এ বছর এসএসসি পরীক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে জারার আবদার হিবা। তার উল্লাস বোঝা যায় ‘কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা...’ কথাতেই। হিবা জানায়, ‘ভেবেছিলাম এসএসসি পরীক্ষার পর শুধু ঘুরে বেড়াব, কিন্তু তা হলো না। বাড়ির সবাই এখনো আমাকে ছোটই মনে করে। ঘরে বসে শুধু ভিডিও গেমস খেলে সময় কাটালাম। তবে এর মধ্যেই ভর্তি হয়েছি ইংলিশ স্পোকেন কোর্সে। এখন স্বপ্ন একটাই, ভালো কলেজে ভর্তি হওয়া।’মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরেক জিপিএ-৫ ধারী ছাত্র জুবায়ের হোসেন জানায়, এসএসসির পর তার পূরণ হওয়া সব আশার কথা। ‘বাংলাদেশের সব দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর ইচ্ছা পূরণ করতেই এসএসসির পর সিলেট ও কক্সবাজারে ঘুরে এসেছি। পরীক্ষার আগে কেবল পাঠ্যবই পড়েই দিন কাটত। তাই এসএসসির পর এ অবসর সময়কে কাজে লাগিয়ে বিভিন্ন গল্পের বই পড়েছি। এ ছাড়া সায়েন্স ফিকশন ও সাহিত্যের বইগুলো পড়েছি। আর খেলাধুলার প্রতি ছোটবেলা থেকেই একটা টান ছিল। পরীক্ষার পর অনেক টুর্নামেন্ট খেলেছি, যা পরীক্ষার আগে করতে পারিনি। এই ছুটিতে ইন্টারনেটে দিনের কয়েক ঘণ্টা তো ব্যয় করেছিই।’হিবা আর জুবায়ের দুজনের কাছেই প্রশ্ন রাখলাম, বাংলাদেশকে কেমন দেখতে চাও? জবাব দিল, এমন একটি দেশ দেখতে চাই, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক সংঘাত, একে অন্যের দোষ না দিয়ে নিজের দোষ স্বীকার করবে এবং রাজনৈতিক অঙ্গনে থাকবে যোগ্য শিক্ষিত লোকদের নেতৃত্ব।জুবায়ের জানায়, ‘আমার বড় আপু ফরাসি ভাষায় কথা বলতে পারে। ফরাসি ভাষা শেখে। আমারও ফরাসি ভাষা শেখার ইচ্ছে হলো, আর তাই এসএসসি পরীক্ষার পর ভর্তি হয়ে গেলাম আলিয়ঁস ফ্রঁসেজে টিনএজার কোর্সে।’অন্য ভাষা শেখার আগ্রহটা এ সময় কাজে লাগাচ্ছে বলে জানাল মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ ধারী শিক্ষার্থী আদিবা। ব্রিটিশ কাউন্সিলে নাকি অনেক বইয়ের সমারোহ, তাই ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরির সদস্য হবে বলে ভাবছে সে। ‘আপু বলেছিল, জিপিএ-৫ আমাকে ব্রিটিশ কাউন্সিলের সদস্য হতে দেবে, এখন রেজাল্টের পর এ আশা পূরণ করতে যাচ্ছি।’ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গোল্ডেন জিপিএ-৫ ধারী এক শিক্ষার্থী ফাবিহা বুশরা রাইসা। রাইসার শখ ছিল পরীক্ষার পর কেবল ঘুরে বেড়াবে, কিন্তু তা হয়নি। ‘কম্পিউটার কোর্সের জন্য ভর্তি হলাম অ্যাপটেকে। বাসায় গল্পের বই পড়া হতো অনেক। আর সারা দিন তো কম্পিউটারে গেমস খেলা আমার নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছে আমার অনেক দিনের।’পিরোজপুর জেলার কাউখালীর এসবি বালিকা উচ্চবিদ্যালয়ের আরেক শিক্ষার্থী শাকিলা ইয়াসমিন জানাল, ‘আমি ইংরেজি ভাষার একটা কোর্স করছি। সঙ্গে কম্পিউটারের বেসিক কিছু বিষয় জানতে কম্পিউটার কোর্স করার জন্যও ভর্তি হয়েছি।’এসএসসির পর ইংরেজি শেখা, বই পড়া আর কম্পিউটার শেখাকেই গুরুত্ব দিতে চায় অনেক শিক্ষার্থী। চলো জেনে নেওয়া যাক সেসব তথ্য। কম্পিউটার শেখাকম্পিউটার এখন নিত্যপ্রয়োজনীয় জিনিস। যারা জানো ভালো কথা, কিন্তু যাদের এখনো কম্পিউটার শেখা হয়ে ওঠেনি, তাদের উচিত এ অবসরে দ্রুতই এটা শিখে ফেলা। বন্ধু কিংবা বড় ভাই-বোনদের কাছ থেকেই কম্পিউটারের প্রাথমিক জ্ঞান নেওয়া ভালো। তবে যাদের সে সুযোগ নেই, তারা বাড়ির আশপাশের কোনো প্রতিষ্ঠান থেকেও কম্পিউটারের প্রয়োজনীয় শিক্ষা নিতে পারো। কম্পিউটার শিক্ষাবিষয়ক বইপত্রও এখন সহজলভ্য, সেগুলোও কাজে লাগানো যেতে পারে। বইপড়াবিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য হয়ে ভালো ভালো বই পড়া যেতে পারে। ঢাকার বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কেন্দ্রীয় কার্যালয়। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরেও বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি পরিচালিত হয়। ইংরেজি শেখাএসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলে দুই মাসব্যাপী জেনারেল ইংলিশের একটি কোর্সের অফার দেওয়া হয়েছে। এ কোর্সটি ইংরেজি বলতে, পড়তে, লিখতে ও গ্রামার ব্যবহার করতে সাহায্য করবে। ১০ জুন থেকে ৪ আগস্ট একটি কোর্স শুরু হবে। কোর্সটি করতে খরচ পড়বে ১১ হাজার ৫০০ টাকা এবং রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে ৫০০ টাকা। রেজিস্ট্রেশন করার সময়: ক) ৩ এবং ৬ জুন (দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত) (খ) ৭-৯ জুন (সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত)। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের ঠিকানা: www.britishcauncil.org/bangladesh.এ ছাড়া বিভিন্ন পত্রিকাও ইংরেজি শেখার বিভিন্ন টিপস প্রকাশ করে, সেগুলোও চর্চা করা যেতে পারে।