হারানো শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাম-ইঞ্চির হিসাবে বলতে গেলে ছবিটা আকারে খুব ছোট। এতই ছোট যে প্রাত্যহিক খুন-খারাবি, দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অজস্র খবরের ভিড়ে সেটা চোখেই পড়ে না প্রায়। বিশাল বাংলা পাতার (১৬ আগস্ট, ২০১০) এক নিভৃত কোণে প্রকাশিত এক চিলতে ছবিটি তবুও মনের গহিনে খুব করে নাড়া দেয়। মহা উত্সাহে বিলের কাদাপানিতে মাছ ধরতে নেমেছে দুরন্ত শিশুর দল। ওদের সারা গায়ে লেপ্টে আছে কাদা। মাথার ওপর ভাদ্র মাসের তালপাকা রোদ্দুর। সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই কারোরই। সব মনোযোগ বিলের কাদাপানিতে। ছোট মাছেরা গা ঢাকা দিয়ে আছে সেখানে। বগুড়ার বুড়িগঞ্জের এই বাচ্চাদের দল যেন এক নিমেষে ফিরিয়ে আনে সেই সব পুরোনো গ্রামীণ স্মৃতিমালা, ফেলে আসা দুরন্ত শৈশব। একটা সময় ছিল, যখন মৌসুম এলেই খালে-বিলে মাছ ধরার ধুম পড়ত বাংলার প্রতিটি খালে-বিলে। এখন কোথায় হারাতে বসেছে সেসব দিন!খেলাধুলার মাঠ নেই। মায়ের বকুনির ভয় মাথায় নিয়ে যেদিক খুশি ঘুরে বেড়ানোর স্বাধীনতা নেই। মন চাইলেই একটা দোয়েল বা ফড়িংয়ের পেছন ছুটে বেলা পার করে দেওয়াটা অন্তত ঢাকার শিশুদের কাছে এক কথায় অচিন্তনীয়। ওদের বিনোদনের বড় জায়গা দখল করে নিয়েছে টিভি আর কম্পিউটার গেমস। ঘরদোর-বারান্দা আর বড়জোর ছাদের ঘেরাটোপে বন্দী হয়ে গেছে রাজধানীর শিশুদের শৈশব। শিশুদের এই দুরন্তপনার ছবিটি যেন ওদের বৃত্তবন্দী শৈশবের কথাই মনে করিয়ে কষ্ট বাড়ায়।— ইকবাল হোসাইন চৌধুরী