হারিয়ে গেছে ১০ কোটি কন্যাশিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের ছোট্ট মেয়েটিকে নিয়ে ট্রেনে চড়েছেন বাবা। বেড়াতে নয়, কাজে। স্টেশনে যাত্রী ওঠা-নামার ফাঁকে মেয়েকে নিয়ে নামলেন তিনি। নিয়ে গেলেন খাবার দোকানে। মেয়ে বায়না ধরেছে এটা-সেটা কিনে দেওয়ার। এটা খাবে—না ওটা খাবে—তা-ই নিয়ে ব্যস্ত ছোট্ট মেয়েটি। স্টেশনজুড়ে প্রচণ্ড ভিড়। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে এল। ছোট্ট মেয়েটির কি আর সেদিকে হুঁশ আছে? সে তো ব্যস্ত খাওয়া নিয়ে। এরই ফাঁকে দৌঁড়ে ট্রেনে ওঠে গেলেন বাবা। ট্রেন ছেড়ে দিল; ক্রমেই দূর থেকে দূরে সরে যাচ্ছে দোকানটি, আর সরে যাচ্ছে দোকানের সামনে থাকা ছোট্ট মেয়েটিও। চিরদিনের মতো সরে গেল, হারিয়ে গেল তাঁর আদরের মেয়েটা। একইভাবে হারিয়ে গিয়েছিল ওই বাবার আরও তিনটি মেয়ে।এটা কোনো চলচ্চিত্রের ধ্রুপদী বা হূদয়বিদারক দৃশ্য না, একেবারেই বাস্তব। চীনে অহরহ ঘটছে এমন ঘটনা। শুধু চীন নয়, তৃতীয় বিশ্বসহ পৃথিবীর বহু দেশেই এমনটা হচ্ছে। পারিবারিক ও সামাজিক মর্যাদা, ধর্মীয় কুসংস্কার কিংবা রাষ্ট্রীয় নিয়ম-নীতির বেড়াজালে পড়ে হারিয়ে যাচ্ছে কোটি কোটি কন্যাশিশু। এদের অনেককে ভ্রূণ অবস্থায় হত্যা করা হচ্ছে, কাউকে পরিবারের সদস্যরা ইচ্ছে করে হারিয়ে ফেলছে, আবার কাউকে বা ভিন দেশের মানুষের কাছে দত্তক দেওয়া হচ্ছে। এভাবে হত্যা, অযত্ন আর অবহেলায় সারা দুনিয়া থেকে হারিয়ে গেছে ১০ কোটিরও বেশি কন্যাশিশু। ১৯৯০ সালে অর্থনীতিবিদ অমর্ত্য সেন নানা পরিসংখ্যান দিয়ে এমন তথ্যই জানিয়েছিলেন। বর্তমানে সে সংখ্যা আরও বেড়েছে বলে দাবি করেছে লন্ডনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট।অনেকেই হয়তো মনে করবেন, পৃথিবী থেকে এত বিপুলসংখ্যক মেয়েশিশুর হারিয়ে যাওয়াটা কি সম্ভব? কিন্তু চারপাশের বাস্তবতা কী বলে? ধরুন, তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের দম্পতি অপেক্ষা করছেন প্রথম সন্তানটির জন্য। পারিপার্শ্বিক বাস্তবতায় তাঁদের চাওয়াই থাকে সন্তানটি যেন ছেলে হয়। আর মধ্যবিত্ত পরিবারের কথাই ধরুন। তারা চায় পরিবারটা ছোট রাখতে, একই সঙ্গে চায় সংসারে উপার্জন ও কর্মক্ষম মানুষের জন্ম হোক। অর্থাত্, সরাসরি না হলেও কন্যা সন্তানের চেয়ে পুত্রসন্তানই তাদের কাছে বেশি কাম্য।মানুষের এই চাওয়াগুলো কিন্তু হঠাত্ করেই আসেনি। যুগের পর যুগ আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতাই তাদের মনে এমন প্রত্যাশার জন্ম দিয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশেই ছেলেকে বাবার সম্পত্তির একমাত্র যোগ্য উত্তরাধিকারী মনে করা হয়। বংশপরম্পরায় সম্পত্তি নিজেদের দখলে রাখার জন্য তাই পুত্রসন্তানের কোনো বিকল্প নেই। কন্যাশিশুর জন্ম মানেই তাকে অন্য পরিবারে বিয়ে দিতে হবে, খরচ আছে। মেয়েকে সম্পত্তি দিলে তাতে ভাগ বসাবে অন্য পরিবার। শুধু তা-ই নয়, বৃদ্ধ বয়সে নিরাপত্তার কথা ভেবেও লোকে মেয়ের চেয়ে ছেলেসন্তানই বেশি চায়। মেয়েদের নিয়ে এমন ধারণা চীনসহ বিশ্বের অধিকাংশ রক্ষণশীল সমাজেই বিদ্যমান।জনসংখ্যার দিক দিয়ে চীন বিশ্বে শীর্ষে। তাই এ দেশে কন্যাশিশুর অদৃশ্য হওয়ার ঘটনাও অনেক বেশি। চীনে ছেলে ও মেয়েশিশুর অনুপাতের ব্যবধান ক্রমেই বাড়ছে। অথচ প্রকৃতির স্বাভাবিক নিয়মে ছেলেমেয়ের অনুপাতে এতটা ব্যবধান সম্ভব নয়। চীনে আশির দশকের শেষের দিকে ছেলেমেয়ের অনুপাত ছিল ১০৮:১০০, অর্থাত্ ১০৮ জন ছেলের বিপরীতে ১০০ জন মেয়ে। ২০০০ সালের প্রথম দিকে এসে এই অনুপাত দাঁড়ায় ১২৪:১০০। কিছু কিছু প্রদেশে আবার এই অনুপাত ১৩০:১০০-তে দাঁড়িয়েছে। নীরবে চলছে কন্যাশিশু নিধন, আশঙ্কাজনকভাবে কমছে মেয়ের সংখ্যা। ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, হিন্দু-মুসলমান, কনফুসিয়ান-খ্রিষ্টান—কোনো সমাজেই থেমে নেই এই নীরব হত্যা। অর্থ-বিত্ত পারছে না এসব বন্ধ করতে।চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এক সন্তাননীতি। এ সমাজে ছেলের প্রত্যাশা তাই স্বভাবতই বেড়ে গেছে। নানা সামাজিক-পারিবারিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে চীনের অধিকাংশ পরিবারই চায় তাদের একমাত্র সন্তানটি ছেলেই হোক। কিন্তু মেয়ে হলেই বিপত্তি। তেমন কিছু ঘটনাই তুলে ধরেছেন চীনের লেখক জিনরান। তাঁর ম্যাসেজ ফ্রম অ্যান আননৌন চায়নিজ মাদার: স্টোরিজ অব লস অ্যান্ড লাভ বইয়ে।ওই বইয়ে বর্ণিত কয়েকটি বাস্তব ঘটনা অনেকটা এমন— শানডং প্রদেশের এক বাড়িতে মেয়ে জন্মেছে। একদিকে এক সন্তান নিতে সরকারের নির্দেশ। এই নির্দেশ মেনে নিলে কন্যাই হবে একমাত্র সন্তান, অন্যদিকে পুত্রসন্তানের জন্য ব্যাকুলতা। অবশেষে পরিবারের বড়দের সিদ্ধান্তে সদ্যোজাত মেয়েটিকে একটি পাত্রে ভরে আবর্জনার স্তূপে ফেলে আসা হলো। এভাবেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল একটি মেয়ে। দুই বছর পর ওই গ্রামেরই আরেক মা জানালেন, তাঁর দুটি মেয়ে ছিল। কিন্তু শ্বশুর তাঁর দুই মেয়েকে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছেন। লেখক জিনরানের কাছে ওই মায়ের জিজ্ঞাসা, ‘বিদেশিরা আমার মেয়ে দুটিকে ঠিকমতো যত্ন করতে পারছে তো?’চীনে লাখ লাখ মেয়েশিশুর হারিয়ে যাওয়ার প্রধান কারণ এক সন্তাননীতি। প্রাচীন মূল্যবোধের কারণে একমাত্র সন্তানটি ছেলে হবে—এমন প্রত্যাশাই থাকে সবার মনে। যখন প্রত্যাশা আর প্রাপ্তির মিল হয় না, তখনই ঘটে হত্যাকাণ্ডসহ মেয়েটিকে নানা কায়দায় হারিয়ে ফেলা বা অদৃশ্য করার চেষ্টা। একটি মেয়েকে বড় করে তুলতে অনেক অর্থ খরচ করতে হয়। তারপর অনেক টাকা ব্যয়ে বিয়ে দিয়েও নিজের কাছে রাখতে পারেন না বাবা-মা। অথচ মাত্র ১২ ডলার পারে এমন অবস্থা থেকে বাবা-মাকে মুক্তি দিতে। এই অর্থ ব্যয়ে একটা আলট্রাসাউন্ড স্ক্যান করলেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে হবে। মেয়ে না চাইলে গর্ভপাতের দরজা তো উন্মুক্ত আছেই। এভাবেই ভ্রূণ অবস্থায় হারিয়ে যায় বিপুলসংখ্যক মেয়ে। আর যাঁরা প্রযুক্তির মাধ্যমে গর্ভের সন্তানটি কী হবে তা জানতে পারেন না, তাঁরা জন্মের পর মেয়ে শিশুটিকে হারিয়ে ফেলেন, নইলে পালক দিয়ে দেন। একটা ছেলে না হওয়া পর্যন্ত চলতেই থাকে এসব।মাও সে তুং বলেছিলেন, আকাশের অর্ধেকটা ধারণ করে আছে নারী। আর প্রেসিডেন্ট হু জিনতাও চান একটা ছন্দময় সমাজ। এক সন্তাননীতি বহাল রেখে মানুষের ব্যক্তিজীবনকে অনিশ্চয়তার মুখে ফেলে তেমন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেই সমালোচকেরা মনে করেন। বিশেষজ্ঞদের মতে, এই নীতি শিথিলের পাশাপাশি নারীর ব্যাপারে সচেতনতা সৃষ্টি ও নারীর ক্ষমতায়ন জরুরি। নারী শিক্ষার প্রসার, উত্তরাধিকার আইনে নারীর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমন আইন ও প্রথা দূর করার পাশাপাশি ছেলেমেয়ের অস্বাভাবিক অনুপাত হ্রাসের ব্যাপারে হাসপাতাল-ক্লিনিকগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। টেলিভিশনের সংবাদ পাঠক থেকে ট্রাফিক পুলিশ—সব দায়িত্বেই নারীর অংশগ্রহণ নিশ্চিত করে সমাজের সঙ্গে নারীর সম্পৃক্ততা গড়ে তুলতে হবে। এসব উদ্যোগ আর কর্মকাণ্ডের মাধ্যমেই চীন পারে নারীর অনাকাঙ্ক্ষিত অন্তর্ধান ঠেকাতে। পারে বাকি বিশ্বও।