আনোয়ারার পরৈকোড়ায় প্রভাবশালী জমিদার রায়বাহাদুর যোগেশচন্দ্রের স্মৃতিধন্য জমিদার বাড়িটি এখন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। নান্দনিক ফটক, সুবিশাল দিঘি, সুউচ্চ চূড়াসহ মন্দির, দীর্ঘদিন ধরে মাথা উঁচু করে দাঁঁড়িয়ে থাকলেও এখন তলিয়ে যাচ্ছে কালের গহ্বরে। ১৮৫০ সালের দিকে তখনকার প্রবল প্রতাপশালী জমিদার বৈদ্যনাথ দেওয়ানের আমল থেকে বাড়িটির বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু হয় বলে গবেষকেরা জানিয়েছেন। যোগেশচন্দ্র বৈদ্যনাথ দেওয়ানের উত্তরসূরি। অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান তাঁর এক লেখায় জমিদার যোগেশবাবু সম্পর্কে লিখেন, ‘যোগেশবাবুর বাড়ির উত্তর দিকে এখনো রয়েছে দুটি সুউচ্চ নহবৎখানা। এখানে বাজত “সানাই”, স্বর্ণের তৈরি ছিল “দশপূজা”। দুর্গাপূজার নবমীর দিনে মহিষ বলি দেওয়া হতো। বৎসরের ১২ মাসে যেন ৩৬ রকমের উৎসব। কালিগঞ্জের ঘাটে প্রজারা দূরদূরান্ত হইতে “সাম্পান বোঝাই করিয়া নিয়া আসিত”। বাৎসরিক খাজনার সঙ্গে “নানা উপহার”।’তিনি জানান, সীমাহীন প্রজা-বাৎসল্য, দানশীলতা, শিক্ষানুরাগ, সৃজনশীলতা ছিল জমিদার যোগেশচন্দ্র রায়ের বৈশিষ্ট্য। তাই ব্রিটিশ সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ খেতাব দেয়। তিনি মারা যান বাংলা ১৩৫০ সনের ১৫ মাঘ। এরপর তাঁর তিন ছেলে পূর্ণেন্দু বিকাশ রায়, সুখেন্দু বিকাশ রায় ও অমলেন্দু বিকাশ রায় জমিদারির হাল ধরলেও ধীরে ধীরে জমিদারি জৌলুশ হারাতে থাকে। ধ্বংসের হাত থেকে একটি ভবন, অন্যান্য স্থাপনা ও বিরাট সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে বাঁচাতে রায়বাবুর পরিবারের সদস্যরা এলাকার সুধীজনদের নিয়ে ধ্বংসপ্রায় ভবনে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুললেও সুষ্ঠু তদারকির অভাবে ঢাকা পড়ে যাচ্ছে কালের এ সাক্ষী।সম্প্রতি পরৈকোড়া গ্রামে জমিদার রায়বাহাদুর যোগেশচন্দ্রের ভিটায় দেখা গেছে, জমিদার বাড়ির প্রায় সব ভবন ধ্বংস হয়ে গেছে। টিকে আছে একটি মাত্র ভবন। সে ভবনেই খোলা হয়েছে একটি কলেজ।স্থানীয় অধিবাসীরা জানান, জমিদারের উত্তরসূরি আমেরিকায় বসবাসরত অণুজীব বিজ্ঞানী অধ্যাপক ড. অনিমেষ রায় আরও কয়েকজন গুনীজনকে নিয়ে ১৯৮৮ সালে গঠন করেন যোগেশচন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট। সে ট্রাস্টই ২০০২ সালে প্রতিষ্ঠা করে যোগেশচন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। সে কলেজে এখন শিক্ষা কার্যক্রমও চলছে। পরৈকোড়ার বাসিন্দা ও কলেজের হিসাবরক্ষক মো. ফরিদ (মনি) জানান, একটি ধ্বংসপ্রায় ভবনকে মেরামত করে কলেজের কাজ চালানো হচ্ছে।কলেজের ভবনটির ভেতরে গিয়ে চোখে পড়ে অসাধারণ সব কারুকাজ। কিছু কিছু চুন-সুরকি খসে পড়লেও ছাদের বড় বড় লোহার পাটাতন দেখেই বোঝা যায় হারানো দিনের জৌলুশ। কয়েকটি ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। জমিদারবাড়িতে এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য সাতটি তোরণ ছিল। এখন টিকে আছে দুটি। তিনটি মন্দিরের ধ্বংসাবশেষও চোখে পড়ে। একটিতে এখনো কালীপূজা চলে। এখনো জমিদারি আমলের কয়েকটি বড় পুকুর আছে পুরো ভিটেজুড়ে। নয় একর এলাকার ভিটায় এখনো অনেক ভবনের ধ্বংসাবশেষ আছে। আছে বড় গাছগাছালি। উত্তর পাশে সুউচ্চ গম্বুজসম্পন্ন মন্দিরের নিদর্শন আকৃষ্ট করে পর্যটকদের। জমিদার সেখানে বসে জ্যোৎস্না দেখতেন—এমন কথা চালু আছে এলাকায়। স্থানীয় বাসিন্দা বিকাশ দস্তিদার বলেন, চোখের সামনেই হারিয়ে যাচ্ছে জমিদারি নিদর্শন। কিন্তু আমাদের তো করার কিছুই নেই।