হারিয়ে গেল ৫০০ বছরের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফেসবুকের একটি আপত্তিকর ছবির কারণে চোখের পলকে ধ্বংস হয়ে গেল প্রায় ৫০০ বছরের ইতিহাস। এখন হাজার কোটি টাকা খরচ করলে এই ইতিহাস-ঐতিহ্য ফিরে পাওয়া যাবে কি? মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, তা কি কখনো মুছবে?’ গত ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রশাসনের মতবিনিময় সভায় জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীর কথায় যেন রামুর শান্তিকামী মানুষের মনের আকুতিই প্রতিধ্বনি হয়েছে।কিন্তু সোমেশ্বর চক্রবর্তীর প্রশ্নের উত্তর জানা নেই কারও কাছে। সবাই নির্বাক, হতবিহ্বল। এমন ঘটনা আগে দেখেনি রামুর বাসিন্দারা। সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে চিড় ধরল। ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ রামুতে এখন শুধুই পোড়া গন্ধ আর বাসিন্দাদের আহাজারি। কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতের অগ্নিসংযোগের ঘটনায় এই মন্দিরের প্রায় তিন শতাধিক ছোট-বড় মূর্তি পুড়ে গেছে। এর মধ্যে অর্ধশতাধিক পোড়া মূর্তি উদ্ধার করা হয়েছে। আরও ১১টি মন্দিরে পুড়ে গেছে ছোট-বড় তিন শতাধিক মূর্তিসহ প্রাচীন নিদর্শন। ফেসবুকের সামান্য একটা ছবি নিমিষে শেষ করে দিয়েছে ৫০০ বছরের ইতিহাস ঐতিহ্য।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর ও গবেষক শামসুল হোসাইন বলেন, বৌদ্ধমন্দিরগুলো পুড়িয়ে দেওয়ায় প্রায় ৩০০ বছরের ইতিহাস হারিয়ে গেল। প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন আর পাওয়া যাবে না। তিনি আরও বলেন, ‘এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের সাংস্কৃতিক সম্পদ। কিন্তু এগুলো সংরক্ষণে সরকার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। জরিপ করে সরকার যদি এসব নির্দশন সংরক্ষণ করত তাহলে আজ এ অবস্থা হতো না। এখন জরুরি ভিত্তিতে অন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণ করতে হবে।’ গত ২৯ সেপ্টেম্বর রাতে রামু সদরের কেন্দ্রীয় সীমা বিহার, লালচিং ও সাদাচিং বৌদ্ধ বিহারসহ ১২টি মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ সময় ৩৪টি বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং আরও ৩২টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ এই রামুতে মন্দির পোড়ানোর ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছে। যা হারিয়েছি তা আর কোনো দিন ফেরত পাওয়া যাবে না। এখন অবশিষ্ট (মন্দির) যা আছে তা রক্ষা করতে পারি কি না সন্দেহ রয়েছে।’ কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, রামুর বিভিন্ন জনপদে দেড় শ থেকে ৫০০ বছর আগের তৈরি দৃষ্টিনন্দন ২৮টি মন্দির রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে আসা পর্যটকেরা এসব বৌদ্ধ নিদর্শন দেখতে রামুতে ছুটে আসতেন। মধুপূর্ণিমা উৎসবে বিষাদের ছায়া: গত ৩০ সেপ্টেম্বর সকাল থেকে মন্দিরে মন্দিরে জাঁকজমকভাবে মধুপূর্ণিমা উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিন রাতে ১২টি প্রাচীন বৌদ্ধমন্দিরে অগ্নিসংযোগ করে ধ্বংস করায় সেই উৎসবে পড়ে বিষাদের ছায়া। লালচিং বৌদ্ধমন্দিরের ভিক্ষু ওয়েছেকা ছারা মহাথের (৮৭) বলেন, ‘২৪ বছর ধরে এই মন্দিরে আমি অনেকের সঙ্গে জাঁকজমকভাবে মধুপূর্ণিমা উৎসব পালন করে আসছি। এলাকায় ১০ হাজারের বেশি বৌদ্ধ ধর্মাবলম্বী উপজেলার ২৮টি মন্দিরে দিনব্যাপী উৎসবে মেতে ওঠেন। বছরের এই একটি দিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অথচ তার আগের রাতে সব আনন্দ শেষ হয়ে গেল।’ জানা যায়, ৩০ সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে মন্দিরে মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ছিল। তারপর দুপুরে অষ্টশীল গ্রহণ, সন্ধ্যায় মন্দিরে মন্দিরে হাজার প্রদীপ প্রজ্বালন এবং রাতে আকাশে ফানুস ওড়ানোর মহোৎসব ছিল। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন জেলা শাখার সভাপতি বঙ্কিম বড়ুয়া বলেন, আগামী বছর এই দিনে যে মধুপূর্ণিমা উৎসবটি হবে, তাতেও এই পোড়া মন্দিরের গন্ধ থাকবে। কারণ পোড়া মন্দিরের ক্ষত সহজে মুছবে না। আজকের মধুপূর্ণিমা উৎসবটি কান্নায় ভারাক্রান্ত হয়েই রইল। ২২ মন্দির রক্ষা: চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ২২টি বৌদ্ধমন্দির রয়েছে। এর মধ্যে অনেক মন্দির রয়েছে আড়াই শ বছরের পুরোনো। রামু বৌদ্ধমন্দিরে হামলার পর উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তরপাড়ায় বৌদ্ধমন্দিরে শতাধিক যুবক জড়ো হয়ে হামলার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যান আজিমুল হক ও পুলিশ মিলে তা দমন করেন। এর পরও শঙ্কা কাটেনি বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের লোকজনের মধ্যে। রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মংয়াই বলেন, ২৯ সেপ্টেম্বর রামুর ১২ মন্দিরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চকরিয়ার ২২ মন্দির নিয়ে আমরা উদ্বিগ্ন।