‘কো-অপারেটিভ বুক সোসাইটি থেকে হারবার্ট রিডের ব্রিফ হিস্টোরি অব আর্ট কিনেছিলাম মাত্র চার টাকায়। এখন এই বইয়ের দাম হাজার টাকার ওপরে। সেই বইটি কেনার ঘটনা এত বছর পরও স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।’বই কেনার এই বিবরণ দিয়েছেন লেখক ও সাংবাদিক সিদ্দিক আহমেদ। তাঁর মতে, শহরে একটি ভালো বইয়ের দোকান থাকলে এমন সব মণিমুক্তাখচিত অভিজ্ঞতা পেতে পারেন পাঠকেরা।স্বাধীনতার আগে কো-অপারেটিভ বুক সোসাইটি নামের বইয়ের দোকানটি কেবল চট্টগ্রামের নয়, সমগ্র পাকিস্তানের মধ্যেই ছিল সবচেয়ে বড় । গত শতাব্দীর নব্বই দশক পর্যন্ত জমজমাট ছিল চট্টগ্রামের বইপাড়া। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী বইয়ের দোকান বন্ধ হলেও গড়ে উঠেছে প্রথমা ও বাতিঘরের মতো নতুন প্রজন্মের বইয়ের দোকান।বই ব্যবসায়ীদের মতে, সামগ্রিকভাবে পাঠকের সংখ্যা না বাড়লেও নতুন বইয়ের দোকানগুলোর সাফল্য নগরের বইপাড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে।বইপাড়া জমজমাট: জামালখান এলাকায় রয়েছে বইয়ের দোকান বাতিঘরের দুটি শাখা। এর মধ্যে প্রেসক্লাব ভবনে অবস্থিত ২০০০ বর্গফুট আয়তনের বাতিঘর দেশের সবচেয়ে বড় বইয়ের দোকান হিসেবে খ্যাত। এ ছাড়া জামালখানের সানমার স্প্রিং গার্ডেন ভবনে রয়েছে প্রথমা ও গ্রন্থ নিলয় নামের আরও দুটি বইয়ের দোকান। এর খুব কাছেই চেরাগি পাহাড়ের মোড়ে রয়েছে বাতিঘরের আরও একটি শাখা ও নন্দন গ্রন্থকেন্দ্র। আন্দরকিল্লায় অবস্থিত কথাকলি একসময় নগরের অন্যতম জনপ্রিয় বইয়ের দোকান ছিল। এখন ব্যবসা পড়তির দিকে হলেও বন্ধ হয়নি এটি। আন্দরকিল্লার মসজিদ মার্কেটে ঐতিহ্য, ইউপিএলসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার শো-রুম আছে। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, ইংরেজি ভাষাশিক্ষা, আইনসহ নানা বিষয়ের উচ্চতর শ্রেণীর একাডেমিক বইয়ের জন্য এই মার্কেটে আসেন ক্রেতারা। চকবাজারে রয়েছে সৃজনশীল বইয়ের দোকান প্রাচীন, বিপণিবিতান এলাকায় কারেন্ট বুক সেন্টার ও প্রমা, সেন্ট্রাল প্লাজায় কে বুকস ও মুন্নী প্লাজায় রয়েছে কারেন্ট বুক সেন্টারের আরেকটি শাখা। এ ছাড়া নগরের স্টেশন রোডে অমর বই ঘরসহ বেশ কয়েকটি পুরোনো বইয়ের দোকান রয়েছে।নতুন প্রজন্মের বইয়ের দোকান: পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে বইয়ের সম্ভার সাজিয়েছে নতুন প্রজন্মের বইয়ের দোকানগুলো। বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ বলেন, ‘আমরা কেবল চট্টগ্রাম শহরের পাঠকদের কাছে বই বিক্রি করি না। সারা দেশ থেকে এমনকি দেশের বাইরে থেকেও বিক্রয় আদেশ পাই। পাঠকেরা বিশ্বের যে প্রান্তের লেখকের বই চান, আমরা এনে দিতে পারব।’ পিছিয়ে নেই প্রথমাও। নিজেদের বইয়ের পাশাপাশি প্রথমা বাংলাদেশ, ভারত, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকাশকের বই রাখে। এ জন্য প্রতিবছর প্রচুর বই আমদানিও করে প্রতিষ্ঠানটি।প্রথমার ব্যবস্থাপনা কর্মকর্তা সৈকত দে বলেন, ‘আমরা পাঠকের সব চাহিদা মেটানোর চেষ্টা করি। কোনো বই না পাওয়া গেলে এনে দিই। কেউ চাইলে তার ঠিকানায় বই পৌঁছে দিই।’টিকে থাকাই চ্যালেঞ্জ: গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে চট্টগ্রামের কো-অপারেটিভ বুক সোসাইটিতে পাওয়া যেত পেঙ্গুইন, প্যালিকন, মডার্ন, ওরিয়েন্টাল লংম্যানসহ দেশি-বিদেশি খ্যাতনামা প্রকাশকের বই। তবে স্বাধীনতার পর বন্ধ হয়ে গেছে দোকানটি। এ ছাড়া নিউজফ্রন্ট, বিপণিবিতানের মণীষা, বইঘর ও উজালা, স্টেশন রোডের সৃজনী ও রিডার্স চেম্বারও বন্ধ হয়ে গেছে। একসময়ের জমজমাট বইয়ের দোকান কারেন্ট বুক সেন্টারও বন্ধ হওয়ার পথে। কেন এই অবস্থা?প্রশ্নের উত্তরে ১৯৫১ সালে যাত্রা শুরু করা কারেন্ট বুক সেন্টারের স্বত্বাধিকারী মো. শাহীন জানান, ‘আমাদের বইয়ের দোকানে একসময় পাঠকের ভিড়ে স্থান সংকুলান হতো না। কিন্তু এখন ফুটপাত দখল হয়ে যাওয়ায় বইয়ের দোকানটি দেখাই যায় না। বইয়ের দোকান টিকিয়ে রাখতে হলে সরকারের সহায়তাও প্রয়োজন।’ তবে তরুণ প্রজন্মের অনেক পাঠক মনে করেন বড় বইয়ের দোকান টিকে থাকবে, ব্যবসাও বাড়বে। তরুণ পাঠক নিজাম উদ্দীন বলেন, ‘আমি মনে করি চট্টগ্রামের বইপাড়া ঢাকার চেয়ে জমজমাট। নগরে প্রথমা ও বাতিঘরের মতো বইয়ের দোকান হওয়ায় পাঠকও বাড়ছে। পাঠকের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চললে এদের ব্যবসা আরও বাড়বে।’