মিরসরাইয়ের উপকূলে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ির পোনা সংগ্রহের মহোৎসবে মেতে উঠেছে একশ্রেণীর অসাধু পোনা ব্যবসায়ী চক্র (সিন্ডিকেট)। চিংড়ির পোনা সংগ্রহ করতে গিয়ে নিধন করা হচ্ছে সাগরের অন্যান্য বড় মাছের পোনা। চিংড়ির অভয়াশ্রম হিসেবে খ্যাত বঙ্গোপসাগরের ফেনী নদীর মোহনা মুহুরী প্রকল্প উপকূলে সাধারণত চৈত্র থেকে শ্রাবণ পর্যন্ত মা-চিংড়ি ডিম ছাড়ে। জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ে নতুন বৃষ্টি হলে এসব ডিম রেণু পোনায় পরিণত হয়। এরপরই কয়েকটি সংগ্রহকারী চক্র পোনা নিধনের মহোৎসবে মেতে ওঠে। কিন্তু এবার বৈশাখ মাসের শুরুতে নতুন বৃষ্টি শুরু হলে মা-চিংড়ির ডিমগুলো রেণুতে পরিণত হতে থাকে। প্রশাসনিক কোনো তৎপরতা না থাকায় এসব পোনা শিকার করে চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ইতিমধ্যে পোনা শিকারিরা মিরসরাইয়ের উপকূলীয় মুহুরী প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে বসবাস শুরু করেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, মুহুরী প্রকল্প, সাহেরখালী, ইছাখালী এলাকার সাগর মোহনায় প্রতিদিন প্রায় দেড়-দুই হাজার শিকারি চিংড়ির পোনা শিকার করেন। পোনা শিকারে তাঁরা স্থানীয় প্রযুক্তির টেইয়্যাজাল (ঠেলা জাল), বেহুন্দি জাল, নেট জাল ও মশারির জাল ব্যবহার করেন। এসব জালে চিংড়ির পোনার পাশাপাশি ইলিশের জাটকা, রুই জাতীয় বড় মাছের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু পোনা ধরা পড়ছে। ফলে এ উপকূলীয় এলাকা থেকে বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে। স্থানীয় জেলেরা জানান, মিরসরাইয়ের ফেনী নদী থেকে ইতিমধ্যে ৪২ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাইয়ের ২৫ কিলোমিটার উপকূলীয় এলাকার ২৯টি জেলেপাড়ার প্রায় শিশু-কিশোর, নারী-পুরুষের চিংড়ির পোনা শিকারে নিযুক্ত রেখেছে পোনা ব্যবসায়ী চক্র। প্রতিদিন একজন শ্রমিক পোনা সংগ্রহ করে ৩৫০-৪০০ টাকা পর্যন্ত আয় করেন। মহাজনেরা (পোনা ব্যবসায়ী) পোনা শিকারিদের কাছ থেকে প্রতিটি পোনা ৫০ পয়সা থেকে এক টাকা দামে কেনেন। এরপর ব্যবসায়ীরা প্রতিটি পোনা ছয়-সাত টাকায় উপজেলার বাইরে খুলনা, বগুড়া, দিনাজপুর, বাগেরহাট, কক্সবাজার, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করেন বলে জানা যায়।সরেজমিনে দেখা যায়, পোনা শিকারের সময় চিংড়ির পোনার সঙ্গে উঠে আসা অন্য মাছের পোনা শিকারিরা সাগরে না ছেড়ে তা ডাঙায় ফেলে দিচ্ছেন। অনেকে আবার খাওয়ার জন্য তা বাড়িতে নিয়ে যাচ্ছেন। মুহুরী প্রকল্পের উপকূলে চিংড়ির পোনা সংগ্রহে খুলনা থেকে আসা আবদুর রাজ্জাক জানান, গত চার বছর ধরে এ মৌসুমে চিংড়ির পোনা শিকার করতে মিরসরাইয়ে আসছেন। তিনি জানান, প্রতিদিন গড়ে চার-পাঁচ শ পোনা তাঁর জালে ধরা পড়ে। তিনি স্থানীয় মহাজন মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে দাদন নিয়েছিলেন। এখন প্রতিটি পোনা ৫০ পয়সা দরে মহাজনের কাছে বিক্রি করে দাদনের টাকা পরিশোধ করছেন। মুহুরি প্রকল্প এলাকার পোনা ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, প্রতিদিন ১২ জন শ্রমিক তাঁর জন্য পোনা শিকার করেন। তিন-চার দিনের সংগৃহীত পোনা একসঙ্গে তিনি খুলনার বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। মিরসরাইয়ের উপকূলীয় এলাকায় হাজার খানেক ব্যবসায়ী চিংড়ির পোনার ব্যবসা করছেন কিন্তু কেউ কোনো দিন বাধা দেননি।উপজেলার সাহেরখালী জেলেপাড়ার বাবুল জলদাস জানান, সাগরে আগে জেলেদের জালে প্রচুর চিংড়ি ধরা পড়ত কিন্তু অপরিকল্পিত পোনানিধনের কারণে এখন আর আগের মতো চিংড়ি ধরা পড়ে না। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একাধিকবার উপকূলীয় এলাকায় গিয়ে পোনা সংগ্রহকারীদের সতর্ক করা হয়েছে। তবে কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। তিনি জানান, ‘অপরিকল্পিত পোনা নিধনের কারণে সাগর থেকে ইতিমধ্যে ৪২ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। উপজেলা থেকে আট কিলোমিটার দূরে সাগরে গিয়ে পোনা শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে এ বিষয়ে স্থানীয় লোকজনের সহায়তায় চিংড়ির পোনাসহ সব ধরনের পোনা নিধন রোধ সম্ভব হবে।’