হারানো সোয়েটার
[রকিব হাসানের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক]বৃষ্টি‘খাইছে’ বলে সভয়ে শ্বাস চাপল মুসা। চারদিকে ভালোভাবে তাকিয়ে নিয়ে কদিন আগে শেখা বাংলা বুলিটা বলল—‘বাউরে’। কিশোর আর রবিনের চেহারাটাও খুব একটা সুস্থির নেই। ‘কিন্তু কিশোর, কীভাবে এটা সম্ভব?’ রবিন প্রশ্ন করল। কাঁধ নাচাল কিশোর। ‘আমিও কিছু বুঝছি না,’ বলল ও। ‘আবার বল তো ঘটনাটা,’ বলল রবিন। ‘কিমুর’ এবারের কোনো অভিযানে বাংলাদেশের এই মনোরম নগর চট্টগ্রামে আসেনি কিশোর, মুসা আর রবিন। এসেছিল ওদের এক ভক্তের দাওয়াতে তার বাড়িতে। ভক্তের নাম রবি। অনেক দিন থেকেই ওর কাছ থেকে আমার দাওয়াত শুনে এবারের শীতে ওদের বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ওরা। ভেবেছিল, এক ঢিলে তিন পাখি মারা যাবে। ঘোরা হবে, ভক্তের দাওয়াত গ্রহণ হবে, আবার কিছুদিন রেস্টও নেওয়া যাবে। কিন্তু তা কি আর হয়! রবিদের বাড়ি চিটাগং টাউনে। আজ ওর চাচা পৈতৃক ভিটা চকরিয়া থেকে এসেছে ওর বাবার কাছে কী সব জমিসংক্রান্ত সমস্যা নিয়ে। হঠাৎ ওদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় উত্তেজিত কথা শুনে থেমেছিল রবি। মন দিয়ে কান খাড়া করে সব শুনে ছুটে তিন গোয়েন্দার রুমে এসে যা বলল তাতে ওদের চোখ চার টাকা দামের রসগোল্লার মতো হয়ে গেল। আর রবির তো আগেই হয়েছিল। ‘হ্যাঁ, রবি, ঘটনাটা আবার বলো। যদি কোনো ক্লু পাই!’ বলল কিশোর। রবি বলা শুরু করল: ‘চাচা বলছিলেন আমাদের গ্রামের বাড়ি মানে চকরিয়াতে নাকি একটা অদ্ভুত ঘটনা ঘটছে। শীতে কষ্ট পাওয়া মানুষের জন্য সোয়েটার আনা হয়েছিল বিদেশি কোনো এক সংস্থার পক্ষ থেকে। রাতে তাঁবুর ভেতরেই রাখা হয়েছিল সেসব। পাহারাও রাখা হয়েছিল। কিন্তু পাহারাদার যা বলল, একদিকে রাউন্ড দিয়ে অন্য দিকটাতে যেতে গিয়ে দেখে উঁচু কিছু নেই। কাপড় থাকায় তাঁবুটা উঁচু ছিল। কিন্তু উঁচু না থাকার অর্থ হলো ওটার ভেতর কিছু নেই। অর্থাৎ কাপড়গুলো চুরি গেছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ চোরের নাগাল পায়নি। গ্রামবাসী মনে করছে ভূতের কাজ। কারণ, চোখের পলকে সাফ করে দিতে পারবে এমন কাজ করতে ভূত ছাড়া আর কে আছে।’ বলে থামল রবি। ‘তো, কিশোর ভাইয়া, কী করবে?’ প্রশ্ন করল ও। ‘আচ্ছা, ওখানটা তো অনেক সুন্দর, না?’ বলল কিশোর। ‘হ্যাঁ ভাইয়া, বানরও আছে অনেক।’ উৎসাহের সঙ্গে বলল রবি। ‘তবে চলো তোমাদের গ্রামেই যাই ঘুরতে।’ ‘ভূতের পেছনে ঘোরাঘুরি করে লাভ কী বলো?’ ভয়ে ভয়ে বলল মুসা। ভ্রূক্ষেপ না করে বলল কিশোর, ‘তোমাদের গ্রাম যেন কোথায়?’ ‘বামুলা গ্রাম, চকরিয়ার মধ্যে।’ রবির ঝটপট উত্তর। ‘রবি, চলো তো প্রথমে ওই পাহারাদারের সঙ্গে কথা বলি।’ রবির চাচির হাতের মজার সব খাবার দিয়ে সকালের নাশতা সেরে বাইরে বেরিয়েছে তিন গোয়েন্দা আর রবি। রবি কিশোরের দিকে তাকাল। ‘আচ্ছা, ভাইয়া, চলেন।’ কিছুক্ষণ হাঁটার পর ওরা পাহারা দেওয়া লোকটার বাড়িতে পৌঁছাল। পাহারাদারের খোঁজ করতেই হন্তদন্ত হয়ে বেরোল সে। ‘সেলাম, সাব। আঁর বাড়ি...।’ কী জন্য ওর বাড়িতে এসেছে বুঝিয়ে বলা হলো তাকে। কী জন্য ওরা এসেছে শুনে মুখ শুকিয়ে গেল পাহারাদারের। সেটা কিশোরের চোখ এড়াল না। পরিস্থিতি সহজ করার জন্য সে বলল, ‘কী করছিলেন আপনি বাসায় এখন? সকাল তো হয়ে গেছে।’ পুচরা মুখটা আরও ভয়ে ঢেকে গেল পাহারাদারের। তার ছোট মেয়েই উত্তর দিল, ‘আরে ভাইয়েরা, হে যে সেই ঘুমান ঘুমায়।’ ‘হ্যাঁ, বাবার ঘুমটা একটু বেশি। যেখানে-সেখানে ঘুমিয়ে পড়ে।’ পাহারাদারের বড় মেয়ে বলল; বোধহয় শিক্ষিত। পাহারাদার ওদিকে তাড়াতাড়ি শপথ করে বলল, সত্যিই সে কিছু জানে না। ‘আপনি ঘুমাচ্ছিলেন না?’ প্রশ্ন করল কিশোর। ‘ক-ক-কখন?’ তোতলায় পাহারাদার। ‘ওই রাতে?’ বেশ খানিকক্ষণ চুপসে থেকে স্বীকার করল পাহারাদার। হ্যাঁ, সে ঘুমাচ্ছিল। আর এর মধ্যেই কারা যেন...। ওখানে আর অপেক্ষা না করে ঘটনাস্থলের দিকে রওনা দিল ওরা।ঘটনাস্থলে ওরা কিছু পেল না। পুলিশের কাছে গিয়ে তাঁবুটা দেখে এল ওরা। খানিকটা আঁচড় ছাড়া আর কোনো ক্লুই নেই ওটাতে। চলে আসছিল। হঠাৎ কী একটা দেখে এক মিনিট থমকে গেল কিশোর। আবার ওরা ফিরে এল ঘটনাস্থলে। ‘রবি, তোমাদের এখানকার বানরগুলো কোন দিকে থাকে?’ বলল ও। রবি হাত দিয়ে দেখিয়ে দিল। ‘ওদিকে।’ রবিন আর বিরক্ত মুসাকে নিয়ে রবি আর কিশোর যখন বানরদের ওদিকটাতে গেল, সঙ্গে সঙ্গে বানরগুলো পালাতে লাগল। এমন সময় কিশোর ওর সোয়েটারটা খুলে আবার পরতে লাগল। আর তখনই ঘটে গেল এক আশ্চর্য কাণ্ড! দেখা গেল, অনেকগুলো বানর ওদের তাড়িয়ে দিচ্ছে। আর তার পরই একটা গর্ত থেকে বের করছে চুরি যাওয়া সোয়েটারগুলো। পরার চেষ্টা করছে। ‘আসলে শীত ভালোই পড়েছে।’ ‘তুমি কীভাবে জানলে?’ বলে রবিন। ‘তাঁবুর গায়ের লোমগুলো দেখে।’ ‘এখন কী করবে?’ বলে মুসা। কিশোরই আবার উত্তর দেয়, ‘থাক না, ওদেরও তো শীত লাগে। মানুষ না হোক, মানুষের আদি প্রাণ তো।’ কেউ আর কথা বলে না। চেয়ে থাকে আদি মানবের দিকে। চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম।