হার না মানা মানসিকতার জন্যই আজকের 'নকশা'

নারায়ণগঞ্জের পোশাকের বাজারে পরিচিত ব্র্যান্ড ‘নকশা’। শহরের ডন চেম্বারে ১৯৯৩ সালের ২৬ মার্চ নকশা নামের বুটিক হাউসটির যাত্রা শুরু। টেকসই কাপড়, বাহারি নকশা আর পোশাকে সৃজনশীলতার জন্য আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে নারায়ণগঞ্জ শহরে এখন নকশার তিনটি বিক্রয়কেন্দ্র এবং একটি ট্রেনিং সেন্টার রয়েছে।
নকশার প্রতিষ্ঠাতা এ টি এম জামাল। কীভাবে নকশার পথচলা শুরু জানতে চাইলে তিনি বলেন, ভাগ্য পরিবর্তন করতে দুবাই গিয়েছিলেন। প্রবাসজীবনের সাত বছরের প্রায় ছয় বছর সেখানকার বিভিন্ন ফ্যাশন হাউসে কাজ করেছেন। পোশাকে ডিজাইন, উপস্থাপন আর বিপণনের বিষয়টি কাজ থেকে দেখেছেন। শিখেছেন অনেক কিছু।
এরপর প্রবাসের বাস্তব অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরেন। বিদেশে পোশাক ব্যবসায়ের অভিজ্ঞতা দেশে কাজে লাগাতে উদ্যোগী হলেন। কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই। নিজের স্বপ্ন পূরণ করতে ছোট পরিসরে দরজির কাজ শুরু করেন। ভালো কাজের জন্য সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। বছর দেড়েক দরজির কাজ থেকে পাওয়া অর্থ সঞ্চয় করেন। তা দিয়ে বুটিক হাউস তৈরির উদ্যোগ নেন। কিন্তু সেই পুঁজিতেও বুটিক হাউস চালু করা সম্ভব নয়। এতে ব্যাংকের দ্বারস্থ হয়ে ঋণ পেলেন। স্থানীয় বাজারের বিক্রেতারা বিভিন্ন কাঁচামাল দিয়ে সহযোগিতা করল। কয়েকটি কাপড় প্রস্তুতকারী মিল কাপড় সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এভাবেই নকশার পথচলা শুরু হয়।
বুটিক হাউস চালু করার ব্যাপারে এ টি এম জামাল বলেন, নারায়ণগঞ্জে কোনো বুটিক হাউস ছিল না। এ জন্য ভালো মানের একটি বুটিক হাউস করতে চেয়েছেন। শুরুতে অনেকেই এটির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তাঁদের ধারণা ছিল, নকশা হয়তো টিকবে না। বিদেশি পণ্যের তোড়ে ভেসে যাবে। কিন্তু নকশা আজও হারিয়ে যায়নি। সময়ের সঙ্গে শুধুই এগিয়েছে। এখন নকশায় প্রায় ৩০০ লোক কাজ করেন। এখানের সহযোগিতামূলক কর্মপরিবেশে প্রত্যেক কর্মীই নিজের প্রতিষ্ঠান ভেবে আন্তরিকতার সঙ্গে কাজ করেন।
নকশার পোশাকে সময় উপযোগী নানা ডিজাইনের উন্নয়নের জন্য এ টি এম জামাল নিজে কাজ করে চলছেন। এ ছাড়া আরও পোশাক ডিজাইনার রয়েছেন। ২২ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরোতে হয়েছে—এমনটা জানিয়ে তিনি বলেন, শুধু হার না মানার মানসিকতার জন্য আজ নকশা টিকে আছে। বর্তমানে নকশা বুটিক হাউসে প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ রয়েছে। বছরে সবকিছু দিয়েও অন্তত ১০ লাখ টাকা আয় হচ্ছে।
নকশার ট্রেনিং সেন্টার থেকে প্রতিবছর প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু তরুণ ছেলেমেয়ে নিজেরাই বুটিক হাউস বা কারখানা খুলেছেন। তাঁরা চাকরির জন্য বসে না থেকে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন। তাঁদের প্রতিষ্ঠানগুলোতেও অনেকের কাজের সংস্থান হয়েছে। এ নিয়ে গর্বিত এ টি এম জামাল বললেন, বুটিক হাউস দিয়ে শুধু নিজের ভাগ্যই পরিবর্তন হয়নি, অনেকের ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করে চলছে। অনেক বেকার তরুণ ও গৃহিণীরা অবসর সময়ে নকশার পোশাকে বুটিকের কাজ করে আয়ের সুযোগ পাচ্ছেন।
এ টি এম জামাল বলেন, নকশায় প্রতিদিন তরুণ ছেলেমেয়েরা কাজ শিখতে আসছেন। তাঁদের ক্রমশ চাপ বাড়ছে। নানা পরামর্শ দিয়ে তাঁদের উৎসাহিত এবং উজ্জীবিত করা হয়। বর্ধিত বাজারের চাহিদা মেটাতে দক্ষ উদ্যোক্তা ও কর্মী তৈরিতে নকশা নিরলসভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।
বর্তমানে নারায়ণগঞ্জ শহরে নকশার তিনটি আউটলেট রয়েছে। ডন চেম্বারে এটির প্রধান আউটলেট। এরপর শহরের বঙ্গবন্ধু সড়কে আরও দুটি আউটলেট রয়েছে। এ ছাড়া এজেন্টের মাধ্যমে দেশের অন্যান্য জেলায় নকশার পোশাক বিক্রি করা হয় বলে জানান জামাল।
ঈদে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে এ টি এম জামাল বলেন, ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসগুলো মাথায় রেখে নকশার পোশাকের ডিজাইন করা হয়। এ কারণে প্রতিটি উৎসবেই ভালো সাড়া পাওয়া যায়। অনেক ক্রেতা মানসম্পন্ন পোশাকের জন্য নকশার আউটলেটগুলোতে ভিড় করেন।
নকশা নিয়ে এ পর্যন্ত আসতে পেরে কেমন লাগছে প্রশ্নের উত্তরে এ টি এম জামাল বললেন, শুধু নিজের নয়, নকশা এখানকার তিন শ কর্মীর রুটি–রোজগারের উৎস। নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে নকশার মাধ্যমে মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দিত।