টানা এক সপ্তাহের শিক্ষাসফর। গন্তব্য বান্দরবান, কক্সবাজার ও সেন্ট মার্টিন।১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা গিয়েছিলেন এই সফরে। ২০ জন শিক্ষার্থীর সঙ্গে ছিলেন ফার্মেসি বিভাগের কোর্স সমন্বয়কারী মাসুদ রানা সরকার ও শিক্ষক রাকিব উদ্দিন।শিক্ষা সফরের প্রথম দুই দিন ছিল বান্দরবান ঘুরে দেখা। এখানকার নীলগিরি, নীলাচল, স্বর্ণমন্দির, মেঘলা, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়সহ মনোরম সব দর্শনীয় স্থান ঘুরে দেখেন শিক্ষার্থীরা। এরপর কক্সবাজার ও সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগে যান তাঁরা।এ সফর সম্পর্কে ১৫তম ব্যাচের শিক্ষার্থী নাঈম সরকার বলেন, ‘আমার বন্ধু ও শিক্ষকদের সঙ্গে শিক্ষাজীবনের সবচেয়ে ভালো সময় এ সফরে কাটিয়েছি।’সফরের শুরুতেই ছিল ঢাকা-চট্টগ্রাম রোমাঞ্চকর রেলভ্রমণ। এরপর বান্দরবানের পথে পাহাড়ি রাস্তায় বাস ও ‘চান্দের গাড়ি’ ভ্রমণ উপভোগ করেন শিক্ষার্থীরা। তা ছাড়া ছিল ছেঁড়াদ্বীপের অপরূপ সৌন্দর্য আর পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে উত্তাল সমুদ্রদর্শন। ওখানে যেন হারিয়ে যাওয়ার নেই মানা।