হারিয়ে যাওয়া এক বনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিণ, সাপ, বনবিড়াল, শিয়াল, কুমির, বন্য শূকর ও বানরসহ ১০৩ প্রজাতির প্রাণীর বিচরণ ছিল এই বনে। দিনের বেলায়ও বনের আশপাশে যাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। সারি সারি সুন্দরীগাছের কারণে এই বনের নামকরণ করা হয় সুন্দরবন। কেওড়া, গেওয়া, বাইনসহ ২৫ প্রজাতির গাছ ছিল এই বনে। তবে এই বন এখন শুধুই স্মৃতি।কক্সবাজারের চকরিয়া উপজেলার সমুদ্র উপকূলে ছিল এই সুন্দরবনের অবস্থান। উপজেলার রামপুরা মৌজার ছোয়ারফাড়ি, চরণদ্বীপ, রিংভং, ইলিশিয়া, বরইতলি, পালাকাটা ও বদরখালী এলাকার ১৯ কিলোমিটারজুড়ে ছিল এই বনের বিস্তৃতি। তবে বর্তমানে এই বনে কোনো গাছ নেই। বনের জায়গায় গড়ে উঠেছে চিংড়িঘের। নির্বিচারে গাছ কাটা ও চিংড়িঘের করার কারণে এই বনের মাটির লবণাক্ততা বেড়ে গেছে। ফলে এখানে এখন গাছপালা জন্মানোর পরিবেশ নেই বলে জানান উদ্ভিদবিদেরা। স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আহমদ হোসেন ও সিরাজুল ইসলাম জানান, সুন্দরবনের জলার ধারে গাছের নিচে কুমির দেখেছেন তাঁরা। কুমিরের ভয়ে বনের ভেতরে মাছ ধরতেও যেত না জেলেরা। স্থানীয় লোকজন জানান, দীর্ঘ কয়েক দশকে এই বনের লাখ লাখ গাছ কেটে তৈরি করা হয়েছে হাজারো চিংড়িঘের। একসময় ঘের থেকে উৎপাদিত চিংড়ি বিক্রি করে প্রভাবশালী কিছু ব্যক্তি লাভবান হলেও এখন ঘেরগুলো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ঘেরে এখন চিংড়ি চাষ হয় না। কিছু ঘেরে লবণ উৎপাদন হয়। এ ছাড়া কোনো কোনোটিতে পাঙাশ, তেলাপিয়াসহ অন্যান্য মাছের চাষ হয়। সম্প্রতি চকরিয়ার এই সুন্দরবন ঘুরে কেবল একটি সুন্দরীগাছ দেখা গেছে। পুরো বন পরিত্যক্ত বিরানভূমিতে পরিণত হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঘেরের বাঁধের ওপর লাগানো দু-একটি গাছ এখনো টিকে আছে। বন বিভাগ কক্সবাজার অঞ্চলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চিংড়ি চাষের জন্য এই বন উজাড় হয়েছে। এতে পরিবেশের বিপর্যয় দেখা দিয়েছে। গাছপালা না থাকায় উপকূলের মানুষজন ঝড়-জলোচ্ছ্বাসের কাছে অসহায় হয়ে পড়েছে। প্যারাবন সৃজন করা হলেও বনদস্যুদের কারণে তা রক্ষা করা যাচ্ছে না। জনবল-সংকটের কারণে নিয়মিত অভিযানও পরিচালনা করা সম্ভব হচ্ছে না।’ বদরখালী মুহুরিজুড়া গ্রামের নুরুল আলম (৫৫) বলেন, ‘চিংড়ি ও লবণ চাষের কারণে ধানিজমিতেও লবণাক্ততা বেড়েছে। এই এলাকায় এখন তেমন একটা ফসল হয় না। ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে চিরিঙ্গাবাজার থেকে শাকসবজি ও তরিতরকারি কিনে আমাদের খেতে হয়।’ শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘চিংড়িঘের করার জন্য সত্তরের দশকে সুন্দরবনের গাছ কাটা শুরু এবং ১৯৯০ সালের দিকে বনটি প্রায় উজাড় হয়ে যায়। গাছপালা না থাকায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে এই উপজেলায় প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। পার্শ্ববর্তী উপজেলা কুতুবদিয়া ও মহেশখালীতে মারা গেছে আরও প্রায় ৬০ হাজার মানুষ।’কয়েকজন ঘেরমালিক জানান, চিংড়ি চাষ করে নিজে লাভবান হলেও এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সরকার যদি আবার বন সৃজনের উদ্যোগ নেয়, তবে তাঁরা চিংড়ি চাষ ছেড়ে দিতে প্রস্তুত আছেন। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘সুন্দরবনে এখন কোনো গাছ নেই। এখন যদি চিংড়িঘের বন্ধ করে দেওয়া হয়, তাহলে লাখো মানুষ সমস্যায় পড়বে। তবে কোনো প্যারাবন যেন উজাড় করা না হয়, সে বিষয়টি লক্ষ রাখতে হবে।’ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৯২৯ সালে ব্রিটিশ সরকার জনবসতি গড়ে তোলার জন্য বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি গঠন করে ২৬২টি ভূমিহীন পরিবারকে তিন হাজার ৯১০ একর জমি ইজারা দেয়। মূলত তখন থেকে বনের গাছ কাটা শুরু হয়। আশির দশকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চিংড়ি প্রকল্প চালু হলে বনের গাছ কাটার মহোৎসব শুরু হয়। চিংড়ি চাষ উৎসাহিত করার লক্ষ্যে দুই বহুজাতিক ব্যাংকের বিশেষ পরিকল্পনায় সরকার ১৯৮৫ সালে চিংড়ি চাষ করা যায়—এমন প্রায় সাত হাজার একর জমি বন বিভাগ থেকে ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তর করে। ১৯৮৬ সালে বিশ্বব্যাংক ও ইউএনডিপির অর্থায়নে ২৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের চিংড়ি চাষ প্রকল্প অনুমোদিত হয়। গড়ে তোলা হয় বেশ কিছু অবকাঠামো। এরপর ১৯৮৮ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকল্প শেষ হয়। ১৯৯৩ সালে প্রকল্পের ইতি টানে বিশ্বব্যাংকও। তবে এখনো বনের অধিকাংশ জায়গায় চলছে চিংড়ির চাষ। মৎস্য বিভাগ চকোরিয়া অঞ্চলের একটি মৎস্য প্রকল্পের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘মৎস্য বিভগ এই বনের জমি চিংড়ি চাষের জন্য ইজারা দিয়েছে। ইজারা দেওয়া প্লটগুলোর বেশির ভাগেরই মেয়াদ শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ প্লটগুলো নতুন করে ইজারা দেওয়া যাচ্ছে না উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে। এসব ঘেরে এখন চিংড়ির চাষ হচ্ছে।’ অনুসন্ধানে জানা গেছে, চিংড়ি চাষের ফলে মুষ্টিমেয় কিছু প্রভাবশালী লাভবান হলেও স্থানীয় প্রায় দেড় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন ধ্বংস হওয়ার কারণে উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষয়-ক্ষতি বাড়ছে। বন্যপ্রাণীসহ দেশীয় প্রজাতির প্রচুর মাছ হারিয়ে গেছে। বদরখালীর বাসিন্দা হাজি সৈয়দুল আলম (৭০) বলেন, ‘৩০ বছর আগেও এই সুন্দরবনে বাঘ-ভালুক, হরিণ, সাপ, কুমির, বানরসহ নানা প্রাণী দেখা যেত। এসব এখন শুধুই স্মৃতি।’ কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে উপকূলজুড়ে প্যারাবন সৃষ্টি জরুরি। প্যারাবন উজাড় করে কোনো অবস্থায় আর যেন চিংড়িঘের করা না হয়, সে ব্যাপারে প্রশাসনের সতর্ক নজরদারি রাখা দরকার।’