হারতে হারতে বিজয়ী তাঁরা
সাত বছর বয়স এমন আর কি! সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটাবে এই তো। কিন্তু ফরহাদ হোসেনের সেই সৌভাগ্য হয়নি। ওই বয়সে হারাতে হয়েছে বাবা-মাকে। সেই সূত্রে সহপাঠী স্বজনদেরও। ঠাঁই হয় চট্টগ্রামের এসওএস শিশুপল্লিতে। এভাবে হারতে হারতে ফরহাদ এখন জয়ী হতে শিখেছেন। এসএসসির পর উচ্চমাধ্যমিকেও জিপিএ-৫ পেয়ে স্বপ্ন দেখছেন শীর্ষে ওঠার। চলার পথে সঙ্গী কেবল তাঁর ছোট বোন। ১৯৯৮ সালে ফরহাদ যখন শিশুপল্লিতে আসে সঙ্গে ছিল কেবল এই বোন তাজরিন আক্তার। তাজরিন তখনও দুগ্ধপোষ্য শিশু। বয়স মাত্র দুই বছর। ফেলে আসা অতীত ও স্বজনদের জন্য তাদের কী কান্না তখন! সময়ের স্রোতে আস্তে আস্তে অতীত ধূসর হয়েছে। শিশুপল্লির অভিভাবকদের মায়া-মমতায় তাঁরা বড় হয়েছেন। ফরহাদের মতো বোন তাজরিনও মেধাবী। ডা. খাস্তগীর সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এই শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে।ভাই-বোনের মেধার স্বাক্ষর পাওয়া গিয়েছিল সেই ছোটবেলাতেই। তাই তাদের লেখাপড়ার বিষয়টিকে শিশুপল্লি গুরুত্ব দিয়েছে প্রথম থেকেই। ‘ছোটবেলায় বাবা-মা ছেড়ে আমাদের এখানে এসেছে তারা। দুই ভাই-বোনই মেধাবী। তাদের আমরা যথেষ্ট সহায়তা করেছি। সেটার প্রমাণ এরা দিয়ে যাচ্ছে।’—বললেন শিশুপল্লির সহকারী পরিচালক ইসমাইল হোসেন।ফরহাদ এবার বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০০৯ সালে সরকারি মুসলিম হাইস্কুল থেকে সে এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে এখন স্বপ্ন দেখছে প্রকৌশলী হওয়ার।এ জন্য একটি কোচিং সেন্টারে সে অধ্যয়ন করছে এখন। ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আমার ফলাফলের জন্য শিক্ষক ছাড়াও শিশুপল্লির অভিভাবকেরা দারুণ সহযোগিতা করেছেন। আমি এখন আরও বড় হতে চাই।’—এই হলো ফরহাদের স্বপ্ন। এই স্বপ্নের পথে ফরহাদকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। নিজের পাশাপাশি ছোট বোন তাজরিনকে নিয়েও সে আশাবাদী। তাজরিন এখনো শিশুপল্লিতে থাকে। ফরহাদ যুবপল্লিতে। তাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট। এই বন্ধনটুকু ছাড়া আর কীই-বা আছে এ দুই ভাইবোনের। এই বন্ধনটুকুই তাদের জয়ী হওয়ার পেছনে মূল প্রেরণা।