হারিয়ে যাচ্ছে গণকবর ও যুদ্ধের স্মৃতিচিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামসহ সারা দেশের বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিও গঠিত হয়। ওই কমিটি এলাকাভিত্তিক বধ্যভূমি, সম্মুখযুদ্ধের স্থান এবং আশ্রয়কেন্দ্রের তালিকা তৈরি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু নানা কারণে থমকে আছে এ উদ্যোগচট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে অ্যাপোলো ফার্মেসির পেছনের বধ্যভূমিতে প্রায় ১৫০ জনকে গণকবর দেওয়া হয় মুক্তিযুদ্ধের সময়। ওই জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। বর্তমানে সেখানে গড়ে উঠছে বহুতল ভবন। লালখানবাজার ও চকবাজার এলাকার দুটি গণকবরে গড়ে উঠেছে বাণিজ্যিক ও আবাসিক ভবন।একাত্তরের গণকবর কিংবা সম্মুখযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো এভাবে একে একে হারিয়ে যাচ্ছে। নগরসহ চট্টগ্রাম জেলার চিহ্নিত বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের সম্মুখযুদ্ধের স্মৃতিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের তিন বছরেও অগ্রগতি নেই। প্রকল্পের জন্য স্থান নির্ধারণ ও তালিকা তৈরিতে মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় কমান্ড ও জেলা কমান্ডের কাজের সমন্বয়হীনতা, অস্পষ্টতা, চিহ্নিত জায়গার মালিকানা নিয়ে জটিলতা এবং অর্থাভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগ ও মুক্তিযোদ্ধা সংসদের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে অনেকের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক গাজী সালেহউদ্দিন বলেন, ‘বধ্যভূমি ও যুদ্ধের স্মৃতিজড়িত স্থানগুলো সংরক্ষণ বা স্মৃতিস্তম্ভ নির্মাণের বিষয়টি কথার কথা রয়ে গেছে। সব জায়গায় দেখছি সমন্বয়হীনতা ও দায়সারা ভাব।’যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চট্টগ্রামসহ সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনী সৃষ্ট বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের স্থানগুলো সংরক্ষণ ও এতে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে ২০১০ সালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় কমিটির সদস্যরা এলাকাভিত্তিক বধ্যভূমি, সম্মুখযুদ্ধ এবং আশ্রয়কেন্দ্রের তালিকা তৈরি করে। তালিকার কপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়েও পাঠানো হয়। জানা যায়, নগরসহ জেলায় গত বছর পর্যন্ত ৬০টির বেশি বধ্যভূমি ও ১০৯টি সম্মুখযুদ্ধের স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আগ্রাবাদ সার্কেলে (ডবলমুরিং, বন্দর, পাহাড়তলি, হালিশহর ও পতেঙ্গা এলাকা) ৩০টি, সদর (কোতোয়ালি) সার্কেলে ২১টি এবং চান্দগাঁও সার্কেলে ১২টি বধ্যভূমি রয়েছে। এ ছাড়া, ফটিকছড়িতে আটটি, আনোয়ারায় সাতটি, সাতকানিয়া ও মিরসরাইয়ে পাঁচটি করে, বোয়ালখালীতে চারটি, রাউজানে তিনটি, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও সীতাকুণ্ডে দুটি করে এবং পটিয়া, হাটহাজারী, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলিতে (খুলশি) একটি করে বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে। সম্মুখযুদ্ধের স্থান রয়েছে আগ্রাবাদ সার্কেলে ৩০টি, সদর সার্কেলে ২৪টি, মিরসরাইয়ে ১৩টি, ফটিকছড়ি ও সীতাকুণ্ডে সাতটি করে, আনোয়ারা ও চান্দগাঁওয়ে ছয়টি করে, বোয়ালখালী ও পটিয়ায় পাঁচটি করে, চন্দনাইশে চারটি এবং সাতকানিয়া একটি।তালিকা পর্যালোচনা করে দেখা যায়, চিহ্নিত স্থানের অন্তত তিন ভাগের এক ভাগই ব্যক্তিমালিকানাধীন। বাকি স্থানগুলোর মালিক বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও স্কুল-কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া চিহ্নিত স্থানের তালিকা ত্রুটিপূর্ণ। তালিকায় অনেক জায়গার দাগ, মৌজা, মালিকানা ও অবস্থান উল্লেখ নেই। মুক্তিযোদ্ধা সংসদ ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যক্তিমালিকানাধীন অনেক স্মৃতিস্থানের ওপর ইতিমধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িসহ নানা স্থাপনা তৈরি হয়েছে। খালি জায়গাগুলোতে স্মৃতিস্তম্ভ করতে হলে তা সংশ্লিষ্ট জায়গার মালিককে বুঝিয়ে-শুনিয়ে দখল নিতে হবে। তবে বর্তমানে চাহিদা ও উচ্চমূল্যের কারণে কেউ জায়গা ছাড়তে রাজি নন। অন্যদিকে হুকুমদখলের ক্ষেত্রে রয়েছে মামলার ঝুঁকি। সরকারি বিভিন্ন বিভাগের মালিকানাধীন জায়গাগুলোতে স্মৃতিস্তম্ভ তৈরি করার ক্ষেত্রেও রয়েছে নানা রকম আইনি জটিলতা। এসব জটিলতা কাটিয়ে স্মৃতিস্তম্ভ করা দীর্ঘ সময়ের ব্যাপার। চিহ্নিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরির দায়িত্বে রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। জানতে চাইলে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সজল বিশ্বাস এসব জটিলতার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বিভাগের অধীনে বাঁশখালী উপজেলার গুণাগরি ও বাণীগ্রামে একটি করে স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিন্তু জায়গা না পাওয়ায় সেখানে কাজ করা যাচ্ছে না। মুক্তিযোদ্ধা সংসদ বা সংশ্লিষ্ট পক্ষগুলো জায়গার মালিককে বুঝিয়ে জায়গার ব্যবস্থা করতে পারলে আমরা কাজ শুরু করব।’ গণপূর্ত বিভাগ-২ সূত্র জানায়, এ বিভাগের অধীনে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, হাটহাজারী, আনোয়ারা ও রাউজানের মোট ১৩টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা থাকলেও একটির কাজও শুরু হয়নি। জানা যায়, এ পর্যন্ত সরকারিভাবে কালুরঘাটের মোহরা এবং সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সম্মুখযুদ্ধের স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ কিছুটা এগিয়েছে। নগরের সবচেয়ে বড় বধ্যভূমি ফয়’স লেক বধ্যভূমিতে যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, তা নিয়ে এখনো চলছে আইনি লড়াই। এ ছাড়া বেসরকারি উদ্যোগে হালিশহরের মধ্যম নাথপাড়া, পটিয়ার গৈড়লার টেক, চন্দনাইশের জামিজুরি, সাতবাড়িয়াসহ কয়েকটি স্থানে বেসরকারি উদ্যোগে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।