ইউরোপে গরমের দিনে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়।সূর্যের আলো দীর্ঘক্ষণ ব্যবহারের জন্যই এ কাজটা করা হয়। এ বছর সঠিক সময়ে সামার শুরু হলেও দেখা গেল, রাস্তাঘাট সাদা বরফে ঢাকা। রাস্তার দুই পাশে বরফের স্তূপ, বাতাসে শীতের আমেজ। বরফ গলে যাওয়ার লক্ষণ নেই। সামারের শুরুতেই মাটি ফুঁড়ে টুসিলাগো ফুলগুলোর চলে আসার কথা, পুরো দেশটাকে হলুদ বর্ণে রাঙিয়ে দেওয়ার কথা। ছোট ছোট চড়ুই পাখির চলে আসার কথা। কিন্তু ওরা আসেনি। আবহাওয়ার এ পরিবর্তন চোখে লাগার মতো।এবারের শীত ইউরোপীয়দের হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়ে গেছে।অভাবনীয় ঠান্ডা আর তুষারপাতে জনজীবন থেমে গিয়েছিল। রেল, বাস, বিমান—সব ধরনের যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে দিনের পর দিন। কেউ কেউ বলেন, বিগত ২৫ বছরেও তুষারপাতের কারণে এমনভাবে জনজীবন ব্যাহত হয়নি। কেউ কেউ টেনে আনেন আরও পেছনের ইতিহাস। তবে এটা ঠিক, প্রতি শীতকালেই আবহাওয়ার তারতম্য ওঠা-নামা করে, তবে এবারের মতো ঠান্ডা এত স্থির হয়ে বসে থাকেনি। সন্ধ্যা হলেই ঠান্ডা ঝাঁপিয়ে নেমে এসেছে। সূর্য মেঘের আড়ালে চলে গেলেই আকাশ ঘোলা হয়ে এসেছে। নিন্দুকেরা বলাবলি শুরু করেছেন, বছরের শুরুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের পরই প্রকৃতি ঘুরে দাঁড়িয়েছে।প্রকৃতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, জলবায়ু-বিশেষজ্ঞরা এ কথা বলে আসছেন অনেক আগে থেকেই।এন্টার্কটিকার বরফ গলছে, আইসল্যান্ড, সুমেরু অঞ্চলের শতবর্ষ ধরে জমে থাকা কঠিন বরফ গলছে দ্রুত। এত দ্রুত যে তা বিশেষজ্ঞদের বিচার-বিশ্লেষণের বাইরে। পৃথিবীর উষ্ণতা বাড়ছে, বরফ গলছে, সাগরের জলের উচ্চতা বাড়ছে। সমুদ্রতীরবর্তী নিম্নাঞ্চলগুলো ডুবে যাওয়ার শঙ্কা আছে। পৃথিবীর নিম্নাঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। নিজের দেশটা ডুবে যাবে, পৃথিবীটা আর থাকবে না, ভাবতেই বুকটা চিন চিন করে ওঠে। দক্ষিণ তালপট্টির কথা মনে পড়ে। ১৯৭৪ সালে বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগরে জেগে উঠেছিল দ্বীপটি। তখন পত্রপত্রিকায় চুলচেরা বিচার না করে অনেকেই লিখেছিলেন, প্রায় বাংলাদেশের সমান আয়তনের ভূখণ্ড জেগে উঠছে, জনসংখ্যার সমস্যা থাকবে না। কিন্তু দ্বীপটি ছিল দৈর্ঘ্যে ৩৬ আর প্রস্থে তিন কিলোমিটার মাত্র। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সেই দক্ষিণ তালপট্টি সাগরের পানিতে ডুবে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০৫০ সালে সাগরের উচ্চতা যদি এক মিটার বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের ১৮ শতাংশ উপকূলবর্তী এলাকা পানির নিচে ডুবে যাবে। বাংলাদেশ ডুববে না, এ কথাও অবশ্য বলছেন অনেকে। না ডুবুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু লোভী মানুষ যেভাবে প্রকৃতির ওপর ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে গাছ কেটে বন উজাড় করে, নদী ভরাট করে প্রকৃতির ভারসাম্য ক্ষতিগ্রস্ত করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ ডুবতে আর খুব দেরি নেই।লিয়াকত হোসেন, স্টকহোম, সুইডেন[email protected]