হারানো ছেলেকে ফিরে পাওয়ার গল্প
ছেলেটি হারিয়ে গিয়েছিল, বয়স আনুমানিক সাত-আট বছর। গত সোমবার নগরের পাথরঘাটা এলাকায় একজন নারী তাকে পেয়ে তুলে দেন পুলিশের কাছে। মঙ্গলবার বিকেলে শিশুটিকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর সব প্রস্তুতি প্রায় শেষ করেন আদালত। এমন সময় বাবা দাবি করে আদালতে হাজির হন এক লোক। তারপর হাজতখানায় সিনেমার গল্পের মতো বাবা খুঁজে পান হারানো ছেলেকে।আদালত সূত্র জানায়, আসল বাবা কিনা তা পরীক্ষার জন্য বাবা দাবিদার ব্যক্তিকে নিয়ে কারা হাজতে যান মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান। সেখানেই শিশুটি ‘বাবা’ বলে ডাক দিয়ে জড়িয়ে ধরে ওই লোকটিকে। পরে আর নিরাপত্তা হেফাজতে না পাঠিয়ে শিশুটিকে তার বাবার কাছেই তুলে দেওয়ার আদেশ দেন মহানগর হাকিম।পুলিশ সূত্র জানায়, হারিয়ে যাওয়া শিশুটির নাম রানা। তার বাবা মো. জামাল মিয়া পাহাড়তলী এলাকার একটি পোশাকশিল্প কারখানায় চাকরি করেন। গত শনিবার নানির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন মধুপুর থেকে চট্টগ্রামে বেড়াতে এসে শিশুটি হারিয়ে যায়। আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানার পুলিশ শিশুটিকে নিরাপত্তা হেফাজতে পাঠাতে গতকাল আদালতের কাছে আবেদন করে। আগের দিন সোমবার কোতোয়ালি থানাধীন পাথরঘাটার নজুমিয়া লেন এলাকায় মনোয়ারা বেগম শিশুটিকে কুড়িয়ে পান। ওই দিন তিনি শিশুটিকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।আদালত সূত্র আরও জানায়, গতকাল শিশুটিকে আদালতে নেওয়া হয়। এ বিষয়ে শুনানিও শেষ হয়। মহানগর হাকিম শিশুটিকে নিরাপত্তা হেফাজতে দেওয়ার সব প্রক্রিয়া প্রায় শেষ করে আনেন। এমন সময় শিশুটির বাবা জামাল মিয়া আদালতে হাজির হন। হাজতখানায় বাবা ডাক শুনে তিনি তাঁর সন্তানকে জড়িয়ে ধরেন। পরে শিশুসন্তানকে কোলে নিয়ে আদালত এলাকা ছাড়েন জামাল মিয়া।