হারগেজি খালে ঝুঁকিপূর্ণ সাঁকো

প্রায় ৩০ ফুট দৈর্ঘ্যের সাঁকোর খুঁটিতে পচন ধরেছে। জায়গায় জায়গায় ভেঙে গেছে বাঁশের পাটাতন। সাঁকোতে উঠলেই দুলতে থাকে। যেকোনো মুহূর্তে সাঁকো ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কা নিয়ে খাল পার হতে হয়।
পটিয়া ও বোয়ালখালী উপজেলার সীমানায় হারগেজি খালের ওপর অবস্থিত সাঁকোর এমন ভগ্ন দশা। এই সাঁকো দিয়ে পটিয়ার ধলঘাট ইউনিয়ন ও বোয়ালখালীর করলডেঙ্গার কয়েক হাজার বাসিন্দা যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানালেও এই দাবি পূরণ হয়নি আজও।
জানা যায়, সেতুর জন্য দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ধরনা দিচ্ছেন এলাকার মানুষজন। সর্বশেষ গত অক্টোবর মাসে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছে পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীনের কাছে। দাবি পূরণে আশ্বাস মিললেও এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
খালের দুই পাড়ের বাসিন্দারা জানান, খালের স্রোত ও নৌকার ধাক্কায় সাঁকোর খুঁটিগুলো দুর্বল হয়ে গেছে। সাঁকো থেকে বিভিন্ন সময় খালে লোকজন পড়ে গিয়ে চোটও পেয়েছেন। স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারী-শিশুদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় বেশি।
খালের উত্তর পাশের আহল্লা গ্রামের বাসিন্দা পণ্ডিত কাজল চক্রবর্তী (৪৫) বলেন, এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে প্রতি বছর কমপক্ষে পাঁচ থেকে ছয়বার সাঁকোটি মেরামত করতে হয়।
ধলঘাট ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল বলেন, ‘এ সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। শিশুরা খুবই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যায়। সাঁকোটি পাকা হোক এটা আমারও দাবি। সাঁকোটি বোয়ালখালীর হারগেজি খালের ওপর হওয়ায় আমার কিছু করার নেই। পাকা সেতু নির্মাণের জন্য দুই উপজেলার সাংসদকেই উদ্যোগ নিতে হবে।’
পটিয়ার ইউএনও রোকেয়া পারভীন বলেন, এলাকাবাসীর স্মারকলিপিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।