হারিয়ে গেছেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচফোড়নের দলটাতে আমরা ছিলাম ১৮ জন। বয়স কিংবা শ্রেণীর সীমারেখা ছাড়িয়ে হয়ে গিয়েছিলাম একটা পরিবার। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) পরতে পরতে চলত আমাদের দাপাদাপি। সময়ের সঙ্গে সঙ্গে সদস্যসংখ্যা কমতে থাকে। পাস করে কেউ বেরিয়ে গেলে আমাদের মনে হতো ‘আরেকজন গেল।’ কিন্তু পরক্ষণেই ভুলে যেতাম হারানোর বেদনা। কারণ, এ যাওয়া শেষ যাওয়া নয়। পাঁচফোড়নের সেই বন্ধুটি আহমেদ সাইদ পাস করে যেদিন ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছিল, সেদিনও আমরা গেয়েছিলাম মান্না দের সেই গানটি—‘এ দেখাই শেষ দেখা নয় তো...।’ কিন্তু আজ বিশ্বাস করতে কষ্ট হয় আহমেদ সাইদের সঙ্গে আর কখনো দেখা হবে না। সে যে চলে গেছে, পৃথিবীর রাঙা রাজপুত্রদের মতো না ফেরার দেশে। গত ১৪ মার্চ আলোকিত চট্টগ্রামে ক্যাম্পাস বিভাগে আইইউবি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে পাঁচফোড়নের ১৮ তরুণ তুর্কির কথা ছিল। অথচ এর পরদিনই ১৮ জনের দলটা ১৭ জনের হয়ে গেল। মস্তিষ্কে রক্তক্ষরণে আহমেদ সাইদ মারা গেলেন অকালে সবাইকে কাঁদিয়ে।স্মৃতিচারণা করতে গিয়ে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। গত ১৫ দিন ক্যাম্পাসে সবাই শুধু তোর কথাই বলছে। হাজারো কথার ভিড়ে বার বার মন চলে যায় ক্যাম্পাসের আনন্দ আড্ডায়। কত শত স্মৃতি আমাদের। সাইদ, তোর মনে আছে তোর গান শুনে আমরা কী বিরক্ত হতাম! ভার্সিটিতে আমরা কে কার সঙ্গে প্রথম কথা বলেছিলাম? এ নিয়ে তোর গবেষণা কি শেষ হয়েছিল? গত ১৪ মার্চের আলোকিত চট্টগ্রামের পাতায় পাঁচফোড়নের ১৮ জনের বন্ধুত্বের কথা লেখা হয়েছিল। তুই কি তা পড়েছিলি? হার্ট অ্যাটাক—এই ছোট্ট দুটি শব্দ তোর আর আমাদের মাঝে তৈরি করে দিয়েছে জীবন ও মৃত্যুর পার্থক্য। বন্ধু, এক বুক চাপা কষ্ট নিয়ে বলতে পারি, পাঁচফোড়নের ১৮ জন কখনো ১৭ জন হবে না। তুই থাকবি আমাদের স্মৃতির মণিকোঠায় অনন্ত ভালোবাসায়।