২০০১ সালের জানুয়ারি। ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়েছি ভিসার ইন্টারভিউ দিতে। তখন সকাল নয়টা। দিনটা কেন যেন শুভ বলেই মনে হয়েছিল। আমাদের ডাকার আগে ১২-১৩ জনের নাম ডাকা হয়েছে। তাদের প্রায় প্রত্যেককে ভিসার টোকেন নিয়ে বের হতে দেখেছি। অবশেষে আমার, আমার স্ত্রী ও আমার মেয়ের নাম ধরে ডাকতে শুনলাম। দরজা খুলে কাউন্টারে গিয়ে দেখি, অল্পবয়স্ক একজন অফিসার দাঁড়িয়ে আছেন। কুশল বিনিময়ের পর আমাকে একের পর এক প্রশ্ন শুরু করলেন। আমি অতি সতর্কতার সঙ্গে জবাব দিয়ে যাচ্ছি। ২৩ দিন আগে আমাদের পাসপোর্ট জমা রেখেছিল। সেদিন লোকসংখ্যা বেশি ছিল বলে আমাদের সাক্ষাৎকার নিতে পারেনি। এই ২৩ দিন গভীর উৎকণ্ঠার মধ্যে কেটেছে। আজ কী ঘটতে যাচ্ছে কে জানে! অফিসার ইংরেজিতে প্রশ্ন করছেন আর আমাদের কাছ থেকে একের পর এক কাগজ চাইছেন। আমি বাংলা-ইংরেজি মিশিয়ে জবাব দিয়ে যাচ্ছি। তাঁর চাহিদামতো কাগজপত্রও দেওয়ার চেষ্টা করছি। একসময় তরুণ অফিসারটি বুঝতে পারলেন যে আমার ইংরেজির দৌড় শেষ। তিনি বললেন, ‘কুনো অসুবিধা নেই। হামি বাংলা জানে।’ সঙ্গে সঙ্গে যেন ধড়ে প্রাণ ফিরল। মনে হলো, আমি বুঝি আমেরিকা হাতের মুঠোয় পেয়ে গেছি। এরপর বাংলায় কথোপকথন চলতে লাগল। আমি এমনভাবে বাংলা বলতে শুরু করলাম যেন জীবনে এই প্রথম বাংলা বলার দুর্লভ সুযোগ পেয়েছি। মিনিট পনেরো পরে অফিসার যখন বললেন, ‘ঠিক আছে, বিকেল তিনটার পর এসে ভিসা নিয়ে যাবেন। ওদের (আমার স্ত্রী ও মেয়ে) আর আসতে হবে না। আপনি একা এলেই চলবে।’ তখন আমার আসলেই বিশ্বাস হলো, অফিসার বাংলা জানে। সেদিন বাইরে বেরিয়ে আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি হেসেছিল যার কাছে মোনালিসার হাসিও অতি ম্লান। তপন দেবনাথলস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।