খালেদ মেশাল প্রভাবশালী কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা। গাজার শাসন এখন তাঁর দলেরই নিয়ন্ত্রণে। অনেক ফিলিস্তিনির কাছে মেশাল প্রতিরোধ ও জাতীয়তাবাদের প্রতীক। অন্যদিকে ইসরায়েলিদের কাছে তাঁর পরিচয় বহু আত্মঘাতী বোমা ও রকেট হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে। সম্প্রতি দামেস্কে নিউজউইক-এর মুখোমুখি হন মেশাল।নিউজউইক: ইসরায়েলি নেতাদের সঙ্গে (ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট) মাহমুদ আব্বাসের আলোচনার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কী?খালেদ মেশাল: এই আলোচনার কোনো ভবিষ্যৎ নেই এবং কোনো শেষও নেই। ফিলিস্তিনি আলোচক ইসরায়েলিদের ওপর চাপ প্রয়োগের কোনো উপায় ছাড়াই আলোচনায় বসতে যাচ্ছেন। নিউজউইক: ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী আব্বাস যদি কোনোভাবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছাতে পারেন তাহলে আপনি কি তা মেনে নেবেন?খালেদ মেশাল: আপনার তাত্ত্বিক প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয়, তেমনটাও (দ্বি-রাষ্ট্রীয় সমাধান) ঘটবে বলে আশা করা হচ্ছে না। তবে সব ফিলিস্তিনির অবস্থান স্পষ্ট। তারা চায় ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র, যার রাজধানী হবে জেরুজালেম। ভূমি ও সীমান্তের ওপর এই রাষ্ট্রের প্রকৃত সার্বভৌমত্ব থাকবে এবং কোনো (ইসরায়েলি) বসতি থাকবে না।নিউজউইক: হামাসের ভূমিকা কী হবে?খালেদ মেশাল: হতাশাজনক ও তিক্ত আলোচনার প্রেক্ষাপটে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা খতিয়ে দেখছি আমরা। এত দিনের আলোচনার শিক্ষা হলো, ইসরায়েলের ওপর সত্যিকারের চাপ প্রয়োগ ছাড়া তারা ১৯৬৭ সালের সীমান্ত বরাবর নিজেদের প্রত্যাহার করে নেবে না। তাই প্রতিরোধ হলো প্রকৃত উপায়। অবশ্যই আমরা রাজনীতি ও কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে—প্রতিরোধই হলো ভিত্তি। নিউজউইক: কী শর্তে আপনি সহিংসতা বন্ধ করবেন?খালেদ মেশাল: আমি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলাম। আমি পদার্থবিদ্যা ও গণিতের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। কারণ, সেগুলো দ্ব্যর্থহীন। এটা স্পষ্ট যে ইসরায়েলি দখলদারি অব্যাহত রয়েছে এবং সে জন্যই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি।নিউজউইক: প্রতিরোধ বা লড়াই কখন বন্ধ হবে? খালেদ মেশাল: দখলদারির অবসান হলেই তা বন্ধ হবে।নিউজউইক: এমন দিন কখন আসবে, যখন আপনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারবেন? খালেদ মেশাল: (স্মিত হাসি) আমি ফলাফলে বিশ্বাসী। ফিলিস্তিনি জনগণ কখন ইসরায়েলি দখলদারি ও বসতি স্থাপনের কবল থেকে রেহাই পাবে। তাঁদের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক, সেটাই আমি চাই। নিউজউইক: ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ২০০৬ সাল থেকে বহু সহিংস ঘটনা ঘটছে। এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় কী? আপনি কি মনে করেন, অদূর ভবিষ্যতে হামাস ও ফাতাহর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে? খালেদ মেশাল: আমার প্রশ্ন হলো, এই অভ্যন্তরীণ সংঘাত কেন শুরু হয়েছিল। এর কারণ, মার্কিন প্রশাসন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দুর্ভাগ্যজনকভাবে এই অঞ্চলের বিভিন্ন দেশ ২০০৬ সালের নির্বাচনের ফলাফলের স্বীকৃতি দেয়নি। জনগণের ভোটে নির্বাচনে বিজয়ী হামাসের সঙ্গে কাজ করতে রাজি হয়নি তারা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের শাস্তি দিচ্ছে তারা। অথচ এটা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নীতির পরিপন্থী। নিউজউইক: হামাস গাজায় জনপ্রিয়তা হারাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনি কি জনপ্রিয়তা ধরে রাখার কোনো চেষ্টা করছেন? খালেদ মেশাল: বিশ্বের যেকোনো কর্তৃপক্ষেই বিরোধী কিছু লোক থাকে। প্রশ্নটি জনপ্রিয়তা বাড়া বা কমার নয়। প্রশ্ন হলো, আমাদের ১৫ লাখ লোক কীভাবে সাড়ে চার বছরের এই অবরোধ সহ্য করে হামাসপন্থী থাকতে পারে। নিউজউইক: ফিলিস্তিনিদের নিজেদের মধ্যে কোন্দলের প্রভাব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া নিয়ে কি হামাসের মধ্যে আলোচনা হয়?খালেদ মিশাল: আমরা অবশ্যই বুঝি এই বিভেদ এবং অন্তঃকোন্দল হামাস ও বৃহত্তর ফিলিস্তিনির স্বার্থের জন্যও ক্ষতিকর। হামাসের সর্বস্তরে এ বিবাদ মিটিয়ে ফেলার পক্ষে সিদ্ধান্ত রয়েছে। নিউজউইক: আপনি কি ইরান থেকে অর্থ, অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ পান? খালেদ মেশাল: অস্ত্র-সম্পর্কিত প্রশ্ন থাকতে পারে হামাসের সামরিক শাখার কাছে। অর্থের প্রসঙ্গে আমি বলব, শর্তহীন হলে হামাস বিশ্বের যে কারও কাছ থেকে আর্থিক সহায়তা নিতে পারে। হামাস কখনো শর্তযুক্ত অর্থ-সহায়তা নেয় না। ভাষান্তর: সৈয়দ মো. মুঈনুল হক