হারিয়ে যাওয়া জলাশয়
অপরিকল্পিত নগরায়ণের ফলে বহু পুকুর-দিঘি-ডোবা ভরাট হয়ে গেছে। অথচ জীবনযাপনে প্রয়োজনীয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অনিবার্য এসব জলাশয় নগরের সৌন্দর্যের জন্যও অলংকার হিসেবে কাজ করত। হারিয়ে যাওয়া এবং এখনো টিকে থাকা কিছু পুকুর-জলাশয় নিয়ে এবারের আয়োজন। প্রতিবেদন তৈরি করেছেন সালমা আহমেদ, সাক্ষাৎকার নিয়েছেন অনুপম শীল১০-১২ বছর আগেও এখানে একটি পুকুর ছিল। পুকুরপাড়ে ছিল অনেক তুলাগাছ। ছিল সারি সারি নারকেল আর খেজুরগাছও। পুকুরটির নাম ছিল তুলাপুকুর। সেই পুকুর এখন শুধুই স্মৃতি। দু-চারটি নারকেলগাছ থাকলেও নেই তুলাগাছ বা খেজুরগাছ। দুই একর আয়তনের তুলাপুকুরের পুরো জায়গাজুড়ে এখন গড়ে উঠেছে বস্তি। ছোট ছোট খুপরি ঘরে নিম্ন আয়ের প্রায় সাড়ে ৩০০ পরিবার বসবাস করে এখানে। পুকুরের নামের সঙ্গে মিল রেখেই বস্তির নাম হয়েছে তুলাপুকুর বস্তি। তবে আশপাশে ইদানীং গড়ে উঠছে বেশ কটি বহুতল ভবন। নগরের লালখান বাজার এলাকার তুলাপুকুর সম্পর্কে এমন তথ্যই জানালেন স্থানীয় বাসিন্দা মো. আবদুর রাজ্জাক। স্থানীয় লোকজন জানান, তুলাপুকুর খনন করা হয় ১৮২২ সালে। কুণ্ড বংশের ললিতা রায় নামে এক বিত্তশালী নারী এটি খনন করেন। মুক্তিযুদ্ধের আগে ললিতা রায়সহ তাঁর আত্মীয়রা ভারতে চলে যান। পরবর্তীকালে পুকুরসহ তাঁদের সব সম্পত্তি সরকার অধিগ্রহণ করে। স্বাধীনতার পর থেকে বিভিন্নজন এসব সম্পত্তির মালিকানা দাবি করেন এবং সংশ্লিষ্ট লোকজন পুকুরটি ক্রমান্বয়ে ভরাট করে ফেলেন। ২০০১-০২ সালের দিকে এটি সম্পূর্ণ ভরাট হয়ে যায়। একসময় এ পুকুরে স্থানীয় লোকজন দৈনন্দিন স্নান ও ধোয়ামোছা এবং মুসল্লিরা অজু করতেন। বর্তমানে এসব কেবল স্মৃতি। জানা যায়, বর্তমানে লালখান বাজার জামে মসজিদ কমিটিসহ পুকুটির ৯-১০ জন মালিক দাবিদার রয়েছেন। জমির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মামলা চলছে।তুলাপুকুরের মতো নগরে এমন অনেক পুকুর আছে যেগুলো শুধু নামেই বেঁচে আছে। এসব পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, দোকান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। মৌলভী পুকুর: নগরের চান্দগাঁও এলাকার দেড় শ বছরের পুরোনো মৌলভী পুকুরের সিংহভাগই ভরাট করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ভবন। অবশিষ্ট অংশটিও অল্প দিনের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। স্থানীয় বাসিন্দা রাশেদ জামান জানান, চান্দগাঁও এলাকার মাওলানা আবুল হাসান ১৮৫০ সালে এক একর ১০ শতক আয়তনের পুকুরটি খনন করেন। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, ১৬০ বছরের পুরোনো এই পুকুরপাড়ে শুরু থেকেই প্রতিবছর ১-৪ বৈশাখ জমজমাট বৈশাখী মেলা বসত। বর্তমানে মেলার জায়গা খুবই সংকীর্ণ হয়ে গেছে। গত কয়েক দশক আগে থেকেই পুকুরের শরিকেরা তাঁদের অংশ বিক্রি করে দেন। পরে নতুন মালিকেরা পুকুর ভরাট করে ইচ্ছেমতো ঘরবাড়ি তৈরি করেন। সরেজমিনে দেখা যায়, পুকুরের পূর্ব পাড়ঘেঁষে রয়েছে আরাকান সড়ক। পশ্চিম পাড়ে হাসানিয়া মসজিদ। উত্তর পাশের বিশাল অংশ ভরাট করে সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। দক্ষিণ পাড়ে আছে আরামবাগ নার্সারি। রিপন কলোনি নামে একটি কলোনিও গড়ে উঠেছে পুকুরের জায়গায়। মসজিদের সামনে যেটুকু অংশ খালি আছে সেখানে মুসল্লিরা এখনো অজু করার সুযোগ পাচ্ছে। দেওয়ানজী পুকুর: ২৪-২৫ বছর আগেও যাঁরা নগরের দেওয়ানজী পুকুরপাড় দিয়ে হাঁটাচলা করেছেন তাঁরা নতুন করে এলে এলাকাটি তাঁদের কাছে অচেনা মনে হবে। বর্তমানে যেখানে নিগমানন্দ সারস্বত আশ্রম, ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের পাশাপাশি বেশ কটি দোকানপাট গড়ে উঠেছে আগে সেখানেই ছিল দেওয়ানজী পুকুর। পুকুরের মাঝখানে মঞ্চ তৈরি করে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করতেন হিন্দুসম্প্রদায়ের লোকজন। আয়োজন করা হতো নাটক ও যাত্রার। এমনকি দুর্গোৎসব ও প্রতিমা নিরঞ্জনও হতো ওই পুকুরে। এলাকার বাসিন্দা মো. আবদুল মান্নান জানান, পুকুরটি ভরাট না করার ব্যাপারে স্থানীয় কৃষ্ণগোপাল সেন অনেক চেষ্টা-তদবির করেছিলেন। কিন্তু বেশির ভাগ লোক তাঁর বিরোধিতা করেন। ফলে প্রায় ৮৪ শতক আয়তনের দেওয়ানজী পুকুরটি স্থানীয় লোকজনের কাছে এখন কেবল স্মৃতি হয়েই আছে। কমলদহ দীঘি: চকবাজার এলাকার কমলদহ দীঘির নামটিই কেবল আছে, দীঘির কোনো চিহ্ন বর্তমানে নেই। দীঘির জায়গায় শোভা পাচ্ছে উঁচু দালান, বাসাবাড়ি, পোশাক-কারখানা, সামাজিককেন্দ্র (কমিউনিটি সেন্টার) ও দোকানপাট। জানা যায়, মোগল আমলের শেষদিকে চট্টগ্রামের নবাব অলি বেগ খাঁর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এলাকার তৎকালীন বিত্তশালী ব্যক্তি শ্যাম রায় দীঘিটি খনন করান। এরপর পানিতে ভাসিয়ে দেন প্রচুর পদ্মফুল। এ জন্য এটি কমলদহ দীঘি নামে পরিচিত হয়ে ওঠে। দীঘির আয়তন ছিল ৫ দশমিক ৫০ একর (সাড়ে ১০ কানি)। এক সময় এই দীঘিতে মানুষ বিভিন্ন এলাকা থেকে মাছ ধরতে এবং আশপাশের অনেকে আসতেন অবসরে বিনোদনের জন্য। স্থানীয় লোকজন জানান, সত্তরের দশকের শুরু থেকে কিছু লোক দীঘির বিভিন্ন দিক দখলে নিয়ে ভরাট করার কাজ শুরু করেন। আশির দশকে দীঘিটি পুরোপুরি ভরাট করে ফেলা হয়। বর্তমানে ২৫ জনের বেশি লোক দীঘির মালিক দাবিদার রয়েছেন। রাজাপুকুর: আন্দরকিল্লার রাজাপুকুরের আয়তন ছিল তিন একর। সে অনেক আগের কথা। এখন পুকুরের কোনো চিহ্নই নেই। ১৯৯০ সালের দিকে পুকুরটি ভরাট করে গড়ে তোলা হয়েছে আবাসিক ভবন। রাজাপুকুর লেনের আড়ালে টিকে আছে এখনো সেই পরিচিত পুকুরটির নাম। পুকুরটি কমপক্ষে ১০০ বছরের পুরোনো বলে জানা যায়। পুকুরের উত্তর পাড়ে মোমিন সড়ক এলাকা। দক্ষিণ পাড়ে দয়াময়ী কলোনি, পশ্চিম পাড়ে ডিসি হিলের পাদদেশ ও পূর্ব পাড়ে রাজাপুকুর লেন এলাকা। স্থানীয় লোকজন জানান, আগে এই পুকুরে আশপাশের লোকজন গরমের দিনে স্নান করতে আসতেন। দুর্গাপূজার প্রতিমা বিসর্জনও দেওয়া হতো এখানে। সেই পুকুরের জায়গায় এখন দেখা যায় বহুতল ভবন, দোকানপাট ও নার্সারি।