হারানো ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানি, পঞ্জিকার হিসাবে বাংলায় এখন শরৎকাল। তবু বর্ষার আমেজ বোধ করি শেষ হয়ে যায়নি। এখনো সারাটা আকাশ কালো করে অঝোর ধারায় বৃষ্টি নামে। বৃষ্টির ছটায় সতেজ হয় লতানো পুঁইয়ের ডগা। দূর পরবাসে বসে বর্ষার এত রূপ দেখার সৌভাগ্য আমার নেই। রবিঠাকুরের ডাকে সাড়া দিয়ে নীপবনে স্নান করা আজ আর হয়ে ওঠে না। হঠাৎ করেই সেদিন মনে হলো কদমের কথা। আশ্চর্য, এ তিন বছরেই ভুলতে বসেছি আমার প্রিয় এ ফুলটিকে। অথচ বাংলাদেশে কাটানো ২৪টি বর্ষার অনেক স্মৃতিই আছে কদমকে ঘিরে। একবার প্রবল বর্ষণে পুরো চাটগাঁ শহর জলমগ্ন। এমন সময় ইচ্ছে হলো পড়ার টেবিলে দুটো কদম ফুল রাখার। বাইরে বের হওয়া দায়। বাবা তখন অফিসে। মাকে বললাম, এই তো সামনের মিঠু ভাইয়ের দোকান থেকে একটু আসছি। তাঁর ওষুধের দোকানে তখন প্রায়ই আড্ডা দিতাম। সেই ঝুম বৃষ্টিতে হাঁটুপানি ভেঙে জামালখানে যাই। সেখানে এক বন্ধুর বদান্যতায় পেয়ে যাই কয়েকটি তরতাজা কদম ফুল। কৈশোরে এক বর্ষায় কুমিল্লায় নানাবাড়ি গিয়েছিলাম কয়েক দিনের জন্য। একদিন সকালে ভেজা বাতাসের মধ্যে নাকে এল কদমের হালকা মিষ্টি সুবাস। অসাধারণ এক অনুভূতি। কী যে ভালো লেগেছিল সেদিন! এদিকে মা ফোন করে জানতে চান, কিছু পাঠাতে হবে কি না। কেননা, আমার এক বন্ধু আসছে দেশ থেকে। বলতে চেয়েছিলাম পারলে পলিব্যাগে দুটো কদম ফুল পাঠিয়ো। ইচ্ছে করেই বললাম, না। আমার এই হেঁয়ালিপনায় মা বোধ হয় বিরক্ত হবেন। মনে মনে হয়তো বলবেন, গাছপালা নিয়ে তাঁর ছেলের পাগলামি লন্ডনে এসেও গেল না। বিলেতে ফুলের অভাব নেই। রাতে ব্রিটিশ ওয়াইল্ডলাইফ নামের বইটি ঘাঁটি কিছুক্ষণ। নাহ্। নাম না-জানা এত অচেনা ফুলের ভিড়ে কদমের স্থান নেই। এ ফুল সাহেবদের বিলেতে না থাকলেও আছে আমার কাদা-মাটির গন্ধমাখা বাংলায়। রুমমেট চরম বিরক্ত। ফুল নিয়ে পাগলামি! মনে মনে হয়তো বলছে, ‘ঢং দেখে বাঁচি না।’ আমি নির্বিকার। নেটে খুঁজছি প্রিয় ফুলকে। না হোক ছুঁয়ে দেখা; অন্তত ছবি দেখে কল্পলোকে অনুভব করতে পারব এর রূপ-রস-গন্ধ। শেষ রাতের সুনসান নীরবতা চারদিকে। সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসে বাংলার এক শেকড়ছেঁড়া যুবক অন্তর্জালে খুঁজে ফিরছে তার ফেলে আসা দিনের হারানো এক ফুলকে। এম আতিকুল ইসলামলন্ডন থেকে