হারামিয়া স্বাস্থ্যকেন্দ্রে লোকবল নিয়োগ হয়নি তিন বছরেও
নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পরও পুরোপুরি চালু হয়নি সন্দ্বীপ উপজেলার হারামিয়ায় অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। বর্তমানে অন্য দুটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের দুজন চিকিৎসক এই হাসপাতালে এসে বহির্বিভাগে রোগীদের সেবা দিচ্ছেন। তবে হাসপাতালের নিজস্ব লোকবল না থাকায় অভ্যন্তরীণ বিভাগের কার্যক্রম চালু হয়নি। এতে দ্বীপের দুর্গম এলাকার রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে একটি ৩১ শয্যার, একটি ১০ শয্যার ও পাঁচটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে। তবে দ্বীপের সড়ক যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় প্রান্তিক এলাকার রোগীদের এসব হাসপাতালে আসতে দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যার কথা বিবেচনা করে ২০০৩ সালের মার্চ মাসে স্বাস্থ্যসেবা কমিটির বৈঠকে সন্দ্বীপের মাঝামাঝি এলাকা হারামিয়ায় ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সীর বাজার এলাকায় দুই একর জমির ওপর আট কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এ হাসপাতাল। নির্মাণকাজ শেষে ২০০৯ সালের ২০ মার্চ এটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।জানা গেছে, সরকারের জনপ্রশাসন বিভাগ হাসপাতালের জন্য ১৬টি পদ সৃষ্টি করলেও এখনো কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। এর মধ্যে একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন চিকিৎসা কর্মকর্তা ও ছয়জন নার্সের পদ রয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে।গত মঙ্গলবার হারামিয়া হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে অর্ধশত রোগী এসেছেন চিকিৎসাসেবা নিতে। কর্তব্যরত চিকিৎসক মো. শাজাহান মাইটভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। তিনি সপ্তাহে ছয় দিন এই হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখেন। তাঁর কাছ থেকে জানা গেল, মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. গোলাম মোস্তফাও সপ্তাহে এক দিন এই হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় এই হাসপাতালে। কবে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হবে এই প্রশ্নের উত্তরে দেলোয়ার হোসেন জানান, লোকবল নিয়োগ হলেই বহির্বিভাগ চালু হবে। মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এক মাসের মধ্যে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।