ছোটবেলায় গ্রামের বাড়ি বলতে অন্যরকম একটি ব্যাপার ছিল। বাড়ির চারধারে প্রচুর গাছগাছালি। বাড়ির উঠোনে ফড়িংদের ওড়াওড়ি। সেসব ফড়িং ধরতে আমাদের দৌড়ঝাঁপ। অথবা বাড়ির সামনের পুকুরটিতে নতুন নতুন সাঁতার শেখার চেষ্টা। তখন বিকেলে স্কুল থেকে ফিরে বিচিত্র সব খেলা সন্ধ্যা পর্যন্ত খেলতাম। তারপর ধুলো মাথা, ক্লান্ত দেহ টেনে ঘরে ফিরে রাতে পড়তে বসে ঝিমুতাম। বাড়ির সামনের পুকুরটির দুপাড়ে বিশাল সব আমগাছের সারি তখন ছিল। রাতে সেসব সারি সারি গাছের পাতাবহুল ডালে অন্ধকারেরা এসে জড়ো হতো। পুকুরপাড়ের ঘাস ছাওয়া জায়গায় বসে ভূত-প্রেতের গল্প হতো রাতে। তখন সেসব অন্ধকারজমা গাছের সারির দিকে তাকিয়ে মনে হতো, গল্পে কোনো ভূত-প্রেতরা এসব সারি সারি গাছেরই কোনো একটায় যেন লুকিয়ে আছে। ভোর রাতে ভেজা জুতায় অদ্ভুত শব্দ তুলে মসজিদের দিকে হেঁটে যেত কেউ। সেই শব্দে ঘুম ভেঙে যেত প্রায়ই। বাড়ির কিছু দূরে বিশাল যে তালগাছটায় বাতাসের তোড়ে বিকট, অদ্ভুত শব্দ হতো, তার কারণ হিসেবে জিন-ভূতদের দায়ী করাই যেন নিয়ম ছিল। জিন-ভূতদের সাহসিকতায় ভয় পেতে ভালোবাসত সবাই।আরও ছিল বাঁশঝাড়। তখন গ্রামের প্রায় সব পুকুরপাড়েই বাঁশঝাড়ের দেখা মিলত। যেমনটা আমাদের পুকুরপাড়ে ছিল। রাতে সে বাঁশঝাড়ে রহস্য কিছু কম জমতো না। দিনের নিরীহ বাঁশঝাড় রাতের আঁধারে ভূত-প্রেতদের নিয়মিত আশ্রয় দিয়ে যেত! কত অদ্ভুত সব শব্দ সে বাঁশঝাড়ে তৈরি হতো। সেসব শব্দে ভয়ের অভাব কখনো ছিল না। তাই রাতে কখনো কখনো মায়েরা সেসব শব্দের ভয় দেখিয়ে ছোট বাচ্চাদের ঘুম পাড়াতেন।যেসব রাতে চাঁদ বাঁশঝাড়ের মাথায় উঠে পৃথিবীতে আলো ফেলত, সেসব রাতে প্রায়ই বাঁশঝাড় থেকে বাঁশির সুর ভেসে আসত। রাতের আঁধারে যে বাঁশঝাড় ভূত-প্রেতদের আশ্রয় দেয়, সেখানে কী করে কেউ বাঁশি বাজাতে পারে, তা ভেবে ভেবে এক সময় ঘুম এসে যেত।শৈশবের সে সময়টিতে যুক্তি তার বিশাল হাত প্রসারিত করত না বলেই হয়তো বা বাঁশি-রহস্যের কোনো কূলকিনারা করতে না পেরে মাথা গরম হতো। এমনই অদ্ভুত আর রহস্যেঘেরা পরিবেশ নিয়ে শৈশব ছিল।অথচ শৈশবের এমন সব উপকরণের অনেকটাই এখন নিশ্চিহ্ন। এখন বাড়ির উঠোনে ফড়িংরা আর ওড়াওড়ি করে না। বাড়ির বিশাল উঠোনটিও ছোট হয়ে এসেছে প্রায়। পুকুরপাড়ের সেসব গাছের সারি উধাও হয়ে গেছে বহু আগে। ঘাসে ছাওয়া কাঁচা রাস্তা ঢেকে গেছে কংক্রিটে। বিশাল যে বাঁশঝাড় এক সময় ভয় দেখাত, সেটি দেখেই এখন করুণা হবে কারও। তার পরও শৈশব থাকে। এখন যে শিশুটি বেড়ে ওঠে, তার শৈশব। সেটি হয়তো বা ১৫ বছর আগের শৈশবের মতো নয়। তবু কোনো শৈশবের মূল্য কিছু কম নয়।তানভীর হোসেন