হারিয়ে যেতে নেই মানা
>নগরে বেড়ানো: ঈদের লম্বা ছুটিতে কেউ কেউ শহরের বাইরে যাওয়ার পরিকল্পনা করেন। আবার অনেকে পথের ঝক্কি এড়াতে শহরেই থেকে যান। তাই বলে ঘরে বসে ঈদের আনন্দ মাটি করা—কখনোই হতে পারে না। এখনই পরিকল্পনা হোক কোথায় হবে এবারের ঈদ উদ্যাপন। হাতের কাছেই তো রয়েছে আকর্ষণীয় সব বেড়ানোর স্থান

পাহাড়ের কোলে জলের খেলা, প্রমোদতরিতে চড়ে কর্ণফুলীর মোহনায়। কিংবা হরেক রঙের প্রজাপতির ডানা মেলা ওড়াউড়ি কি দেখবেন? কোথায় কাটাবেন ঈদের ছুটি? পরিকল্পনা করুন এখনই। চট্টগ্রাম নগরে হাতের কাছেই রয়েছে নানা আয়োজন।
ফয়’স লেক: নগরের অন্যতম বিনোদনকেন্দ্র ফয়’স লেক। এতে রয়েছে অ্যামিউজমেন্ট ও ওয়াটার পার্ক এবং রিসোর্ট। প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে আঁকাবাঁকা ফয়’স লেক। দুই পাশে সবুজের সমারোহ। অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে মজার ১৪টি রাইড নিয়ে। রয়েছে প্রিজন স্কয়ার। দর্শনার্থীরা কবুতরকে খাবার দিলে শরীরে এসে বসে। লেক ভ্রমণের জন্য আছে ইঞ্জিনচালিত নৌকা। রেস্টুরেন্টে পাওয়া যায় দেশি-বিদেশি খাবার।
জলকেলিতে মেতে ওঠার নানা আয়োজন রয়েছে ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডে। অ্যামিউজমেন্ট পার্ক থেকে ইঞ্জিনচালিত নৌকায় ১০ মিনিটের পথ পেরোলেই দেখা মিলবে সি-ওয়ার্ল্ড। ফয়’স লেকের একপ্রান্তে গড়ে তোলা হয়েছে এই জলের রাজ্য। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান কৃত্রিম সমুদ্রসৈকত। সাগরের মতোই ঢেউ খেলা করে এখানে। এ ছাড়া রাইড রয়েছে আটটি।
এদিকে লম্বা ছুটি কাটাতে সঠিক গন্তব্য হতে পারে ফয়’স লেক রিসোর্ট। এতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত পাহাড় ও হ্রদমুখী কক্ষ। নিরিবিলি পরিবেশে লেকের পাশেই পাহাড়ের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে বাংলো। বিস্তারিত জানতে: ০১৯১৩৫৩১৪৮১।

প্রজাপতির মেলায়: জালে ঘেরা বাগান। মাঝখানে কৃত্রিম ফোয়ারার ঝরনাধারা। চারদিকে গাছগাছালি। সবুজের মাঝে মনকাড়া ফুলের সুবাস। আর সবখানে হরেক রঙের প্রজাপতির ওড়াউড়ি-হলুদ, সাদা, ধূসর, কালো, কোনো কোনোটি নানা রঙের মিশেল। এমন দৃশ্যের দেখা মিলবে প্রজাপতি পার্কে। চট্টগ্রাম শহরের দক্ষিণ প্রান্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে প্রজাপতির এ আবাস। পার্কের সবকিছু প্রজাপতির আদলে করা। পার্কে বর্তমানে ৫০ প্রজাতির প্রায় চার শ প্রজাপতি রয়েছে। দর্শনার্থীদের জন্য রয়েছে প্রজাপতি জাদুঘর। এ জাদুঘরে সংরক্ষিত আছে বিরল সব প্রজাতির প্রজাপতি। পার্কের প্রবেশমূল্য এক শ টাকা। বিস্তারিত জানতে : ০১৮১১৪৪৪২৭০।
ওয়েস্টার্ন ক্রুজে কর্ণফুলীর মোহনায়: প্রমোদতরী ওয়েস্টার্ন ক্রুজে চড়ে ঘুরে আসা যায় বঙ্গোপসাগর ও কর্ণফুলীর মিলনস্থলে। বন্দরের বহির্নোঙর দেখার এ এক দারুণ সুযোগ। এ ছাড়া জাহাজে থাকে জাদু প্রদর্শনী ও সুরের মূর্ছনা। ঈদের দিন থেকে টানা ১০ দিন রয়েছে জাহাজে চড়ার ব্যবস্থা। প্রতিদিন বিকেল পাঁচটায় চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে ছাড়ে জাহাজ। দুই ঘণ্টার এই ভ্রমণের জন্য জনপ্রতি খরচ পড়ে এক হাজার টাকা করে। অবশ্য ঈদের জন্য ছাড় থাকে। বিস্তারিত জানতে: ০১৭২৫ ৭৮২৭০০।

পতেঙ্গা সমুদ্রসৈকত: সাগরের ঢেউয়ের কলতান। দূরে ভিনদেশি জাহাজের সারি। মনোরম এই পরিবেশ কাছে টানে দর্শনার্থীদের। ঈদের দিন থেকে টানা কয়েক দিন মানুষের উপচেপড়া ভিড় থাকে সৈকতে। বিশেষ করে বিকেলে সৈকতে ঘুরে বেড়ানোর মজাই অন্য রকম। নৌকায় চড়ে এক চক্কর দেওয়া যায় সৈকতের আশপাশে। অবশ্য ঘোড়ার পিঠে চড়েও সৈকত ভ্রমণ করতে পারেন। সৈকতের সঙ্গে রয়েছে বিপণিকেন্দ্র ও রেস্তোরাঁ। পতেঙ্গা সৈকতে এলে কমবেশি সবাই ঘুরে যান কর্ণফুলীর ১৫ নম্বর ঘাট। এখানে নদী-সমুদ্রের মোহনা। তীরে বসলেই যেন মন ভালো হয়ে যায়। রয়েছে খাবারদাবারের ব্যবস্থাও।

স্বাধীনতা পার্ক: নগরের বহদ্দারহাট এলাকায় গড়ে তোলা এই পার্কে রয়েছে ‘মিনি বাংলাদেশ’। এতে রয়েছে সংসদ ভবন, স্মৃতিসৌধ, কার্জন হল, আহসান মঞ্জিল, দরবার হল, কান্তজির মন্দিরসহ নানা স্থাপনার প্রতিলিপি। তবে পার্কের মূল আকর্ষণ ২২০ ফুট উচ্চতায় নির্মাণ করা রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় বসে এক নজরে দেখা যায় চট্টগ্রাম শহর।
এ ছাড়া কাজির দেউড়ি ও আগ্রাবাদ জাম্বুরি মাঠের শিশুপার্ক, কাট্টলি সমুদ্রসৈকত ও ভাটিয়ারির ক্যাফে টুয়েন্টি ফোরেও ঘুরে আসতে পারেন।