফিলিস্তিনের সরকার পরিচালনা, পররাষ্ট্রবিষয়ক নীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো তৎপরতায় হামাস ও ফাতাহ একমত হয়েই সিদ্ধান্ত নেবে।ফাতাহ মনে করে, চুক্তির ফলে মাহমুদ আব্বাসের হাত আরও শক্তিশালী হয়েছে। মাহমুদ আব্বাসের সাবেক ঘনিষ্ঠ সহযোগী দায়না বুট্টু বলেন, ‘আমার মনে হয়, এই চুক্তি করে হামাস সহিংসতার পথ থেকে সরে আসছে। আর ফাতাহ সরে আসছে ইসরায়েলের সঙ্গে আলোচনার পথ থেকে। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও দৃঢ় প্রতিবাদ করা ফিলিস্তিনের জন্য সহজ হবে।’ তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের এই কৌশল হয় দ্রুতই অকার্যকর হবে, নয়তো একেবারে নতুন কায়দায় সবকিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।হামাস- ফাতাহ দ্বন্দ্বজানুয়ারি ২০০৬: ফিলিস্তিন কর্তৃপক্ষের আইনসভার নির্বাচনে জয়লাভ করে কট্টরপন্থী সংগঠন হামাস। মার্চ ২০০৬: হামাস সরকার শপথ নেয়। যুক্তরাষ্ট্র ও ইইউ ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্থগিত করে।ফেব্রুয়ারি-মার্চ ২০০৭: ফাতাহ ও হামাস নিজেদের মধ্যে দ্বন্দ্ব অবসানে মতৈক্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়।জুন ২০০৭: হামাস-ফাতাহ চরম বিরোধের একপর্যায়ে হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। মতৈক্যের সরকার ভেঙে যায়। ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত গাজার ওপর কড়া অবরোধ আরোপ করে। মে ২০১১: হামাস-ফাতাহ সমঝোতা চুক্তি স্বাক্ষর। মাহফুজার রহমান