হায়! ভালোবাসার ভার বইতে না পেরে!

ভালোবাসায় অমরত্ব পেতে কত কী-ই না করে মানুষ, কতভাবেই না গেঁথে রাখতে চায় প্রেমের স্মারক। ভালোবাসা ‘অমর’ করে রাখতে চাওয়া লাখো কপোত-কপোতীর এমন প্রেমের স্মারক ধারণ করে চলছিল সে। কিন্তু এই বিপুল ভালোবাসার ভার বুঝি আর সইল না! এই সপ্তাহান্তে প্যারিসের বিখ্যাত লাভ লক ব্রিজের একটা রেলিং ভেঙে পড়ার পর নগরজুড়ে এখন এ কথাই চাউর হচ্ছে—ভালোবাসার ভার বইতে না পেরেই ভেঙে গেছে তা। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে রোববার এ কথা জানিয়েছে।
প্যারিসের আধুনিক নগর-পুরাণে গল্পটা এমনই—ভালোবাসায় তালা মেরে চাবিটা ছুড়ে ফেলুন শ্যেন নদীতে। আর ভাঙবে না প্রেম! আলাদা হবে না প্রেমের জুটি! তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা যেন ‘শিল্প আর প্রেমের রাজধানী’তে নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া, নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া। ফরাসি ও বিদেশি পর্যটকদের মধ্যেও এটা তুমুল জনপ্রিয়। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই সংস্কৃতি এত দ্রুতই তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে যে ইতোমধ্যেই প্যারিসের সেতুগুলোতে ‘লাভ লকস’ বা ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দিয়েছে প্রায় সাত লাখ জুটি।
কিন্তু বিপত্তি বেঁধেছে এই লাভ লকসের ভার বইতে না পেরে একটা সেতুর রেলিং ভেঙে পড়ায়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রোববার প্যারিসের ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টসের দিকে যেতে ‘পুঁন দেস আ’ নামের হাঁটা সেতুটির রেলিংয়ের একটা অংশ ভেঙে পড়ে। এর পরপরই সেতুটি থেকে সব পর্যটককে সরিয়ে নিয়ে সাময়িকভাবে সেখানে সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ করে পুলিশ।

প্রথমে একটি-দুটি সেতুতে এই ভালোবাসার তালা মারা শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে নগরের নানা জায়গায়। সবচেয়ে বেশি জনপ্রিয় নটর ডেম গির্জায় যাওয়ার জন্য শ্যেন নদীর ওপর বানানো সেতুগুলোর একটি ‘পুঁন দে লা আর্শসিভিশে’। আগে কেবল মুখে মুখেই ডাকা হলেও এখন গুগল মানচিত্রেও একে ‘লাভ লক ব্রিজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরপরই সবচেয়ে বেশি ভালোবাসার তালা ঝোলানো হয় লোভ্যর জাদুঘর থেকে ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টসের দিকে যেতে ‘পুঁন দেস আ’ নামের সেতুটি। রোববার দুর্ঘটনাটিও ঘটেছে এই সেতুতেই।
অবশ্য শুরু থেকেই ‘ভালোবাসার তালা’ ঝোলানো নিয়ে সমালোচনা ছিল। অনেকেই বলছিলেন, এটা যেমন নান্দনিক নয়, তেমনি প্যারিসের সুন্দর স্থাপত্য নিদর্শন সেতুগুলোর জন্যও তা ঝুঁকিপূর্ণ। ভালোবাসার তালা ঝোলানো নিষিদ্ধের দাবিতে ‘নো লাভ লকস’ প্রচারাভিযানও শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই। প্যারিসের সিটি কাউন্সিল বরাবর লেখা আবেদনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানও চালিয়ে আসছিলেন কিছু আন্দোলন-কর্মী।